ইউনুস 3
3
হযরত ইউনুস (আঃ)-এর তবলিগ
1পরে মাবুদের কালাম দ্বিতীয়বার ইউনুসের উপর নাজেল হল। 2তিনি বললেন, “তুমি এখন সেই বড় শহর নিনেভেতে যাও এবং আমি যে খবর তোমাকে দেব তা সেখানে ঘোষণা কর।”
3মাবুদের কথামত ইউনুস নিনেভেতে গেলেন। নিনেভে ছিল খুব বড় একটা শহর; তার এক পাশ থেকে অন্য পাশে হেঁটে সমস্ত জায়গায় যেতে তিন দিন লাগত। 4ইউনুস সেই শহরে ঢুকে এক দিনের পথ গেলেন এবং এই কথা ঘোষণা করলেন, “আর চল্লিশ দিন পরে নিনেভে ধ্বংস হয়ে যাবে।”
5তখন নিনেভের লোকেরা আল্লাহ্র কথায় ঈমান আনল। তাই তারা রোজা ঘোষণা করল এবং বড় থেকে ছোট পর্যন্ত সকলেই ছালার চট পরল। 6বাদশাহ্র কাছে সেই খবর পৌঁছালে পর তিনি তাঁর সিংহাসন ছেড়ে উঠে তাঁর রাজপোশাক খুলে ফেললেন এবং ছালার চট পরে ছাইয়ের মধ্যে বসলেন। 7তারপর তিনি নিনেভেতে তাঁর ও তাঁর রাজকর্মচারীদের এই হুকুম ঘোষণা করালেন:
“মানুষ বা পশু, গরু বা ভেড়ার পাল কেউ কোন কিছু না খাক; তারা খাবার কিংবা পানি না খাক। 8মানুষ ও পশু ছালার চট পরুক। প্রত্যেকে সমস্ত শক্তি দিয়ে আল্লাহ্কে ডাকুক আর খারাপ পথ ও সন্ত্রাসের কাজ ছেড়ে দিক। 9কে জানে হয়তো বা আল্লাহ্ মন ফিরিয়ে তাঁর জ্বলন্ত রাগ থেকে ফিরবেন যাতে আমরা ধ্বংস হয়ে না যাই।”
10তারা যা করেছিল এবং কেমন করে তাদের খারাপ পথ থেকে ফিরেছিল তা যখন আল্লাহ্ দেখলেন তখন তিনি তাঁর মন ফিরালেন। তিনি যে ক্ষতি করবেন বলেছিলেন তা করলেন না।
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006