ইউনুস 2
2
হযরত ইউনুস (আঃ)-এর মুনাজাত
1ইউনুস সেই মাছের পেটে থেকে তাঁর মাবুদ আল্লাহ্র কাছে মুনাজাত করলেন। 2তিনি বললেন, “হে মাবুদ, আমার কষ্টের সময়ে আমি তোমাকে ডাকলাম আর তুমি আমাকে জবাব দিলে। কবরের গভীরতা থেকে আমি সাহায্যের জন্য ডাক দিলাম আর তুমি আমার ফরিয়াদ শুনলে। 3তুমি আমাকে গভীর পানিতে, সাগরের তলায় ফেলে দিলে আর আমি স্রোতের মধ্যে তলিয়ে গেলাম; তোমার সমস্ত ঢেউ আমার উপর দিয়ে বয়ে গেল। 4আমি বললাম, ‘আমাকে তোমার চোখের সামনে থেকে দূর করে দেওয়া হয়েছে; তবুও আমি আবার তোমার সেই পবিত্র ঘরের দিকে চোখ তুলব।’ 5সাগরের পানি আমাকে গ্রাস করে মৃত্যুর দুয়ার পর্যন্ত নিয়ে গেল; সাগর আমাকে ঘিরে ধরল এবং তার আগাছা আমার মাথায় জড়িয়ে গেল। 6আমি ডুবে গিয়ে পাহাড়ের গোড়া পর্যন্ত গেলাম; কবর চিরকালের জন্য আমাকে আট্কে রাখল। কিন্তু হে আমার মাবুদ আল্লাহ্, তুমি সেখান থেকে আমাকে উঠিয়ে আনলে।
7“হে মাবুদ, আমার প্রাণ যখন যায়-যায় হয়ে উঠেছিল তখন আমি তোমাকে মনে করলাম, আর আমার মুনাজাত তোমার কাছে, তোমার পবিত্র ঘরে উঠে গিয়েছিল। 8যারা অপদার্থ মূর্তিগুলোর পূজা করে তারা তোমার যে রহমত পেতে পারত তা অবহেলা করে, 9কিন্তু আমি শুকরিয়া-কাওয়ালী গেয়ে তোমার উদ্দেশে পশু-কোরবানী দেব। আমি যে মানত করেছি তা পূর্ণ করব। উদ্ধার করা মাবুদেরই কাজ।”
10পরে মাবুদ মাছটাকে হুকুম দিলেন আর মাছটা ইউনুসকে শুকনা জমির উপর বমি করে বের করে দিল।
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006