YouVersion Logo
Search Icon

প্রকাশিত কালাম 20

20
হাজার বছর ও মহাবিচারের বর্ণনা
1পরে আমি বেহেশত থেকে এক জন ফেরেশতাকে নেমে আসতে দেখলাম, তাঁর হাতে অতল গহ্বরের চাবি এবং বড় একটি শিকল ছিল। 2তিনি সেই নাগকে ধরলেন; এই সেই পুরানো সাপ, ইবলিস [অপবাদক] এবং শয়তান [বিপক্ষ]; তিনি তাকে এক হাজার বছরের জন্য বাঁধলেন, 3আর তাকে অতল গহ্বরের মধ্যে ফেলে দিয়ে সেই স্থানের মুখ বন্ধ করে তা সীলমোহর করলেন, যেন এক হাজার বছর সমপূর্ণ না হলে সে জাতিবৃন্দকে আর ভ্রান্ত করতে না পারে; তারপর অল্পকালের জন্য তাকে মুক্ত হতে হবে।
4পরে আমি কয়েকটি সিংহাসন দেখলাম; সেগুলোর উপরে কেউ কেউ বসলেন, তাঁদেরকে বিচার করার ভার দেওয়া হল। আর ঈসার সাক্ষ্য ও আল্লাহ্‌র কালামের জন্য যারা কুঠার দ্বারা হত হয়েছিল এবং যারা সেই পশুকে ও তার মূর্তির পূজা করে নি, আর নিজ নিজ ললাটে ও হাতে তার চিহ্ন ধারণ করে নি তাদের প্রাণও দেখলাম; তারা জীবিত হয়ে হাজার বছর মসীহের সঙ্গে রাজত্ব করলেন। 5যে পর্যন্ত সেই হাজার বছর সমাপ্ত না হল, সেই পর্যন্ত অবশিষ্ট মৃতেরা জীবিত হল না। 6এটিই প্রথম পুনরুত্থান। যে কেউ এই প্রথম পুরুত্থানের অংশী হয়, সে ধন্য ও পবিত্র; তাদের উপরে দ্বিতীয় মৃত্যুর কোন কর্তৃত্ব নেই; কিন্তু তারা আল্লাহ্‌ ও মসীহের ইমাম হবে এবং সেই হাজার বছর তাঁর সঙ্গে রাজত্ব করবে।
ইবলিসকে আগুন ও গন্ধকের হ্রদে নিক্ষেপ
7সেই হাজার বছর সমাপ্ত হলে শয়তানকে তার কারাগার থেকে মুক্ত করা যাবে। 8তাতে সে “দুনিয়ার চার কোণে অবস্থিত জাতিদেরকে, ইয়াজুজ ও মাজুজকে” ভ্রান্ত করে যুদ্ধে একত্র করার জন্য বের হবে; তাদের সংখ্যা সমুদ্রের বালুকণার মত। 9তারা বিস্তীর্ণ দুনিয়ার মধ্য দিয়ে অগ্রসর হয়ে পবিত্র লোকদের শিবির এবং প্রিয় নগরটি ঘেরাও করলো; তখন বেহেশত থেকে আগুন পড়ে তাদের গ্রাস করলো। 10আর তাদের ভ্রান্তিজনক ইবলিসকে আগুন ও গন্ধকের হ্রদে নিক্ষেপ করা হল, যেখানে ঐ পশু ও ভণ্ড নবীরাও আছে; আর তারা যুগের পর যুগ ধরে সেখানে দিনরাত যন্ত্রণা ভোগ করবে।
মৃতদের বিচার
11পরে আমি একটি বড় সাদা রংয়ের সিংহাসন ও যিনি তার উপরে বসে আছেন, তাঁকে দেখতে পেলাম; তাঁর সম্মুখ থেকে আসমান ও জমিন পালিয়ে গেল; তাদের জন্য আর স্থান পাওয়া গেল না। 12আর আমি দেখলাম, ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে আছে; পরে কয়েকখানি কিতাব খোলা হল এবং আর একখানি কিতাব, অর্থাৎ জীবন-কিতাব খোলা হল এবং মৃতদের কিতাবগুলোতে যেমন লেখা হয়েছিল তাদের সেই কাজ অনুসারে বিচার করা হল। 13আর সমুদ্র তার মধ্যবর্তী মৃতদেরকে তুলে দিল এবং মৃত্যু ও পাতাল তাদের মধ্যবর্তী মৃতদেরকে তুলে দিল এবং তাদের প্রত্যেকের নিজ নিজ কাজ অনুসারে বিচার করা হল। 14পরে মৃত্যু ও পাতালকে আগুনের হ্রদে নিক্ষেপ করা হল; এই আগুনের হ্রদই হল দ্বিতীয় মৃত্যু। 15আর জীবন-কিতাবে যার নাম লেখা পাওয়া গেল না, তাকে আগুনের হ্রদে নিক্ষেপ করা হল।”

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in