হোসিয়া 14
14
দোয়ার জন্য তওবা
1হে ইসরাইলের লোকেরা, তোমাদের মাবুদ আল্লাহ্র কাছে তোমরা ফিরে এস। তোমাদের গুনাহের জন্যই তোমাদের পতন হয়েছিল। 2তোমরা মাবুদের কাছে ফিরে এসে তাঁকে বল, “আমাদের সব গুনাহ্ মাফ কর এবং আমাদের যা ভাল তা কবুল কর যাতে আমরা ষাঁড় কোরবানীর মত করে আমাদের মুখ দিয়ে তোমার প্রশংসা করতে পারি। 3আশেরিয়া আমাদের উদ্ধার করতে পারবে না; আমরা যুদ্ধের ঘোড়ার উপর ভরসা করব না। আমাদের নিজের হাতে তৈরী মূর্তিগুলোকে আমরা আর কখনও বলব না, ‘আমাদের দেব-দেবী,’ কারণ তোমার কাছেই এতিমেরা মমতা পায়।”
4মাবুদ বলছেন, “আমি তাদের বিপথে যাওয়া থেকে ফিরিয়ে আনব এবং কোন শর্ত ছাড়াই তাদের মহব্বত করব, কারণ আমার রাগ তাদের উপর থেকে সরে গেছে। 5আমি ইসরাইলের কাছে শিশিরের মত হব; সে লিলি ফুলের মত ফুটবে। লেবাননের এরস গাছের মত সে তার শিকড়গুলো নীচে নামিয়ে দেবে। 6তার ডালপালা ছড়িয়ে যাবে। সে জলপাই গাছের মত সুন্দর হবে আর তার সুগন্ধ হবে লেবাননের এরস গাছের মত। 7যারা তার ছায়ায় বাস করবে তারা প্রচুর ফসল জন্মাবে। তারা আংগুর লতার মত ফুলে-ফলে ভরে যাবে আর লেবাননের আংগুর-রসের মত তাদের সুনাম হবে। 8হে আফরাহীম, মূর্তিগুলোর সংগে তোমার আর কোন সম্পর্ক নেই। আমিই তোমার মুনাজাতের জবাব দেব ও তোমার যত্ন নেব। আমিই সতেজ বেরস গাছের মত; তোমার ফল আমার কাছ থেকেই আসে।”
9জ্ঞানী কে? সে এই সব বিষয় বুঝুক। বুদ্ধিমান কে? সে এই সব বিষয় জানুক। মাবুদের পথ সততার পথ; সৎ লোক সেই পথে হাঁটে, কিন্তু অন্যায়কারীরা উচোট খায়।
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006