YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 77

77
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। যিদুথূনের প্রণালীতে। আসফের কাওয়ালী।
1আমি চিৎকার করে আল্লাহ্‌র কাছে কান্নাকাটি করবো;
চিৎকার করে আল্লাহ্‌র কাছে কান্নাকাটি করবো,
তিনি আমার কান্না শুনে জবাব দেবেন।
2সঙ্কটের দিনে আমি প্রভুর খোঁজ করলাম;
রাতের বেলায় আমার হাত প্রসারিত থাকলো, সঙ্কুচিত হল না;
আমার প্রাণ প্রবোধ মানল না।
3আমি আল্লাহ্‌কে স্মরণ করে কাতর আর্তনাদ করছি;
ভাবনা করতে করতে আমার রূহ্‌ মূর্চ্ছিত হচ্ছে।
[সেলা।]
4তুমি আমার চোখের পাতা খোলা রাখছ;
আমি এত উদ্বিগ্ন যে, কথা বলতে পারি না।
5আমি আলোচনা করলাম পূর্বকালের সমস্ত দিন,
পুরাকালের সমস্ত বছর।
6আমি আমার রাত্রিকালীন গজল স্মরণ করি,
আমি মনে মনে ধ্যান করি;
আমার রূহ্‌ অনুসন্ধান করলো।
7প্রভু কি চিরকালের জন্য ত্যাগ করবেন?
তিনি কি আর সুপ্রসন্ন হবেন না?
8তাঁর অটল মহব্বত কি চিরতরে শেষ হয়েছে?
তাঁর ওয়াদা কি পুরুষানুক্রমে বিফল থাকবে?
9আল্লাহ্‌ কি প্রসন্ন থাকতে ভুলে গেছেন
তিনি ক্রোধে কি তাঁর করুণা রুদ্ধ
করেছেন? [সেলা।]
10পরে আমি বললাম, এটাই আমার দুঃখ যে,
সর্বশক্তিমানের ডান হাতখানা বদলে গেছে।
11আমি মাবুদের সমস্ত কাজ উল্লেখ করবো;
তোমার পূর্বকালীন অলৌকিক সমস্ত কাজ স্মরণ করবো।
12আমি তোমার সমস্ত কাজ ধ্যানও করবো,
তোমার সমস্ত কাজ আলোচনা করবো।
13হে আল্লাহ্‌, পবিত্রতায় তোমার পথ;
আল্লাহ্‌র মত মহান আল্লাহ্‌ কে?
14তুমিই সেই আল্লাহ্‌ যিনি অলৌকিক কাজ করে থাকেন,
তুমি জাতিদের মধ্যে তোমার পরাক্রম প্রকাশ করেছ।
15তুমি বাহুবল দ্বারা তোমার লোকদের,
ইয়াকুবের ও ইউসুফের সন্তানদেরকে, মুক্ত করেছ। [সেলা।]
16হে আল্লাহ্‌, জলরাশি তোমাকে দেখলো;
জলরাশি তোমাকে দেখে কেঁপে উঠলো,
সমস্ত জলধিও বিচলিত হল।
17মেঘমালা পানির ধারা বর্ষণ করলো,
আসমান গর্জন করলো,
তোমার তীরগুলো চারদিকে চমকাতে লাগল।
18ঘূর্ণিবাতাসে তোমার বজ্রের ধ্বনি হল,
বিদ্যুৎ জগৎকে দেদীপ্যমান করলো,
দুনিয়া কেঁপে উঠলো ও দুলতে লাগল।
19সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল,
বহু জলরাশির মধ্যে তোমার পথ ছিল,
তোমার পদচিহ্ন জানা গেল না।
20তুমি নিজের লোকদেরকে ভেড়ার পালের মত
মূসা ও হারুনের হাত দিয়ে চালিয়েছিলে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for জবুর শরীফ 77