১ রাজাবলি 5
5
উপাসনা-ঘর তৈরীর প্রস্তুতি
1সোরের রাজা হীরম যখন শুনলেন যে, শলোমনকে তাঁর বাবার জায়গায় রাজপদে অভিষেক করা হয়েছে তখন তাঁর লোকদের তিনি শলোমনের কাছে পাঠালেন, কারণ দায়ূদের সংগে তাঁর সব সময়ই বন্ধুত্বের সমপর্ক ছিল। 2শলোমন হীরমকে বলে পাঠালেন, 3“আমার বাবা দায়ূদের বিরুদ্ধে চারদিক থেকে যুদ্ধ হয়েছিল, তাই যতদিন সদাপ্রভু তাঁর শত্রুদের তাঁর পায়ের তলায় না আনলেন ততদিন তিনি তাঁর ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে কোন উপাসনা-ঘর তৈরী করতে পারেন নি। আপনি তো এই সব কথা জানেন। 4কিন্তু এখন আমার ঈশ্বর সদাপ্রভু সব দিক থেকেই আমাকে শান্তি দিয়েছেন। এখন আমার কোন শত্রু নেই এবং কোন দুর্ঘটনাও ঘটে নি। 5সেইজন্য আমি আমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে একটা উপাসনা-ঘর তৈরী করতে চাই। সদাপ্রভু আমার বাবা দায়ূদকে বলেছিলেন, ‘তোমার যে ছেলেকে আমি সিংহাসনে তোমার জায়গায় বসাব সে-ই আমার উদ্দেশে উপাসনা-ঘর তৈরী করবে।’
6“কাজেই আপনি হুকুম করুন যাতে আমার জন্য লেবানন দেশের এরস গাছ কাটা হয়। অবশ্য আমার লোকেরা আপনার লোকদের সংগে থাকবে এবং আপনি যে মজুরি ঠিক করে দেবেন আমি সেই মজুরিই আপনার লোকদের দেব। আপনার তো জানা আছে যে, গাছ কাটবার কাজে সীদোনীয়দের মত পাকা লোক আমাদের মধ্যে কেউ নেই।”
7শলোমনের কাছ থেকে এই খবর পেয়ে হীরম খুব খুশী হয়ে বললেন, “আজ সদাপ্রভুর গৌরব হোক, কারণ এই মহান জাতির উপরে রাজত্ব করবার জন্য দায়ূদকে তিনি এমন একটি জ্ঞানী ছেলে দান করেছেন।”
8হীরম শলোমনকে এই খবর পাঠালেন, “আপনার পাঠানো খবর আমি পেয়েছি। এরস ও বেরস কাঠের ব্যাপারে আপনার সব ইচ্ছাই আমি পূর্ণ করব। 9আমার লোকেরা সেগুলো লেবানন থেকে নামিয়ে সমুদ্রে আনবে। তারপর তারা সেগুলো দিয়ে ভেলা তৈরী করে সমুদ্রে ভাসিয়ে আপনার নির্দিষ্ট করা জায়গায় নিয়ে যাবে। সেখানে তারা সেগুলো খুলে ফেলবে আর তখন আপনি সেগুলো নিয়ে যেতে পারবেন। আমি চাই যেন আপনি আমার রাজবাড়ীর লোকদের জন্য খাবারের যোগান দেন।”
10এইভাবে হীরম শলোমনের চাহিদামত সমস্ত এরস ও বেরস কাঠ দিতে লাগলেন, 11আর শলোমন হীরমকে তাঁর রাজবাড়ীর লোকদের খাবারের জন্য তিন হাজার ছ’শো টন গম ও চার হাজার আটশো লিটার জলপাইয়ের খাঁটি তেল দিলেন। শলোমন এইভাবে বছরের পর বছর তা দিতে থাকলেন। 12সদাপ্রভু তাঁর প্রতিজ্ঞা অনুসারে শলোমনকে জ্ঞান দিলেন। হীরম ও শলোমনের মধ্যে শান্তির সম্বন্ধ ছিল এবং তাঁরা দু’জনে একটা চুক্তি করলেন।
13রাজা শলোমন সমস্ত ইস্রায়েল থেকে ত্রিশ হাজার লোককে কাজ করতে বাধ্য করলেন। 14প্রতি মাসে পালা পালা করে তাদের মধ্য থেকে তিনি দশ হাজার লোককে লেবাননে পাঠাতেন। তারা একমাস লেবাননে থাকত আর দু’মাস থাকত নিজের বাড়ীতে। তাদের এই কাজের দেখাশোনার ভার ছিল অদোনীরামের উপর। 15শলোমনের অধীনে ছিল সত্তর হাজার ভারবহনকারী লোক ও পাহাড়ে পাথর কাটবার জন্য আশি হাজার লোক। 16তাদের কাজের দেখাশোনা করবার জন্য তিন হাজার তিনশো কর্মচারী ছিল। 17উপাসনা-ঘরের ভিত্তি গাঁথবার জন্য তারা রাজার আদেশে খাদ থেকে বড় বড় দামী পাথর কেটে তুলে আনত। 18শলোমন ও হীরমের মিস্ত্রিরা ও গিব্লীয়েরা সেই পাথরগুলো সুন্দর করে কেটে উপাসনা-ঘরটি তৈরী করবার জন্য কাঠ ও পাথর প্রস্তুত করত।
اکنون انتخاب شده:
১ রাজাবলি 5: SBCL
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
© The Bangladesh Bible Society, 2000