১ বংশাবলি 15
15
সাক্ষ্য-সিন্দুক যিরূশালেমে
1দায়ূদ-শহরে নিজের জন্য ঘর-বাড়ী তৈরী করবার পর দায়ূদ ঈশ্বরের সিন্দুকের জন্য একটা জায়গা প্রস্তুত করে সেখানে একটা তাম্বু খাটালেন। 2তারপর তিনি বললেন, “ঈশ্বরের সিন্দুক লেবীয়েরা ছাড়া আর কেউ বহন করবে না, কারণ সদাপ্রভুর সিন্দুক বহন করবার জন্য এবং চিরকাল তাঁর সেবা করবার জন্য সদাপ্রভু তাদেরই বেছে নিয়েছেন।”
3সদাপ্রভুর সিন্দুকের জন্য দায়ূদ যে জায়গা প্রস্তুত করেছিলেন সেখানে সিন্দুকটি আনবার জন্য তিনি সমস্ত ইস্রায়েলীয়দের এক জায়গায় জড়ো করলেন। 4তিনি হারোণের বংশের যে লোকদের ও যে লেবীয়দের ডেকে জড়ো করলেন তাঁরা হলেন: 5কহাতের বংশের লোকদের মধ্য থেকে নেতা ঊরীয়েল এবং আরও একশো বিশজন লোক; 6মরারির বংশের লোকদের মধ্য থেকে নেতা অসায় এবং আরও দু’শো বিশজন লোক; 7গের্শোনের বংশের লোকদের মধ্য থেকে নেতা যোয়েল এবং আরও একশো ত্রিশজন লোক; 8ইলীষাফণের বংশের লোকদের মধ্য থেকে নেতা শময়িয় এবং আরও দু’শো জন লোক; 9হিব্রোণের বংশের লোকদের মধ্য থেকে নেতা ইলীয়েল এবং আরও আশিজন লোক; 10উষীয়েলের বংশের লোকদের মধ্য থেকে নেতা অম্মীনাদব এবং আরও একশো বারোজন লোক।
11তারপর দায়ূদ পুরোহিত সাদোক ও অবিয়াথরকে এবং লেবীয় ঊরীয়েল, অসায়, যোয়েল, শময়িয়, ইলীয়েল ও অম্মীনাদবকে ডেকে পাঠালেন। 12তিনি তাঁদের বললেন, “আপনারা হলেন লেবি-গোষ্ঠীর বিভিন্ন বংশের নেতা; আপনারা ও আপনাদের সংগী লেবীয়েরা ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের আলাদা করে নেবেন, যাতে যে জায়গা আমি প্রস্তুত করে রেখেছি সেই জায়গায় আপনারা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি এনে রাখতে পারেন। 13প্রথমবার আপনারা সেটি আনেন নি বলে আমাদের উপর আমাদের ঈশ্বর সদাপ্রভু ক্রোধে জ্বলে উঠেছিলেন। তাঁর আদেশ অনুসারে কিভাবে সেটি আনতে হবে আমরা তাঁর কাছে তা জানতে চাই নি।”
14এতে পুরোহিতেরা ও লেবীয়েরা ঈশ্বরের উদ্দেশ্যে নিজেদের আলাদা করে নিলেন যাতে তাঁরা ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর সিন্দুকটি নিয়ে আসতে পারেন। 15সদাপ্রভুর নির্দেশ মত মোশির আদেশ অনুসারে লেবীয়েরা ঈশ্বরের সিন্দুকটি বহন করবার ডাণ্ডা কাঁধের উপর নিয়ে সেটি নিয়ে আসলেন।
16দায়ূদ লেবীয়দের নেতাদের বললেন যে, তারা যেন বাদ্যযন্ত্র, অর্থাৎ বীণা, সুরবাহার ও করতাল বাজিয়ে আনন্দের গান গাইবার জন্য তাঁদের গায়ক ভাইদের নিযুক্ত করেন। 17কাজেই লেবীয়েরা যোয়েলের ছেলে হেমনকে ও তাঁর বংশের লোকদের মধ্য থেকে বেরিখিয়ের ছেলে আসফকে এবং তাঁদের গোষ্ঠী-ভাই মরারীয়দের মধ্য থেকে কূশায়ার ছেলে এথনকে নিযুক্ত করলেন। 18তাঁদের সংগে নিযুক্ত করা হল তাঁদের বংশের দ্বিতীয় শ্রেণীর পুরোহিতদের। তারা হল সখরিয়, বেন, যাসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, বনায়, মাসেয়, মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্নেয় এবং ওবেদ-ইদোম ও যিয়ীয়েল নামে দরজার দু’জন পাহারাদার।
19ব্রোঞ্জের করতাল বাজাবার ভার পড়ল গায়ক হেমন, আসফ ও এথনের উপর। 20উঁচু সুরে বীণা বাজাবার ভার পড়ল সখরিয়, অসীয়েল, শমীরামোৎ, যিহীয়েল, উন্নি, ইলীয়াব, মাসেয় ও বনায়ের উপর। 21নীচু সুরে সুরবাহার বাজাবার ভার পড়ল মত্তিথিয়, ইলীফলেহূ, মিক্নেয়, ওবেদ-ইদোম, যিয়ীয়েল ও অসসিয়ের উপর। 22গান পরিচালনার ভার পড়ল লেবীয় নেতা কননিয়ের উপর। তিনি গানের ওস্তাদ ছিলেন বলে তাঁর উপর সেই দায়িত্ব পড়েছিল।
23-24সিন্দুকটি পাহারা দেবার ভার পড়ল বেরিখিয়, ইল্কানা, ওবেদ-ইদোম ও যিহিয়ের উপর। ঈশ্বরের সিন্দুকের সামনে তূরী বাজাবার ভার পড়ল পুরোহিত শবনিয়, যিহোশাফট, নথনেল, অমাসয়, সখরিয়, বনায় ও ইলীয়েষরের উপর।
25এর পরে দায়ূদ, ইস্রায়েলের বৃদ্ধ নেতারা আর সৈন্যদলের হাজার সৈন্যের সেনাপতিরা আনন্দ করতে করতে ওবেদ-ইদোমের বাড়ী থেকে সদাপ্রভুর সেই ব্যবস্থা-সিন্দুকটি আনবার জন্য গেলেন। 26যে লেবীয়েরা সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি বয়ে আনছিল ঈশ্বর তাদের পরিচালনা করেছিলেন বলে সাতটা বলদ ও সাতটা ভেড়া উৎসর্গ করা হল। 27সিন্দুক বহনকারী লেবীয়েরা, গায়কেরা এবং গানের দলের পরিচালক কননিয় মসীনার পাতলা কাপড়ের পোশাক পরেছিল। দায়ূদও মসীনার পাতলা কাপড়ের পোশাক এবং মসীনার এফোদ পরেছিলেন। 28এইভাবে সমস্ত ইস্রায়েলীয়েরা চিৎকার করতে করতে এবং শিংগা, তূরী, করতাল, বীণা ও সুরবাহার বাজাতে বাজাতে সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি যিরূশালেমে নিয়ে আসল।
29সদাপ্রভুর ব্যবস্থা-সিন্দুকটি দায়ূদ-শহরে ঢুকবার সময় শৌলের মেয়ে মীখল জানলা দিয়ে তা দেখলেন। রাজা দায়ূদকে নাচতে ও আনন্দ করতে দেখে তিনি মনে মনে দায়ূদকে তুচ্ছ করলেন।
اکنون انتخاب شده:
১ বংশাবলি 15: SBCL
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
© The Bangladesh Bible Society, 2000