YouVersion Logo
Search Icon

ইশাইয়া 25

25
আল্লাহ্‌র মহান কাজ
1হে আল্লাহ্‌, তুমিই আমার মাবুদ; আমি তোমার গৌরব করব আর তোমার প্রশংসা করব। যে সব অলৌকিক চিহ্ন অনেক দিন আগেই তুমি পরিকল্পনা করেছিলে তা তুমি সম্পূর্ণ বিশ্বস্তভাবে করেছ। 2তুমি শহরকে পাথরের ঢিবি করেছ আর দেয়াল-ঘেরা শহরকে করেছ ধ্বংসের স্তূপ। বিদেশী শত্রুদের কেল্লা আর থাকবে না; তা কখনও আর তৈরী করা হবে না। 3সেইজন্য শক্তিশালী জাতিরা তোমার প্রশংসা করবে এবং নিষ্ঠুর জাতিদের শহরগুলো তোমাকে ভয় করবে। 4-5তুমি তো গরীবদের কেল্লা, অভাবীদের কষ্টের সময়কার কেল্লা, ঝড় থেকে রক্ষা পাবার জায়গা আর রোদের গরম থেকে রক্ষা পাবার ছায়া। দেয়ালের গায়ে আঘাত করা ঝড় আর মরুভূমির গরমের মত নিষ্ঠুরদের নিঃশ্বাস থেকে তুমি রক্ষা করে থাক। তুমি বিদেশীদের চেঁচামেচি থামিয়ে দেবে। মেঘের ছায়া যেমন গরম কমিয়ে দেয় তেমনি তুমি নিষ্ঠুরদের গান থামিয়ে দেবে।
6আল্লাহ্‌ রাব্বুল আলামীন এই পাহাড়ের উপরে সব জাতির লোকদের জন্য ভাল ভাল খাবার জিনিসের আর পুরানো আংগুর-রসের এক মহাভোজ দেবেন; তাতে থাকবে সবচেয়ে ভাল গোশ্‌ত আর সবচেয়ে ভাল আংগুর-রস। 7যে পর্দায় সব জাতির লোকেরা ঢাকা পড়েছে, যে চাদর সব জাতিকে ঢেকে ফেলেছে, এই পাহাড়েই তিনি তা নষ্ট করে দেবেন। 8মৃত্যুকে তিনি চিরকালের জন্য ধ্বংস করবেন। আল্লাহ্‌ মালিক সকলের চোখের পানি মুছিয়ে দেবেন আর সমস্ত দুনিয়া থেকে তাঁর বান্দাদের অসম্মান দূর করবেন। মাবুদ এই কথা বলেছেন। 9সেই দিন লোকে বলবে, “দেখ, ইনিই আমাদের আল্লাহ্‌; আমরা তাঁর অপেক্ষায় ছিলাম যেন তিনি আমাদের উদ্ধার করেন। ইনিই মাবুদ; আমরা তাঁর অপেক্ষায় ছিলাম। এস, আমরা তাঁর উদ্ধার-কাজের জন্য আনন্দ করি ও খুশী হই।”
10মাবুদের হাত এই পাহাড়ের উপরে থাকবে। গোবরের সংগে খড় যেমন পায়ে মাড়ানো হয় ঠিক তেমনি করে মোয়াবকেও তিনি পায়ে মাড়াবেন। 11সাঁতারু যেমন হাত বাড়িয়ে সাঁতার কাটে তেমনি করে তারা গোবরের মধ্যে হাত বাড়াবে। তাদের হাতের চেষ্টা মিথ্যা হবে; আল্লাহ্‌ তাদের অহংকার ভেংগে দেবেন। 12তিনি মোয়াবের দেয়ালের উঁচু কেল্লাগুলো ধ্বংস করবেন; তিনি সেগুলো মাটিতে, এমন কি, ধুলায় মিশিয়ে দেবেন।

Currently Selected:

ইশাইয়া 25: MBCL

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in