২ করিন্থীয় 8
8
দানের বিষয়ে
1ভাইয়েরা, ম্যাসিডোনিয়ার জামাতগুলো আল্লাহ্র কাছ থেকে যে বিশেষ রহমত পেয়েছে সেই বিষয়ে আমরা তোমাদের জানাচ্ছি। 2অনেক কষ্টভোগ করবার মধ্য দিয়ে যদিও তাদের খুব পরীক্ষা চলছিল এবং যদিও তারা খুব গরীব ছিল, তবুও তাদের মনে এত আনন্দ ছিল যে, তারা খোলা হাতে দান করেছিল। 3আমি তাদের পক্ষে এই সাক্ষ্য দিচ্ছি যে, তারা ইচ্ছা করেই নিজেদের সাধ্যমত, এমন কি, সাধ্যের অতিরিক্তও দান করেছিল। 4তারা খুব আগ্রহের সংগে আমাদের কাছে অনুরোধ করেছিল যেন আল্লাহ্র যে লোকেরা অভাবের মধ্যে আছে তাদের অভাব মিটাবার কাজে তারা অংশগ্রহণ করবার সুযোগ পায়। 5আমাদের আশার অতিরিক্ত তারা দান করেছিল- তারা নিজেদেরই প্রথমে প্রভুর কাছে ও পরে আল্লাহ্র ইচ্ছামত আমাদের কাছে দিয়ে দিয়েছিল। 6এ দেখে আমরা তীতকে বিশেষভাবে অনুরোধ করেছিলাম, দান করবার যে কাজ তিনি তোমাদের মধ্যে শুরু করেছিলেন তা যেন তিনি শেষ করেন। 7সব কিছু, অর্থাৎ বিশ্বাস, আল্লাহ্র বিষয়ে বলবার ক্ষমতা, জ্ঞান, আগ্রহ এবং আমাদের প্রতি মহব্বত যেমন তোমাদের প্রচুর পরিমাণে আছে ঠিক তেমনি দান করবার গুণও যেন তোমাদের উপ্চে পড়ে।
8এই কথা যে আমি হুকুম হিসাবে বলছি তা নয়, কিন্তু অন্যদের আগ্রহের কথা তোমাদের জানিয়ে আমি পরীক্ষা করে দেখতে চাই তোমাদের মহব্বত কতখানি খাঁটি। 9তোমরা তো আমাদের হযরত ঈসা মসীহের রহমতের দানের কথা জান যে, তিনি নিজে ধনী হয়েও তোমাদের জন্য গরীব হলেন, যেন তাঁর গরীব হওয়ার মধ্য দিয়ে তোমরা ধনী হতে পার।
10তোমাদের পক্ষে যা ভাল সেই সম্বন্ধে আমি আমার মতামত জানাচ্ছি। তোমরাই গত বছর এই চাঁদা তুলতে শুরু করেছিলে এবং সেই কাজে খুব আগ্রহ দেখিয়েছিলে। 11এখন সেই কাজ শেষ কর। তোমরা যে আগ্রহ নিয়ে সেই কাজ করতে ইচ্ছা করেছিলে সেই একই আগ্রহ নিয়ে তোমাদের সাধ্যমত তা শেষ কর। 12যদি কারও দেবার ইচ্ছা থাকে তবে তার যা আছে সেই হিসাবেই তার দান আল্লাহ্ গ্রহণ করেন, তার যা নেই সেই হিসাবে নয়।
13আমি চাই না যে, অন্যেরা সুখে থাকে আর তোমরা কষ্টে থাক, বরং আমি চাই যেন তোমাদের সকলের অবস্থা সমান থাকে। 14এখন তোমাদের যা বেশী আছে তার দ্বারা তাদের অভাব মিটবে, আবার যখন তাদের বেশী হবে তখন তারা তোমাদের অভাব মিটাবে। এইভাবে সকলের অবস্থা সমান হবে। 15পাক-কিতাবে লেখা আছে, “যারা অনেক কুড়ালো তাদের বেশী হল না আর যারা অল্প কুড়ালো তাদের কম পড়ল না।”
করিন্থ শহরে হযরত তীত
16তোমাদের জন্য আমার দিলে যে আগ্রহ আছে, ঠিক সেই আগ্রহ আল্লাহ্ তীতের দিলেও দিয়েছেন বলে আমি আল্লাহ্র শুকরিয়া আদায় করি। 17তীত আমাদের অনুরোধ মেনে নিয়েছেন, কিন্তু তার চেয়েও বড় কথা এই যে, তিনি নিজের ইচ্ছায় খুব আগ্রহের সংগে তোমাদের কাছে যাচ্ছেন। 18তীতের সংগে আমরা আর এক ভাইকেও পাঠাচ্ছি। ঈসা মসীহের বিষয়ে সুসংবাদ তবলিগের কাজে সব জামাতই এই ভাইয়ের প্রশংসা করে থাকে। 19এই জামাতগুলো কেবল যে তাঁর প্রশংসা করেছে তা নয়, আমাদের সংগে এই দান নিয়ে যাবার জন্য জামাতগুলো তাঁকে বেছেও নিয়েছে। প্রভুর গৌরবের জন্য এবং অন্যদের সাহায্য করবার কাজে আগ্রহ দেখাবার জন্য আমরা এই দান নিয়ে যাবার ব্যবস্থা করছি। 20এই বিরাট দান বিলি করবার ব্যাপারে কেউ যেন আমাদের বিরুদ্ধে কিছু বলতে না পারে সেইজন্য আমরা এই ভাইকেও পাঠাচ্ছি। 21আমরা কেবল প্রভুর সামনে নয়, কিন্তু মানুষের সামনেও সৎভাবে চলবার দিকে মনোযোগ দিই।
22তা ছাড়া তাঁদের সংগে আমরা আমাদের অন্য আর এক ভাইকেও পাঠাচ্ছি। তিনি যে আগ্রহী তা তিনি অনেক ব্যাপারে অনেক বার আমাদের কাছে প্রমাণ করেছেন। এখন তোমাদের উপর তাঁর খুব বেশী বিশ্বাস হয়েছে বলে তিনি আরও আগ্রহী হয়েছেন। 23তীতের সম্বন্ধে আমার যা বলবার আছে তা এই- তিনি আমার সংগী এবং আমার সংগে তিনি তোমাদের জন্য কাজ করেন। আর অন্য ভাইদের সম্বন্ধে আমার যা বলবার আছে তা এই- জামাতগুলো তাঁদের বেছে নিয়ে পাঠাচ্ছে। এই ভাইদের মধ্য দিয়ে মসীহের গৌরব হয়। 24তাই বলি, তাঁদের কাছে খোলাখুলিভাবেই তোমাদের মহব্বতের প্রমাণ দিয়ো এবং তাঁদের দেখায়ো কেন তোমাদের নিয়ে আমরা গর্ববোধ করি, যাতে জামাতগুলো তা দেখতে পায়।
Currently Selected:
২ করিন্থীয় 8: MBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006