২ রাজাবলি 16
16
যিহূদার রাজা আহস
1রমলিয়ের ছেলে পেকহের রাজত্বের সতেরো বছরের সময় যিহূদার রাজা যোথমের ছেলে আহস রাজত্ব করতে শুরু করলেন। 2তিনি বিশ বছর বয়সে রাজা হলেন এবং ষোল বছর যিরূশালেমে রাজত্ব করেছিলেন। তাঁর পূর্বপুরুষ দায়ূদ যেমন সদাপ্রভুর চোখে যা ভাল তা করতেন আহস তেমন করতেন না। 3তিনি ইস্রায়েলের রাজাদের মতই চলতেন; এমন কি, সদাপ্রভু যে সব জাতিকে ইস্রায়েলীয়দের সামনে থেকে দূর করে দিয়েছিলেন তাদের জঘন্য কাজের মতই তিনিও তাঁর ছেলেকে আগুনে পুড়িয়ে উৎসর্গ করলেন। 4তিনি পূজার উঁচু স্থানগুলোতে, পাহাড়ের উপরে ও প্রত্যেকটি ডালপালা ছড়ানো সবুজ গাছের নীচে পশু উৎসর্গ করতেন ও ধূপ জ্বালাতেন।
5অরামের রাজা রৎসীন ও রমলিয়ের ছেলে ইস্রায়েলের রাজা পেকহ যিরূশালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে আহস সুদ্ধ শহরটা ঘেরাও করলেন, কিন্তু আহসকে হারিয়ে দিতে পারলেন না। 6এই সময় অরামের রাজা রৎসীন এলৎ শহর থেকে যিহূদার লোকদের তাড়িয়ে দিয়ে সেটা আবার অরামের অধীনে নিয়ে আসলেন। তারপর ইদোমীয়েরা এলতে গিয়ে বাস করতে শুরু করল। এখনও তারা সেখানেই বাস করছে।
7পরে আহস আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষরের কাছে এই কথা বলতে লোক পাঠিয়ে দিলেন, “আমি আপনার দাস ও আপনার পুত্র। আপনি এসে অরামের রাজা ও ইস্রায়েলের রাজার হাত থেকে আমাকে রক্ষা করুন। তারা আমাকে আক্রমণ করেছে।” 8আহস সদাপ্রভুর ঘর ও রাজবাড়ীর ভাণ্ডার থেকে সোনা ও রূপা নিয়ে উপহার হিসাবে আসিরিয়ার রাজার কাছে পাঠিয়ে দিলেন। 9আসিরিয়ার রাজা রাজী হয়ে দামেস্ক আক্রমণ করে তা দখল করে নিলেন। তিনি সেখানকার লোকদের বন্দী করে কীরে নিয়ে গেলেন এবং রৎসীনকে মেরে ফেললেন।
10তখন রাজা আহস দামেস্কে আসিরিয়ার রাজা তিগ্লৎ-পিলেষরের সংগে দেখা করতে গেলেন। তিনি সেখানকার বেদীটা দেখে তাঁর নকশা ও সেটা তৈরী করবার পুরো পরিকল্পনা পুরোহিত ঊরিয়ের কাছে পাঠিয়ে দিলেন। 11দামেস্ক থেকে রাজা আহসের পাঠানো সমস্ত পরিকল্পনা মতই পুরোহিত ঊরিয় একটা বেদী তৈরী করলেন এবং রাজা আহস ফিরে আসবার আগেই তা শেষ করলেন। 12দামেস্ক থেকে ফিরে এসে রাজা সেই বেদীটা দেখলেন এবং সেই বেদীর কাছে গিয়ে তার উপর উৎসর্গ করলেন। 13তিনি সেখানে তাঁর পোড়ানো-উৎসর্গ, শস্য-উৎসর্গ ও ঢালন-উৎসর্গের অনুষ্ঠান করলেন এবং তাঁর যোগাযোগ-উৎসর্গের রক্তও ছিটিয়ে দিলেন। 14তিনি সদাপ্রভুর সামনে রাখা ব্রোঞ্জের বেদীটা সদাপ্রভুর ঘর ও নতুন বেদীর মাঝখান থেকে সরিয়ে এনে নতুন বেদীর উত্তর দিকে রাখলেন।
15রাজা আহস তারপর পুরোহিত ঊরিয়কে এই সব আদেশ দিলেন, “ঐ বড় বেদীটার উপর সকালবেলার পোড়ানো-উৎসর্গ ও বিকালবেলার শস্য-উৎসর্গের অনুষ্ঠান করবেন। এছাড়া তার উপর রাজার পোড়ানো-উৎসর্গ ও শস্য-উৎসর্গ এবং দেশের সব লোকদের পোড়ানো-উৎসর্গ ও তাদের শস্য-উৎসর্গ আর ঢালন-উৎসর্গের অনুষ্ঠান করবেন। সমস্ত পোড়ানো-উৎসর্গ ও অন্যান্য পশু-উৎসর্গের রক্ত আপনি সেই বেদীর উপর ছিটিয়ে দেবেন। কিন্তু ঈশ্বরের নির্দেশ পাওয়ার জন্য আমি ঐ ব্রোঞ্জের বেদীটা ব্যবহার করব।” 16পুরোহিত ঊরিয় রাজা আহসের আদেশ মতই সব কাজ করলেন।
17রাজা আহস গামলা বসাবার ব্রোঞ্জের আসনগুলোর পাশের সব পাত খুলে ফেললেন এবং সেখান থেকে গামলাগুলো সরিয়ে ফেললেন। ব্রোঞ্জের গরুগুলোর উপর যে বিরাট পাত্রটা বসানো ছিল সেটা তিনি সরিয়ে নিয়ে একটা পাথরের ভিত্তির উপরে বসালেন। 18সদাপ্রভুর ঘরে বিশ্রামবারের উদ্দেশে যে চাঁদোয়া তৈরী করা হয়েছিল আসিরিয়ার রাজার ভয়ে আহস সেটা খুলে সরিয়ে রাখলেন এবং সদাপ্রভুর ঘরের বাইরের দিকে রাজার ঢুকবার জন্য যে বিশেষ পথ তৈরী করা হয়েছিল তাও সরিয়ে রাখলেন।
19আহসের অন্যান্য সমস্ত কাজের কথা “যিহূদার রাজাদের ইতিহাস” নামে বইটিতে লেখা আছে। 20পরে আহস তাঁর পূর্বপুরুষদের কাছে চলে গেলেন এবং দায়ূদ-শহরে তাঁর পূর্বপুরুষদের সংগে তাঁকে কবর দেওয়া হল। তাঁর জায়গায় তাঁর ছেলে হিষ্কিয় রাজা হলেন।
اکنون انتخاب شده:
২ রাজাবলি 16: SBCL
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
© The Bangladesh Bible Society, 2000