দ্বিতীয় বিবরণ 14
14
শুচি ও অশুচি খাবার
1“তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সন্তান। সেইজন্য মৃত লোকদের জন্য শোক প্রকাশ করতে গিয়ে দেহের কোন জায়গায় তোমাদের ক্ষত করা চলবে না, কিম্বা মাথার সামনের চুল কামানো চলবে না। 2তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে একটা আলাদা করা জাতি। পৃথিবীর সমস্ত জাতিগুলোর মধ্য থেকে সদাপ্রভু তোমাদের বেছে নিয়েছেন যাতে তোমরা তাঁর নিজের বিশেষ সম্পত্তি হও।
3“তোমরা কোন ঘৃণার জিনিস খাবে না। 4যে সব পশুর মাংস তোমরা খেতে পারবে সেগুলো হল গরু, ভেড়া, ছাগল, 5হরিণ, কৃষ্ণসার, চিতি-হরিণ, বুনো ছাগল, পিছন-সাদা হরিণ, সাদা হরিণ এবং পাহাড়ী ভেড়া। 6যে সব পশুর খুর পুরোপুরি দুই ভাগে চেরা এবং যারা জাবর কাটে সেই সব পশুর মাংস তোমরা খেতে পারবে। 7কিন্তু মাত্র জাবর কাটা কিম্বা শুধু খুর চেরা পশুর মাংস তোমরা খাবে না। তোমরা উট, খরগোস ও শাফন খাবে না, কারণ সেগুলো জাবর কাটলেও তাদের খুর চেরা নয়। তাই সেগুলো তোমাদের পক্ষে অশুচি। 8শূকরও অশুচি; খুর চেরা হলেও সে জাবর কাটে না। তোমরা এগুলোর মাংস খাবে না কিম্বা তাদের মৃতদেহও ছোঁবে না।
9“জলে বাস করা প্রাণীদের মধ্যে যেগুলোর ডানা ও আঁশ আছে সেগুলো তোমরা খেতে পারবে, 10কিন্তু যেগুলোর ডানা ও আঁশ নেই সেগুলো তোমরা খেতে পারবে না। তোমাদের পক্ষে সেগুলো অশুচি।
11-18“যে কোন শুচি পাখী তোমরা খেতে পার; কিন্তু ঈগল, শকুন ও কালো শকুন, শিকারী-বাজ এবং যে কোন রকমের চিল, যে কোন রকমের কাক, উটপাখী, লক্ষ্মীপেঁচা, গাংচিল, যে কোন রকমের বাজ পাখী, কাল্পেঁচা, হুতুম পেঁচা, সাদা পেঁচা, মরু-পেঁচা, সিন্দুবাজ, হাড়গিলা, সারস, যে কোন রকমের বক, হুপ্পু পাখী এবং বাদুড় তোমরা খেতে পারবে না।
19“ঝাঁক বেঁধে উড়ে বেড়ায় এমন সব পোকা তোমাদের পক্ষে অশুচি। সেগুলো তোমরা খাবে না; 20কিন্তু যে সব প্রাণীর ডানা আছে এবং শুচি সেগুলো তোমরা খেতে পারবে।
21“মরে পড়ে থাকা কোন প্রাণী তোমরা খাবে না, কারণ তোমরা তোমাদের সদাপ্রভুর উদ্দেশ্যে একটা আলাদা করা জাতি। তোমাদের গ্রাম বা শহরে বাস করা অন্য জাতির কোন লোককে তোমরা সেটা দিয়ে দিতে পারবে এবং সে তা খেতে পারবে, কিম্বা তোমরা কোন বিদেশীর কাছে সেটা বিক্রি করে দিতে পারবে।
“ছাগলের বাচ্চার মাংস তার মায়ের দুধে রান্না করবে না।
দশমাংশ
22“প্রত্যেক বছর তোমাদের জমিতে যে সব ফসল হবে তার দশ ভাগের এক ভাগ তোমরা অবশ্যই আলাদা করে রাখবে। 23তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে যাতে তোমরা ভক্তি করতে শেখ সেইজন্য তোমাদের শস্য, নতুন আংগুর-রস ও তেলের দশ ভাগের এক ভাগ এবং তোমাদের পালের গরু-ভেড়া-ছাগলের প্রথম বাচ্চার মাংস তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে তোমাদের এমন জায়গায় খেতে হবে যে জায়গাটা তিনি নিজেকে প্রকাশ করবার জন্য তাঁর বাসস্থান হিসাবে বেছে নেবেন। 24কিন্তু যদি সেই জায়গা খুব দূরে হয় এবং তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের এত আশীর্বাদ করে থাকেন যে, সেই দশ ভাগের এক ভাগ সদাপ্রভুর সেই জায়গা অনেক দূর বলে তোমাদের পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, 25তবে তা বিক্রি করে সেই টাকা নিয়ে তোমরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেই বেছে নেওয়া জায়গায় যাবে। 26সেই টাকা দিয়ে তোমরা তোমাদের খুশীমত জিনিস কিনবে, যেমন গরু-ছাগল-ভেড়া, আংগুর-রস, অন্য কোন মদ কিম্বা তোমাদের খুশীমত আর কিছু। তারপর তোমরা তোমাদের পরিবার নিয়ে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সামনে খাওয়া-দাওয়া করে আনন্দ করবে। 27যে লেবীয়েরা তোমাদের গ্রাম বা শহরে বাস করে তাদের কথা তোমরা ভুলে যেয়ো না, কারণ নিজেদের বলতে তাদের কোন জায়গা-জমি বা সম্পত্তি নেই।
28“প্রত্যেক তৃতীয় বছরের শেষে তোমাদের সেই বছরের ফসলের দশ ভাগের এক ভাগ শহরে নিয়ে এসে তোমরা জমা করবে। 29এতে লেবীয়েরা, যাদের নিজেদের বলতে কোন জায়গা-জমি বা সম্পত্তি নেই এবং সেখানকার বিদেশী বাসিন্দারা, বিধবারা আর অনাথ ছেলেমেয়েরা প্রাণ ভরে খেতে পাবে। এতে তোমাদের সব কাজে তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের আশীর্বাদ করবেন।
اکنون انتخاب شده:
দ্বিতীয় বিবরণ 14: SBCL
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
© The Bangladesh Bible Society, 2000