Bible App logo
Search Icon

দ্বিতীয় বিবরণ 11

11
মাবুদকে মহব্বত করা ও তাঁর হুকুম পালনের নির্দেশ
1“তোমাদের মাবুদ আল্লাহ্‌কে মহব্বত করবে আর তিনি যা চান তা করবে এবং তাঁর নিয়ম, নির্দেশ ও হুকুম সব সময় পালন করবে। 2আজ তোমরা মনে রেখো যে, আমি এই সব কথা তোমাদেরই বলছি, তোমাদের ছেলেমেয়েদের কাছে বলছি না, কারণ তারা তোমাদের মাবুদ আল্লাহ্‌র গড়ে তুলবার কাজ জানেও নি দেখেও নি। তারা তাঁর মহিমা এবং তাঁর বাড়িয়ে দেওয়া কঠোর ও শক্তিশালী হাত দেখে নি। 3মিসরের মধ্যে মিসরের বাদশাহ্‌ ফেরাউন ও তাঁর সারা দেশের উপর তিনি যে সব চিহ্ন কাজ এবং অন্যান্য কাজ করেছিলেন তা-ও তারা দেখে নি। 4মিসরীয় সৈন্যদল, তাদের ঘোড়া ও রথগুলোর প্রতি তিনি যা করেছিলেন এবং তারা যখন তোমাদের পিছনে তাড়া করে আসছিল তখন কেমন করে তিনি লোহিত সাগরের পানিতে তাদের ডুবিয়ে দিয়েছিলেন আর কেমন করে তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলেন তা-ও তারা দেখে নি। 5তোমরা এখানে এসে না পৌঁছানো পর্যন্ত তিনি মরুভূমিতে তোমাদের জন্য যা করেছিলেন তা-ও তোমাদের ছেলেমেয়েরা দেখে নি। 6তিনি রূবেণ-গোষ্ঠীর ইলীয়াবের ছেলে দাথন ও অবীরামের প্রতি যা করেছিলেন, অর্থাৎ যেভাবে সমস্ত বনি-ইসরাইলদের মাঝখানে দুনিয়া মুখ খুলে তাদের ও তাদের পরিবারের লোকজন, তাদের তাম্বু এবং তাদের সমস্ত প্রাণীকে গিলে ফেলেছিল তা-ও তারা দেখে নি। 7কিন্তু মাবুদের এই সব বড় বড় কাজ তোমরাই নিজেদের চোখে দেখেছ।
8-9“কাজেই যে দেশ দখল করবার জন্য তোমরা জর্ডান নদী পার হয়ে যাচ্ছ সেখানে গিয়ে যেন তা দখল করবার শক্তি পাও এবং মাবুদ তোমাদের পূর্বপুরুষ ও তাদের বংশধরদের কাছে দুধ আর মধুতে ভরা যে দেশ দেবার ওয়াদা করেছিলেন সেখানে অনেক দিন বাঁচতে পার সেইজন্য আজ আমি তোমাদের যে সব হুকুম দিচ্ছি তা পালন করবে। 10তোমরা যে দেশটা দখল করতে যাচ্ছ সেটা মিসর দেশের মত নয় যেখান থেকে তোমরা এসেছ। তোমরা সেখানে বীজ বুনতে, আর সবজী ক্ষেতে যেমন করা হয় তেমনি করে সেখানে পা দিয়ে পানি সেচের কাজ করতে। 11কিন্তু জর্ডান নদী পার হয়ে যে দেশটা তোমরা দখল করতে যাচ্ছ সেটা পাহাড় আর উপত্যকায় ভরা; সেই দেশ পানি পায় আসমান থেকে। 12সেই দেশের দেখাশোনা তোমাদের মাবুদ আল্লাহ্‌ই করেন। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত সব সময় তাঁর চোখ সেই দেশের উপর রয়েছে।
13“কাজেই তোমাদের মাবুদ আল্লাহ্‌কে মহব্বত করা ও সমস্ত মনপ্রাণ দিয়ে তাঁর এবাদত করবার যে হুকুম আজ আমি তোমাদের দিলাম তা তোমরা বিশ্বস্তভাবে পালন করবে। 14তা করলে মাবুদ সময়মত, অর্থাৎ শরৎ ও বসন্তকালে তোমাদের দেশের উপর বৃষ্টি দেবেন যার ফলে তোমরা প্রচুর শস্য, নতুন আংগুর-রস ও তেল পাবে। 15মাবুদ তোমাদের পশুপালের জন্য মাঠে ঘাস হতে দেবেন। তা ছাড়া তোমরাও প্রাণ ভরে খেতে পাবে।
