জবুর শরীফ 71
71
জবুর
1হে মাবুদ, আমি তোমার আশ্রয় নিয়েছি;
আমাকে কখনও লজ্জিত হতে দিও না।
2তোমার ধর্মশীলতায় আমাকে উদ্ধার কর, রক্ষা কর;
আমার দিকে কান দাও, আমাকে নিস্তার কর।
3তুমি আমার আশ্রয়স্থানের শৈল হও,
শক্তিশালী দুর্গ হও, আমাকে নিস্তার করার জন্য;
কেননা তুমিই আমার শৈল ও আমার আশ্রয়-দুর্গ।
4হে আমার আল্লাহ্, আমাকে উদ্ধার কর,
দুর্জনের হাত থেকে, অন্যায়কারী ও উপদ্রবীর হাত থেকে।
5কেননা, হে সার্বভৌম মাবুদ, তুমি আমার আশা;
তুমি বাল্যকাল থেকে আমার বিশ্বাস-ভূমি।
6মাতৃগর্ভ থেকে তোমার উপরেই আমার নির্ভর;
জননীর জঠর থেকে তুমিই আমার হিতৈষী;
আমি সতত তোমারই প্রশংসা করি।
7আমি অনেকের দৃষ্টিতে অদ্ভুত লক্ষণস্বরূপ;
কিন্তু তুমি আমার দৃঢ় আশ্রয়।
8আমার মুখ তোমার প্রশংসায় পরিপূর্ণ থাকবে,
সমস্ত দিন তোমার সৌন্দর্য বর্ণনা করবে।
9বৃদ্ধ বয়সে আমাকে পরিত্যাগ করো না,
আমার বল ক্ষয় পেলে আমাকে ছেড়ে যেও না।
10কারণ আমার দুশমনেরা আমার বিষয়ে কথা বলে,
আমার প্রাণের উপরে যাদের চোখ, তারা একত্র মন্ত্রণা করে।
11তারা বলে, আল্লাহ্ ওকে ত্যাগ করেছেন, দৌড়ে ওকে ধর,
কেননা উদ্ধারকারী কেউই নেই।
12হে আল্লাহ্, আমার কাছ থেকে দূরে দাঁড়িয়ে থেকো না;
আমার আল্লাহ্, আমাকে সাহায্য করতে ত্বরা কর।
13তারা লজ্জিত ও উচ্ছিন্ন হোক,
যারা আমার প্রাণের বিপক্ষ;
তারা তিরস্কার ও অপমানে আচ্ছন্ন হোক,
যারা আমার অনিষ্ট চেষ্টা করে।
14কিন্তু আমি নিরন্তর প্রত্যাশা করবো,
এবং উত্তরোত্তর তোমার আরও প্রশংসা করবো।
15আমার মুখ তোমার ধর্মশীলতা বর্ণনা করবে,
তোমার উদ্ধার-কাজের কথা সমস্ত দিন বর্ণনা করবে,
কেননা আমি তার সংখ্যা জানি না।
16আমি আমার সার্বভৌম মাবুদের পরাক্রমের সমস্ত কাজ নিয়ে উপস্থিত হব;
আমি তোমার, কেবল তোমারই ধর্মশীলতা উল্লেখ করবো।
17হে আল্লাহ্, তুমি বাল্যকাল থেকে আমাকে শিক্ষা দিয়ে আসছ;
আর এই পর্যন্ত আমি তোমার আশ্চর্য সমস্ত কাজ তবলিগ করছি।
18হে আল্লাহ্, বৃদ্ধ বয়স ও পক্ককেশের কাল পর্যন্তও
আমাকে পরিত্যাগ করো না,
যতদিন আমি পরের বংশধরদের কাছে তোমার বাহুবল,
এবং তোমার পরাক্রম জ্ঞাত না করি।
19হে আল্লাহ্, তোমার ধর্মশীলতা আসমান পর্যন্ত ব্যাপ্ত;
তুমিই মহৎ মহৎ কাজ করেছ;
হে আল্লাহ্, তোমার মত আর কে আছে?
20তুমি আমাদেরকে অনেক দারুণ সঙ্কট দেখিয়েছ,
তুমি ফিরে আমাদেরকে সঞ্জীবিত করবে,
দুনিয়ার অধঃস্থান থেকে পুনর্বার উঠাবে।
21তুমি আমার মহত্ত্ব বৃদ্ধি কর,
এবং ফিরে আমাকে সান্ত্বনা দাও।
22আবার আমি নেবল যন্ত্রে তোমার প্রশংসা করবো,
হে আমার আল্লাহ্, তোমার বিশ্বস্ততার প্রশংসা-গজল করবো,
হে ইসরাইলের পবিত্রতম, বীণাতে তোমার উদ্দেশে গজল গাইব।
23তোমার উদ্দেশে গজল গাইবার সময়ে আমার ওষ্ঠাধর আনন্দগান করবে,
আমার প্রাণও তা করবে, যা তুমি মুক্ত করেছ।
24আমার জিহ্বাও সমস্ত দিন তোমার ধর্মশীলতার কথা বলবে,
কারণ তারা লজ্জিত হয়েছে, তারা হতাশ হয়েছে,
যারা আমার অনিষ্ট চেষ্টা করে।
Currently Selected:
জবুর শরীফ 71: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013