YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 73

73
জবুর
দুষ্টদের উন্নতিতে সমস্যা
আসফের কাওয়ালী।
1আল্লাহ্‌ সত্যিই মঙ্গলস্বরূপ, ইসরাইলের পক্ষে,
যারা শুদ্ধচিত্ত তাদের পক্ষে।
2কিন্তু আমার চরণ প্রায় টলেছিল;
আমার পাদবিক্ষেপ প্রায় স্খলিত হয়েছিল।
3কারণ যখন দুষ্টদের কল্যাণ দেখেছিলাম,
তখন গর্বিতদের প্রতি ঈর্ষা করেছিলাম।
4কেননা তারা মৃত্যুকালে যন্ত্রণা পায় না,
বরং তাদের কলেবর হৃষ্টপুষ্ট।
5মানুষের মত কষ্ট তাদের হয় না;
মানুষের মত তারা আহত হয় না।
6এজন্য অহঙ্কার তাদের কণ্ঠের হারের মত,
কাপড়ের মত দৌরাত্ম্য তাদেরকে আচ্ছাদন করে।
7মেদের ঠেলায় তাদের চোখ বেরিয়ে আসে,
তাদের মনের কুমতলব উপ্‌চে পড়ছে।
8তারা বিদ্রূপ করে ও দুষ্টতায় উপদ্রবের কথা বলে,
অহংকারের বশে তারা জুলুমের ভয় দেখায়।
9তারা আসমানে মুখ রেখেছে,
এবং তাদের জিহ্বা দুনিয়াতে রেখে ঘুরে বেড়ায়।
10এজন্য তাদের লোকেরা তাদের দিকে ফিরে,
তারা যা বলে তা পানির মত গিলে।
11আর তারা বলে, আল্লাহ্‌ কিভাবে জানবেন?
সর্বশক্তিমানের কি জ্ঞান আছে?
12দেখ, এরাই দুর্জন,
এরা চিরকাল নির্বিঘ্নে থেকে ধন বৃদ্ধি করেছে।
13নিশ্চয় আমি বৃথাই অন্তর পরিষ্কার করেছি,
আমার হাত মিথ্যাই নির্দোষ রেখেছি।
14কেননা আমি সমস্ত দিন আহত হয়েছি,
প্রতি প্রভাতে শাস্তি পেয়েছি।
15যদি আমি বলতাম, এরকম বর্ণনা করবো,
তবে দেখ, তোমার সন্তানদের বংশের প্রতি বিশ্বাসঘাতক হতাম।
16আমি তা বুঝবার জন্য চিন্তা করলাম,
কিন্তু তা আমার দৃষ্টিতে কষ্টকর হল,
17যতদিন আমি আল্লাহ্‌র পবিত্র স্থানে প্রবেশ না করলাম,
ও তাদের শেষ ফল বিবেচনা না করলাম।
18তুমি তাদেরকে পিচ্ছিল স্থানেই রাখছ,
তাদেরকে বিনাশে ফেলে দিচ্ছ।
19তারা নিমিষকালের মধ্যে কেমন উচ্ছিন্ন হয়,
নানা ত্রাসে কেমন নিঃশেষে সংহার হয়।
20নিদ্রা ভঙ্গ হলে পর যেমন স্বপ্ন তুচ্ছ হয়,
তেমনি, হে মালিক, তুমি জাগলে তাদের মূর্তিগুলোকে তুচ্ছ করবে।
21কারণ আমার অন্তর শোকাভিভূত হল,
আমার অন্তর বিদ্ধ হল;
22আমি মূর্খ ও অজ্ঞান,
তোমার কাছে পশুর মত ছিলাম।
23কিন্তু আমি নিরন্তর তোমার সঙ্গে সঙ্গে আছি;
তুমি আমার ডান হাত ধরে রেখেছ।
24তুমি নিজের মন্ত্রণায় আমাকে গমন করাবে,
শেষে সপ্রতাপে আমাকে গ্রহণ করবে।
25বেহেশতে আমার কে আছে?
দুনিয়াতেও তোমা ভিন্ন আর কিছুতে আমার প্রীতি নেই।
26আমার মাংস ও আমার অন্তর ক্ষয় পাচ্ছে,
তবুও আল্লাহ্‌ চিরকাল আমার অন্তরের শৈল ও আমার উত্তরাধিকার।
27কেননা দেখ, যারা তোমা থেকে দূরে থাকে, তারা বিনষ্ট হবে;
যেসব লোক তোমার প্রতি অবিশ্বস্ত হয়,
সে সকলকে তুমি উচ্ছিন্ন করেছ।
28কিন্তু আল্লাহ্‌র সান্নিধ্যে থাকা আমারই পক্ষে মঙ্গল;
আমি সার্বভৌম মাবুদের আশ্রয় নিলাম,
যেন তোমার সমস্ত কাজ বর্ণনা করতে পারি।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for জবুর শরীফ 73