YouVersion Logo
Search Icon

প্রকাশিত কালাম 6

6
একটি কিতাবের সাতটি সীলমোহর খুলবার দর্শন
1পরে আমি দেখলাম, যখন সেই মেষশাবক সেই সাতটি সীলমোহরের মধ্যে প্রথম সীলমোহরটি খুললেন, তখন আমি সেই চার জন প্রাণীর মধ্যে এক জন প্রাণীর মেঘ-গর্জনের মত এই বাণী শুনলাম, এসো। 2আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, একটি সাদা রংয়ের ঘোড়া এবং তার উপরে যিনি বসে আছেন, তিনি ধনুকধারী ও তাঁকে একটি মুকুট দেওয়া হল; এবং তিনি জয় করতে করতে ও জয় করার জন্য বের হলেন।
3আর তিনি যখন দ্বিতীয় সীলমোহরটি খুললেন, তখন আমি দ্বিতীয় প্রাণীর এই বাণী শুনলাম, এসো। 4পরে আর একটি ঘোড়া বের হল, সেটি লাল রংয়ের এবং যে তার উপরে বসে আছে, তাকে ক্ষমতা দেওয়া হল, যেন সে দুনিয়া থেকে শান্তি অপহরণ করে, আর যেন মানুষেরা পরস্পরকে হত্যা করে; এবং একটি বড় তলোয়ার তাকে দেওয়া হল।
5পরে তিনি যখন তৃতীয় সীলমোহরটি খুললেন, তখন আমি তৃতীয় প্রাণীর এই বাণী শুনলাম, এসো। পরে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, একটি কালো রংয়ের ঘোড়া এবং যে তার উপরে বসে আছে, তার হাতে একটি দাঁড়িপাল্লা। 6পরে আমি চার জন প্রাণীর মধ্য থেকে বের হওয়া এরকম বাণী শুনলাম, এক সের গমের মূল্য এক সিকি, আর তিন সের যবের মূল্য এক সিকি এবং তুমি তেল ও আঙ্গুর-রসের ক্ষতি করো না।
7পরে তিনি যখন চতুর্থ সীলমোহরটি খুললেন, তখন আমি চতুর্থ প্রাণীর এই বাণী শুনলাম, এসো। 8পরে আমি দৃষ্টিপাত করলাম, আর দেখ, একটি ফ্যাকাশে রংয়ের ঘোড়া এবং যে তার উপরে বসে আছে, তার নাম মৃত্যু এবং পাতাল তার পিছনে চলেছে; আর তাদের দুনিয়ার চতুর্থ অংশের উপরে কর্তৃত্ব দেওয়া হল, যেন তারা তরবারি, দুর্ভিক্ষ, মহামারী ও বন্য পশু দ্বারা হত্যা করে।
9পরে তিনি যখন পঞ্চম সীলমোহরটি খুললেন, তখন আমি দেখলাম, কোরবানগাহ্‌র নিচে সেই লোকদের প্রাণ আছে, যাঁরা আল্লাহ্‌র কালামের জন্য এবং তাঁরা যে সাক্ষ্য দিয়েছিলেন সেই কারণে হত্যা করা হয়েছিল। 10তাঁরা জোরে চিৎকার করে ডেকে বললেন, হে পবিত্র সত্যময় অধিপতি, বিচার করতে এবং দুনিয়া-নিবাসীদেরকে আমাদের রক্তপাতের প্রতিফল দিতে কত কাল বিলম্ব করবে? 11তখন তাঁদের প্রত্যেককে সাদা কাপড় দেওয়া হল এবং তাঁদেরকে বলা হল যে, তাঁদের যে সহ-গোলাম ও ভাইদেরকে তাঁদের মত নিহত হতে হবে, যে পর্যন্ত তাঁদের সংখ্যা পূর্ণ না হয় সেই পর্যন্ত তাদের কিছুকাল অপেক্ষা করতে হবে।
12পরে আমি দেখলাম, তিনি যখন ষষ্ঠ সীলমোহরটি খুললেন, তখন মহা ভূমিকমপ হল; এবং সূর্য চটের মত কালো রংয়ের ও পূর্ণচন্দ্র রক্তের মত হল; 13আর ডুমুর গাছে প্রবল বায়ু বইলে ডুমুর যেমন অসময়ে পড়ে যায়, তেমনি আসমানের তারাগুলো দুনিয়ার উপর খসে পড়লো; 14আর আসমান গুটানো পুস্তকের মত অপসারিত হল এবং সমস্ত পর্বত ও সমস্ত দ্বীপ স্থানচ্যুত হল। 15আর দুনিয়ার বাদশাহ্‌রা, সম্ভ্রান্ত লোকেরা, সহস্রপতিরা, ধনবানেরা, বিক্রমশালীরা এবং সমস্ত গোলাম ও স্বাধীন লোকেরা গুহা ও পর্বতের শৈলে গিয়ে লুকাল, 16আর পর্বত ও শৈলগুলোকে বলতে লাগল, আমাদের উপরে পড়, যিনি সিংহাসনে বসে আছেন, তাঁর সম্মুখ থেকে এবং মেষশাবকের গজব থেকে আমাদের লুকিয়ে রাখ; 17কেননা তাঁদের গজব নাজেলের সেই মহাদিন এসে পড়লো, আর কে দাঁড়াতে পারে?

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in