16“তোমরা কিন্তু সতর্ক থেকো, তা না হলে তোমরা ছলনায় পড়ে মাবুদের কাছ থেকে সরে যাবে এবং দেব-দেবীর সেবা ও পূজা করবে। 17এতে তোমাদের উপর মাবুদের রাগের আগুন জ্বলে উঠবে এবং তিনি আসমানের দরজা বন্ধ করে দেবেন, যার ফলে বৃষ্টিও হবে না এবং জমিতে ফসলও হবে না। যে চমৎকার দেশটা মাবুদ তোমাদের দিচ্ছেন সেখান থেকে তোমরা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। 18তোমাদের দিল ও মনে আমার এই কথাগুলো গেঁথে রাখবে, তা মনে রাখবার চিহ্ন হিসাবে হাতে বেঁধে রাখবে এবং কপালে লাগিয়ে রাখবে। 19তোমাদের ছেলেমেয়েদের সেগুলো শিখাবে। ঘরে বসে থাকবার সময়, পথে চলবার সময়, শোবার সময় এবং বিছানা থেকে উঠবার সময় তোমরা এই সব বিষয় নিয়ে আলোচনা করবে। 20তোমাদের বাড়ীর দরজায় ও চৌকাঠে তোমরা সেগুলো লিখে রাখবে। 21যদি তোমরা এই সব কর তবে যে দেশ দেবার কসম মাবুদ তোমাদের পূর্বপুরুষদের কাছে খেয়েছিলেন সেই দেশে তোমরা ও তোমাদের ছেলেমেয়েরা ততকাল বেঁচে থাকবে যতকাল এই দুনিয়ার উপর আসমান থাকবে।
22“তোমাদের মাবুদ আল্লাহ্‌কে মহব্বত করবার, তাঁর পথে চলবার এবং তাঁকে আঁকড়ে ধরে রাখবার এই যে সব হুকুম আমি তোমাদের দিলাম তা তোমরা যত্নের সংগে পালন করবে। 23তা করলে মাবুদই তোমাদের সামনে থেকে ঐ সব জাতিগুলোকে বের করে দেবেন, আর তোমরা তোমাদের চেয়েও বড় বড় এবং শক্তিশালী জাতিকে বেদখল করবে। 24দক্ষিণের মরুভূমি থেকে লেবানন পর্যন্ত এবং ফোরাত নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত তোমরা যেখানে পা ফেলবে সেই জায়গাই তোমাদের হবে। 25কোন লোকই তোমাদের সামনে দাঁড়াতে পারবে না। তোমরা সেই দেশের যেখানেই যাবে তোমাদের মাবুদ আল্লাহ্‌ তাঁর ওয়াদা অনুসারে সেখানকার লোকদের মনে তোমাদের সম্বন্ধে একটা ভয়ের ভাব ও কাঁপুনি ধরিয়ে দেবেন।
আল্লাহ্‌র দোয়া ও বদদোয়া
26“দেখ, আজ আমি তোমাদের সামনে একটা দোয়া ও একটা বদদোয়া তুলে ধরছি। 27আজ আমি তোমাদের কাছে তোমাদের মাবুদ আল্লাহ্‌র যে হুকুমগুলো দিলাম তা যদি তোমরা পালন কর, তবে এই দোয়া তোমরা পাবে। 28কিন্তু যদি তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্‌র হুকুম অমান্য কর এবং যে পথে চলবার হুকুম আমি আজ দিয়েছি তা থেকে সরে গিয়ে তোমাদের কাছে নতুন এমন দেব-দেবীর পিছনে যাও, তবে তোমাদের উপর বদদোয়া পড়বে। 29দখল করবার জন্য তোমরা যে দেশে ঢুকতে যাচ্ছ তোমাদের মাবুদ আল্লাহ্‌ যখন সেই দেশে তোমাদের নিয়ে যাবেন তখন গরিষীম পাহাড়ের উপর থেকে সেই দোয়ার কথা তোমরা ঘোষণা করবে আর বদদোয়ার কথা ঘোষণা করবে এবল পাহাড়ের উপর থেকে। 30তোমরা তো জান, জর্ডান নদীর পশ্চিম দিকের রাস্তার পশ্চিমে গিল্‌গলের কাছাকাছি আরবার বাসিন্দা কেনানীয়দের দেশের মধ্যে মোরির এলোন গাছগুলোর কাছে ঐ পাহাড় দু’টা রয়েছে। 31-32তোমাদের মাবুদ আল্লাহ্‌ যে দেশ তোমাদের দিতে যাচ্ছেন সেই দেশ দখল করবার জন্য তোমরা জর্ডান নদী পার হতে যাচ্ছ। তোমরা যখন তা দখল করে সেখানে বাস করতে থাকবে তখন আজ আমি তোমাদের যে সব নিয়ম ও নির্দেশ দিলাম তা অবশ্যই তোমরা পালন করে চলবে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for দ্বিতীয় বিবরণ 11