প্রকাশিত কালাম 5
5
আল্লাহ্র মেষশাবকের বেহেশতী মহিমা
1আর, যিনি সিংহাসনে বসে আছেন, আমি তাঁর ডান হাতে একটি কিতাব দেখলাম; তা ভিতরে ও বাইরে লেখা এবং সাতটি মোহর দিয়ে সীলমোহর করা ছিল। 2পরে আমি দেখলাম, এক শক্তিশালী ফেরেশতা জোর গলায় এই কথা ঘোষণা করছেন, ঐ কিতাব ও তার সীলমোহরগুলো খুলবার যোগ্য কে? 3কিন্তু বেহেশতে বা দুনিয়াতে বা দুনিয়ার নিচে সেই কিতাব খুলতে অথবা তার প্রতি দৃষ্টিপাত করতে কারো সাধ্য হল না। 4তখন আমি ভীষণভাবে কাঁদতে লাগলাম, কারণ সেই কিতাব খুলবার ও তার প্রতি দৃষ্টিপাত করার যোগ্য কাউকেও পাওয়া গেল না। 5তাতে সেই প্রাচীনদের মধ্যে এক জন আমাকে বললেন, কেঁদো না; দেখ, যিনি এহুদা-বংশীয় সিংহ, দাউদের মূলস্বরূপ, তিনি ঐ কিতাব ও তার সাতটি সীলমোহর খুলবার জন্য বিজয়ী হয়েছেন।
6পরে আমি দেখলাম, ঐ সিংহাসন ও চার জন প্রাণীর মধ্যে ও প্রাচীনদের মধ্যে একটি মেষশাবক দাঁড়িয়ে আছে, তাঁকে যেন হত্যা করা হয়েছিল; তাঁর সাতটি শিং ও সাতটি চোখ; সেই চোখ সারা দুনিয়াতে প্রেরিত আল্লাহ্র সাতটি রূহ্। 7পরে তিনি এসে, যিনি সিংহাসনে বসে আছেন, তাঁর ডান হাত থেকে সেই কিতাবটি গ্রহণ করলেন। 8তিনি যখন কিতাবখানি গ্রহণ করেন, তখন ঐ চার প্রাণী ও চব্বিশ জন প্রাচীন মেষশাবককের সাক্ষাতে সেজ্দা করলেন; তাঁদের প্রত্যেকের কাছে একটি বীণা ও সুগন্ধি ধূপে পরিপূর্ণ সোনার বাটি ছিল; সেই ধূপ পবিত্র লোকদের মুনাজাত-স্বরূপ। 9আর তাঁরা একটি নতুন গজল গাইলেন, বললেন,
‘তুমি ঐ কিতাব গ্রহণ করার
ও তার সীলমোহরগুলো খুলবার
যোগ্য;
কেননা তুমি হত হয়েছ
এবং নিজের রক্ত দ্বারা সমস্ত বংশ
ও ভাষা ও জাতি ও লোকবৃন্দ থেকে
আল্লাহ্র জন্য লোকদেরকে ক্রয় করেছ;
10এবং আমাদের আল্লাহ্র উদ্দেশে
তাদেরকে রাজ্য দিয়েছ ও ইমাম করেছ;
আর তারা দুনিয়ার উপরে রাজত্ব করবে।’
11পরে আমি দৃষ্টিপাত করলাম এবং সেই সিংহাসন ও প্রাণীদের ও প্রাচীনদের চারদিকে অনেক ফেরেশতার কণ্ঠস্বর শুনলাম; তাঁদের সংখ্যা হাজার হাজার, কোটি কোটি। তাঁরা উচ্চৈঃস্বরে বললেন,
12‘মেষশাবক, যিনি হত হয়েছিলেন,
তিনিই পরাক্রম ও ধন ও জ্ঞান ও
শক্তি ও সমাদর ও গৌরব ও শুকরিয়া,
এসব গ্রহণ করার যোগ্য।’
13পরে আমি আরও শুনলাম, বেহেশতে ও দুনিয়াতে ও দুনিয়ার নিচে ও সমুদ্রের উপরে যেসব সৃষ্ট বস্তু এবং এই সকলের মধ্যে যা কিছু আছে, সমস্ত কিছুই এই কথা বলছে,
‘যিনি সিংহাসনে বসে আছেন,
তাঁর প্রতি ও মেষশাবকের প্রতি
শুকরিয়া
ও সমাদর ও গৌরব ও কর্তৃত্ব
যুগপর্যায়ের যুগে যুগে বর্তুক।’
14আর সেই চার জন প্রাণী বললেন, আমিন। আর সেই প্রাচীনেরা ভূমিতে উবুড় হয়ে সেজদা করলেন।
Currently Selected:
প্রকাশিত কালাম 5: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013