ইশাইয়া 56
56
অন্যদের জন্য উদ্ধার
1মাবুদ বলছেন, “তোমরা ন্যায়বিচার রক্ষা কর এবং ন্যায় কাজ কর, কারণ আমার দেওয়া উদ্ধার কাছে এসে গেছে আর কিভাবে তোমরা আমার গ্রহণযোগ্য হতে পার তার উপায় শীঘ্রই প্রকাশিত হবে। 2ধন্য সেই লোক, যে এই সব কাজ করে; ধন্য সেই মানুষ, যে তা করতে মনোযোগী হয়। বিশ্রামবার অপবিত্র না করে যে লোক তা পালন করে আর খারাপ কাজ করা থেকে তার হাত সরিয়ে রাখে, সে ধন্য।”
3মাবুদের এবাদত করে এমন কোন বিদেশী না বলুক, “মাবুদ নিশ্চয়ই আমাকে তাঁর বান্দাদের মধ্য থেকে বাদ দেবেন।” কোন খোজা লোক না বলুক, “আমি কেবল একটা শুকনা গাছ,” 4কারণ মাবুদ এই কথা বলছেন, “খোজারা যদি আমার বিশ্রামবার পালন করে, আমি যা পছন্দ করি তা-ই বেছে নেয় আর আমার ব্যবস্থা শক্ত করে ধরে রাখে, 5তবে তাদের ছেলেমেয়ে থাকলে যে নাম থাকত তার চেয়ে আমার ঘর ও দেয়ালের ভিতরে তাদের নাম স্থাপন করে তা আমি আরও স্মরণীয় করে রাখব। আমি তাদের এমন চিরস্থায়ী নাম দেব যা মুছে ফেলা হবে না। 6এছাড়া যে বিদেশীরা আমার এবাদতের জন্য আর আমাকে মহব্বত করবার ও আমার গোলাম হবার জন্য আমার কাছে নিজেদের দিয়ে দেয় এবং যারা বিশ্রামবার অপবিত্র না করে তা পালন করে আর আমার ব্যবস্থা শক্ত করে ধরে রাখে, 7তাদের আমি আমার পবিত্র পাহাড়ে নিয়ে আসব আর আমার ঘরে, অর্থাৎ মুনাজাতের ঘরে তাদের আনন্দ দান করব। আমার কোরবানগাহের উপরে তাদের পোড়ানো ও অন্যান্য কোরবানী গ্রহণ করা হবে। এইজন্য আমার ঘরকে সমস্ত জাতির মুনাজাতের ঘর বলা হবে।”
8আল্লাহ্ মালিক, যিনি বিদেশে ছড়িয়ে থাকা বনি-ইসরাইলদের জমায়েত করেন তিনি এই কথা ঘোষণা করছেন, “যাদের আগেই জমায়েত করা হয়েছে তাদের সংগে অন্য জাতির লোকদেরও আমি জমায়েত করব।”
ইসরাইলের নেতাদের দোষের কথা
9মাঠের ও বনের সব পশু, তোমরা এসে খেয়ে ফেল। 10ইসরাইলের পাহারাদারেরা অন্ধ, তাদের কোন জ্ঞান নেই। তারা সবাই যেন বোবা কুকুর, তারা ঘেউ ঘেউ করতে পারে না। তারা শুয়ে শুয়ে স্বপ্ন দেখে ও ঘুমাতে ভালবাসে। 11তারা এমন কুকুরের মত যাদের খিদে বেশী; তাদের কখনও তৃপ্তি হয় না। তারা বুদ্ধিহীন রাখাল; তারা সবাই নিজের নিজের পথের দিকে ফিরেছে আর নিজের লাভের চেষ্টা করছে। 12প্রত্যেকে বলে, “চল, আংগুর-রস আনি; চল, আমরা পেট ভরে মদ খাই। আজকের চেয়ে কাল আরও ভাল হবে।”
Currently Selected:
ইশাইয়া 56: MBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006