হোসিয়া 13
13
ইসরাইলের বিরুদ্ধে মাবুদের রাগ
1আফরাহীম কথা বললে লোকে কাঁপত; ইসরাইলের গোষ্ঠীগুলোর মধ্যে সে মহান হয়েছিল। কিন্তু বাল দেবতার পূজা করবার দোষে দোষী হয়ে সে মরেছিল। 2এখন তার লোকেরা আরও বেশী করে গুনাহ্ করছে; তাদের রূপা দিয়ে তারা নিজেদের জন্য ছাঁচে ঢালা প্রতিমা, অর্থাৎ পাকা হাতে গড়া মূর্তি তৈরী করেছে; সেগুলো সবই কারিগরদের কাজ। এই মূর্তিগুলোর সম্বন্ধে তারা বলে, “যারা উৎসর্গ করে তারা বাছুর-মূর্তিগুলোকে চুম্বন করুক।” 3সেইজন্য তারা হবে সকালের কুয়াশার মত, হবে অদৃশ্য হয়ে যাওয়া ভোরের শিশিরের মত, হবে খামার থেকে বাতাসে উড়ে যাওয়া তুষের মত, হবে জানালা দিয়ে বেরিয়ে যাওয়া ধোঁয়ার মত।
4মাবুদ বলছেন, “মিসর থেকে তোমাকে বের করে আনবার সময় থেকে আমিই তোমার মাবুদ আল্লাহ্। আমি ছাড়া তোমার আর কোন মাবুদ নেই; আমি ছাড়া তোমার আর কোন উদ্ধারকর্তা নেই। 5মরুভূমিতে, ভীষণ শুকনা দেশে আমিই তোমাকে দেখাশোনা করেছিলাম। 6আমি তোমার লোকদের খাওয়ালে পর তারা তৃপ্ত হল; তৃপ্ত হয়ে তারা অহংকারী হল, আর তারপর তারা আমাকে ভুলে গেল। 7কাজেই আমি সিংহের মত তাদের উপরে আসব, চিতাবাঘের মত পথের ধারে ওৎ পেতে থাকব। 8বাচ্চা চুরি হয়ে যাওয়া ভল্লুকের মত আমি তাদের আক্রমণ করে তাদের বুক চিরে ফেলব। সিংহীর মত আমি তাদের গ্রাস করব; বুনো জানোয়ারের মত আমি তাদের টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলব।
9“হে ইসরাইল, তুমি আমার বিপক্ষে, অর্থাৎ তোমার সাহায্যকারীর বিপক্ষে আছ বলে আমি তোমাকে ধ্বংস করব। 10তোমার বাদশাহ্ কোথায় যে তোমার সব শহরে তোমাকে রক্ষা করতে পারবে? তোমার শাসনকর্তারা কোথায় যাদের বিষয় তুমি বলতে, ‘আমাকে বাদশাহ্ ও শাসনকর্তাদের দাও’? 11তাই আমি রাগ করে তোমাকে একজন বাদশাহ্ দিয়েছিলাম এবং আমার ক্রোধে তাকে নিয়েও গিয়েছি। 12আফরাহীমের দোষ, অর্থাৎ তার সমস্ত গুনাহ্ লিখে বেঁধে রাখা হয়েছে। 13স্ত্রীলোকের প্রসব-বেদনার মত ব্যথা তাকে ধরেছে, কিন্তু সে তো বুদ্ধিহীন শিশু; সময় উপস্থিত হলে সে গর্ভের খোলা মুখে আসে না।
14“কবরের শক্তি থেকে আমি মূল্য দিয়ে তাকে ছাড়িয়ে আনব। মৃত্যু থেকে আমি তাকে মুক্ত করব। হে মৃত্যু, তোমার মহামারী সব কোথায়? হে কবর, কোথায় তোমার ধ্বংস? আমি কোন মমতা করব না। 15যদিও বা আফরাহীম তার ভাইদের মধ্যে সফলতা লাভ করে তবুও মাবুদের কাছ থেকে একটা পূবালী বাতাস মরুভূমি থেকে বয়ে আসবে; তার ঝর্ণাতে পানি থাকবে না ও তার কূয়া শুকিয়ে যাবে। তার ভাণ্ডারের সব দামী জিনিস লুট করা হবে। 16সামেরিয়ার লোকেরা তাদের আল্লাহ্র বিরুদ্ধে বিদ্রোহ করেছে বলে দায়ী হবে। তারা যুদ্ধে মারা পড়বে; তাদের ছোট ছেলেমেয়েদের মাটিতে আছাড় মেরে চুরমার করা হবে এবং তাদের গর্ভবতী স্ত্রীলোকদের পেট চিরে ফেলা হবে।”
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006