ইশাইয়া 48
48
একগুঁয়ে ইসরাইল
1হে ইয়াকুবের বংশ, তোমরা শোন। তোমাদের তো ইসরাইল নামে ডাকা হয়, তোমরা এহুদার বংশ থেকে এসেছ, তোমরা মাবুদের নাম নিয়ে কসম খেয়ে থাক আর ইসরাইলের আল্লাহ্র কাছে মুনাজাত করে থাক, কিন্তু সত্যে বা ন্যায়ে তা কর না। 2তোমরা তো নিজেদের পবিত্র শহরের বাসিন্দা বলে থাক আর ইসরাইলের মাবুদের উপরে ভরসা কর, যাঁর নাম আল্লাহ্ রাব্বুল আলামীন। 3মাবুদ বলছেন, “যা হয়ে গেছে তা আমি অনেক কাল আগেই বলেছিলাম; আমি তা জানিয়েছিলাম আর আমার মুখ তা ঘোষণা করেছিল। তারপর আমি হঠাৎ তা করলাম আর তা হল, 4কারণ তোমরা যে কেমন একগুঁয়ে তা আমি জানতাম; তোমাদের ঘাড়ের গোশ্ত লোহার মত আর কপাল ব্রোঞ্জের মত। 5সেইজন্য অনেক আগেই আমি তোমাদের এই সব বলেছিলাম আর তা ঘটবার আগেই তোমাদের কাছে ঘোষণা করেছিলাম, যাতে তোমরা বলতে না পার, ‘আমাদের মূর্তিগুলো এই সব করেছে, আমাদের খোদাই করা মূর্তি আর ছাঁচে ঢালা মূর্তি এই সব হুকুম দিয়েছে।’ 6তোমরা এই সব শুনেছ; সেই সমসে-র দিকে তোমরা তাকিয়ে দেখ। তোমরা কি তা মেনে নেবে না?
“এখন থেকে আমি তোমাদের নতুন নতুন বিষয়ের কথা বলব যা তোমাদের অজানা ও গোপন বিষয়। 7সেগুলো অনেক দিন আগে নয়, এখনই সৃষ্ট হয়েছে; আজকের আগে তোমরা সেই সব শোন নি। কাজেই তোমরা বলতে পারবে না, ‘জ্বী, আমরা তা জানতাম।’ 8তোমরা তা শোন নি এবং বুঝতেও পার নি; আগে থেকে তোমাদের কান খোলা হয় নি। তোমরা যে কেমন বেঈমান তা আমি জানি, জন্ম থেকেই তোমাদের বিদ্রোহী বলা হয়। 9আমার নিজের সুনামের জন্যই আমার রাগকে আমি দমন করে রেখেছি; আমার প্রশংসার জন্য আমি তা বাধা দিয়ে রেখেছি যাতে তোমাদের শেষ করে ফেলা না হয়। 10দেখ, আমি তোমাদের আগুনে ফেলেছি, কিন্তু তোমরা রূপার মত খাঁটি হয়ে বের হও নি; দুঃখের চুলাতে আমি তোমাদের যাচাই করেছি। 11আমি যা কিছু করি তা আমার নিজের জন্য, কেবল আমার নিজের জন্যই করি। আমার নিজের অগৌরব আমি কি করে হতে দিতে পারি? আমার গৌরব আমি অন্যকে পেতে দিতে পারি না।
ইসরাইল স্বাধীন হল
12“হে ইয়াকুব, হে আমার বেছে নেওয়া ইসরাইল, তোমরা আমার কথা শোন। আমিই তিনি; আমিই প্রথম এবং আমিই শেষ। 13আমি নিজের হাতে দুনিয়ার ভিত্তি স্থাপন করেছি আর ডান হাতে আসমানকে বিছিয়ে দিয়েছি; আমি ডাকলে এদের সবাই একসংগে দাঁড়ায়।
14“তোমরা সকলে একত্র হয়ে শোন। মূর্তিগুলোর মধ্যে কোন্টা এই সব বিষয় আগেই বলেছে? ব্যাবিলনের বিরুদ্ধে মাবুদের বেছে নেওয়া বান্দা তার নিজের ইচ্ছা পূর্ণ করবে; মাবুদের হাত ব্যাবিলনীয়দের বিরুদ্ধে উঠবে। 15আমি, আমি মাবুদই কথা বলেছি; জ্বী, আমিই তাকে ডেকেছি। আমি তাকে নিয়ে আসব আর সে তার কাজে সফল হবে।
16“তোমরা আমার কাছে এসে এই কথা শোন। আমি প্রথম থেকে কোন কথা গোপন রাখবার জন্য বলি নি; সেই সব কথা পূর্ণ হবার সময় আমি সেখানে থাকি।”
এখন আল্লাহ্ মালিক তাঁর রূহ্ দিয়ে আমাকে পাঠিয়েছেন।
17মাবুদ, তোমাদের মুক্তিদাতা, ইসরাইলের আল্লাহ্ পাক এই কথা বলছেন, “আমি তোমাদের মাবুদ আল্লাহ্; তোমাদের উপকারের জন্য আমি তোমাদের শিক্ষা দিই। যে পথে তোমাদের চলতে হবে আমি সেই পথে তোমাদের চালাই। 18তোমরা যদি কেবল আমার হুকুমের প্রতি মনোযোগ দিতে তাহলে তোমাদের শান্তি হত নদীর মত আর তোমাদের সততা হত সাগরের ঢেউয়ের মত। 19এছাড়া তোমাদের বংশধরেরা বালির মত হত আর তোমাদের ছেলেমেয়েরা হত বালুকণার মত অসংখ্য। তাদের নাম আমার সামনে থেকে কখনও মুছে ফেলা হত না কিংবা তাদের ধ্বংস করা হত না।”
20তোমরা ব্যাবিলন ছেড়ে চলে যাও, ব্যাবিলনীয়দের কাছ থেকে পালাও। তোমরা আনন্দে চিৎকার করে জানাও, ঘোষণা কর। দুনিয়ার শেষ সীমা পর্যন্ত এই কথা বল, “মাবুদ তাঁর গোলাম ইয়াকুবকে মুক্ত করেছেন।” 21যখন তিনি মরুভূমির মধ্য দিয়ে তাদের নিয়ে যাচ্ছিলেন তখন তারা পিপাসায় কষ্ট পায় নি, কারণ তিনি পাথর থেকে তাদের জন্য পানি বইয়ে দিয়েছিলেন; তিনি পাথর ফাটিয়েছিলেন আর তাতে পানি বের হয়ে এসেছিল।
22মাবুদ বলছেন, “দুষ্টদের কোন শান্তি নেই।”
Currently Selected:
ইশাইয়া 48: MBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006