ইশাইয়া 58
58
সত্যিকারের রোজা
1মাবুদ বলছেন, “জোরে চিৎকার কর, সমস্ত শক্তি দিয়ে চিৎকার কর; শিংগার আওয়াজের মত জোরে আওয়াজ কর। আমার বান্দাদের কাছে তাদের অন্যায়ের কথা আর ইয়াকুবের বংশের কাছে তাদের গুনাহের কথা জানাও। 2তাদের দেখলে মনে হয় দিনের পর দিন যেন তারা আমার ইচ্ছামত চলছে আর আমার পথ জানবার জন্য তাদের আগ্রহ আছে; তারা যেন এমন একটা জাতি যারা ঠিক কাজ করে আর তাদের আল্লাহ্র হুকুম ত্যাগ করে না; তারা যেন আমার কাছে ন্যায়বিচার সম্বন্ধে জানতে চায় আর যেন আল্লাহ্র কাছে আসতে আগ্রহী। 3তারা বলে, ‘আমরা রোজা রেখেছি আর তুমি তা চেয়ে দেখলে না কেন? আমরা কষ্ট স্বীকার করেছি আর তুমি তা লক্ষ্য করলে না কেন?’ কিন্তু দেখ, তোমাদের রোজার দিনে তোমরা তো নিজেদের সন্তুষ্ট করে থাক, আর তোমাদের সব কর্মচারীদের উপর জুলুম করে থাক। 4রোজা রাখবার ফলে তোমরা ঝগড়া আর বিবাদ করে থাক এবং ঘুষি মেরে একে অন্যকে আঘাত করে থাক। তোমরা এইভাবে রোজা রাখলে আশা করতে পারবে না যে, আমি তোমাদের কথা শুনব। 5আমি কি এই রকম রোজা চেয়েছি? তোমাদের রোজা তো কেবল নিজেদের কষ্ট দেওয়া; তা কেবল নল-খাগড়ার মত মাথা নোয়ানো আর ছালার চটের ও ছাইয়ের উপর শুয়ে থাকা। এটাকেই কি তোমরা রোজা আর মাবুদের রহমত দেখাবার দিন বল?
6“আসলে আমি এই রকম রোজা চাই: তোমরা অবিচারের শিকল আর জোয়ালের দড়ি খুলে দাও, অত্যাচারিতদের মুক্তি দাও আর প্রত্যেকটি জোয়াল ভেংগে ফেল, 7খিদে পাওয়া লোকদের তোমাদের খাবার ভাগ করে দাও, ঘুরে বেড়ানো গরীব লোককে নিজের ঘরে আশ্রয় দাও, উলংগকে দেখলে তাকে কাপড় পরাও, আর নিজেদের আত্মীয়-স্বজনের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ো না। এই সব কাজ করাই হল আসল রোজা। 8তাহলে তোমাদের নূর ভোরের মত প্রকাশ পাবে আর শীঘ্রই তোমরা সুস্থতা লাভ করবে; তোমাদের সততা তোমাদের আগে আগে যাবে আর আমার গৌরব তোমাদের পিছন দিকের রক্ষক হবে। 9তখন তোমরা মুনাজাত করলে আমি জবাব দেব; তোমরা সাহায্যের জন্য ডাকলে আমি বলব, ‘এই যে আমি।’
“যদি তোমরা তোমাদের কাছ থেকে অত্যাচারীর জোয়াল, বিদ্রূপের ইংগিত এবং হিংসাপূর্ণ কথাবার্তা ত্যাগ কর, 10যদি খিদে পাওয়া লোকদের প্রতি মমতা দেখিয়ে তাদের খাবার দাও, তাহলে অন্ধকারেও তোমাদের নূর জ্বলে উঠবে আর তোমাদের রাত হবে দুপুর বেলার মত। 11আমি মাবুদই তোমাদের সব সময় পরিচালনা করব; শুকিয়ে যাওয়া দেশে আমি তোমাদের প্রয়োজন মিটাব আর তোমাদের শরীরকে শক্তি দান করব। তোমরা ভালভাবে পানি পাওয়া বাগানের মত হবে আর এমন ঝর্ণার মত হবে যার পানি কখনও শুকাবে না। 12তোমাদের লোকেরা আগেকার ধ্বংস হওয়া জায়গাগুলো আবার তৈরী করবে আর অনেক কাল আগেকার ভিত্তিগুলোর উপরে আবার গাঁথবে; তোমাদের বলা হবে ভাংগা দেয়ালের এবং বসতিস্থানের রাস্তাগুলোর মেরামতকারী।
13“যদি তোমরা বিশ্রামবার পালন কর ও আমার পবিত্র দিনে নিজেদের সন্তুষ্ট না কর, যদি বিশ্রামবারকে আনন্দদায়ক আর মাবুদের দিনকে সম্মানের যোগ্য মনে কর, যদি নিজেদের খুশীমত না চলে সেই দিনের সম্মান রাখ আর যা খুশী তা না কর বা বাজে কথা না বল, 14তাহলে আমাকে নিয়েই তোমরা আনন্দে মেতে থাকবে আর আমি দুনিয়ার সব উঁচু জায়গার অধিকার তোমাদের দেব। এছাড়া আমি তোমাদের পিতা ইয়াকুবের অধিকার তোমাদের ভোগ করতে দেব। আমি মাবুদ এই কথা বলছি।”
Currently Selected:
ইশাইয়া 58: MBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006