জবুর শরীফ 80
80
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শোশন্নীম্ এদূৎ। আসফের কাওয়ালী।
1হে ইসরাইলের পালক, কান দাও,
ইউসুফকে ভেড়ার পালের মত চালাও যে তুমি,
কারুবীদ্বয়ে আসীন যে তুমি, তুমি দেদীপ্যমান হও।
2আফরাহীম, বিন্ইয়ামীন ও মানশার সম্মুখে নিজের পরাক্রম সতেজ কর,
আমাদের উদ্ধার করতে আগমন কর।
3হে আল্লাহ্, আমাদেরকে ফিরাও,
তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা উদ্ধার পাব।
4হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্,
তুমি নিজের লোকদের মুনাজাতের বিরুদ্ধে কতকাল ক্রুদ্ধ থাকবে?
5তুমি খাবার হিসেবে তাদেরকে চোখের পানি দিয়েছ,
বহুল পরিমাণে চোখের পানি পান করিয়েছ।
6তুমি প্রতিবেশীদের মধ্যে আমাদেরকে বিবাদের পাত্র করছো,
আমাদের দুশমনেরা একযোগে পরিহাস করে।
7হে বাহিনীগণের আল্লাহ্, আমাদেরকে ফিরাও,
তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা নিস্তার পাব।
8তুমি মিসর থেকে একটি আঙ্গুরলতা এনেছিলে,
জাতিদের দূর করে তা রোপণ করেছিলে।
9তুমি তার জন্য ভূমি পরিষ্কার করেছিলে,
তা বদ্ধমূল হয়ে দেশময় ব্যাপ্ত হল।
10তার ছায়ায় পর্বতমালা ঢাকা পড়ে গেল,
তার সমস্ত শাখা শক্তিশালী এরস গাছগুলোকে ঢেকে ফেললো।
11তা সমুদ্র পর্যন্ত নিজের তরুশাখা,
নদী পর্যন্ত নিজের শিকড় বিস্তার করলো।
12তুমি কেন তার বেড়া ভেঙ্গে ফেললে?
যে সব পথিক তার পাশ দিয়ে যায় তারাই যে তার ফল ছেঁড়ে।
13বন থেকে শূকর এসে তা ছারখার করে,
মাঠের পশু তা মুড়িয়ে খেয়ে ফেলে।
14আরজ করি, আবার ফির, হে বাহিনীগণের আল্লাহ্,
বেহেশত থেকে চেয়ে দেখ, এই আঙ্গুরলতার তত্ত্ব কর;
15তোমার ডান হাত দিয়ে যে চারা রোপন করেছ, সেই চারার তত্ত্ব কর।
16তা আগুনে পুড়ে গেছে, তা কেটে ফেলা হয়েছে;
তোমার মুখের ভর্ৎসনায় লোক বিনষ্ট হচ্ছে।
17তোমার হাতখানা তোমার ডান হাতের মানুষের উপরে,
তোমার কাজের জন্য যাকে সবল করেছ, তার উপরে থাকুক।
18তাতে আমরা তোমা থেকে ফিরে যাব না;
তুমি আমাদের সঞ্জীবিত কর, আমরা তোমার নামে ডাকব।
19হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্, আমাদের ফিরাও;
তোমার মুখ উজ্জ্বল কর, তাতে আমরা নিস্তার পাব।
Currently Selected:
জবুর শরীফ 80: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013