জবুর শরীফ 55
55
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। হযরত দাউদের মস্কীল।
1হে আল্লাহ্, আমার মুনাজাতে কান দাও,
আমার ফরিয়াদ থেকে তুমি নিজেকে লুকিয়ে রেখো না।
2আমার প্রতি মনযোগ দাও, আমাকে উত্তর দাও;
আমি ভাবনায় অস্থির হচ্ছি, কাতর আর্তনাদ করছি,
3দুশমনের হুঙ্কার হেতু, দুর্জনের জুলুম হেতু;
কেননা তারা আমাতে অধর্ম আরোপ করে,
ক্রোধে আমাকে তাড়না করে।
4আমার মধ্যে আমার হৃদয় বড়ই ব্যথিত হচ্ছে;
মৃত্যুর ত্রাস আমাকে আক্রমণ করেছে।
5ভয় ও কম্প আমাতে প্রবেশ করেছে,
আমি মহাত্রাসে আচ্ছন্ন হয়েছি।
6আমি বললাম, আহা! যদি কবুতরের মত আমার পাখা থাকত,
তবে আমি উড়ে গিয়ে সুস্থির হতাম;
7দেখ, আমি ভ্রমণ করে দূরে যেতাম,
মরুভূমিতে প্রবাস করতাম;
[সেলা।]
8আমি তাড়াতাড়ি রক্ষা পাবার জন্য পালিয়ে যেতাম,
প্রচণ্ড বায়ু ও ঝটিকা থেকে পালিয়ে যেতাম।
9দুষ্টদের হতবুদ্ধি কর, হে প্রভু, ওদের পরিকল্পনা ধ্বংস কর;
কেননা আমি নগরে দৌরাত্ম্য ও কলহ দেখেছি।
10তারা দিনরাত প্রাচীরের উপর দিয়ে নগর প্রদক্ষিণ করে,
আর তার মধ্যে অধর্ম ও অন্যায় রয়েছে।
11তার মধ্যে রয়েছে ধ্বংসের কাজ;
জুলুম ও ছলনা তার নগর-চক ত্যাগ করে না।
12কোন দুশমন যে আমাকে তিরস্কার করেছে, তা নয়,
করলে আমি তা সইতে পারতাম;
বিদ্বেষীও আমার বিরুদ্ধে অহংকার করে নি,
করলে তা থেকে নিজেকে লুকাতাম।
13কিন্তু, আমার সমকক্ষ মানুষ যে তুমি,
আমার বন্ধু ও আমার আত্মীয়, তুমিই তা করেছ।
14আমরা একত্র হয়ে মধুর মন্ত্রণা করতাম,
আমরা সদলে আল্লাহ্র গৃহে গমন করতাম।
15মৃত্যু তাদের উপরে হঠাৎ আসুক;
তারা জীবদ্দশায় পাতালে নামুক;
কারণ তাদের বাড়িতে এবং তাদের অন্তরে নাফরমানী আছে।
16আমি কিন্তু আল্লাহ্কে ডাকব,
তাতে মাবুদ আমাকে নিস্তার করবেন।
17সন্ধ্যায়, প্রাতে ও মধ্যাহ্নে আমি মাতম ও আর্তনাদ করি,
আর তিনি আমার স্বর শোনেন।
18তিনি আমার প্রতিকূল যুদ্ধ থেকে আমার প্রাণ সহিসালামতে মুক্ত করেছেন;
কারণ অনেকে আমার বিপক্ষ ছিল!
19আল্লাহ্ শুনবেন, তাদেরকে উত্তর দেবেন;
তিনি আদিকাল থেকে সিংহাসনে সমাসীন। [সেলা।]
ওদের পরিবর্তন হয় নি,
আর ওরা আল্লাহ্কে ভয় করে না।
20ঐ ব্যক্তি তার বন্ধুদের বিরুদ্ধে হাত তুলেছে,
নিজের নিয়ম লঙ্ঘন করেছে।
21তার মুখ মাখনের মত কোমল,
কিন্তু তার অন্তঃকরণ যুদ্ধময়;
তার সমস্ত কথা তেলের চেয়েও মোলায়েম,
তবুও সেই সমস্ত খাপ থেকে বের করা তলোয়ারস্বরূপ।
22তুমি মাবুদের উপর নিজের ভার অর্পণ কর;
তিনিই তোমাকে ধরে রাখবেন,
কখনও ধার্মিককে বিচলিত হতে দেবেন না।
23কিন্তু হে আল্লাহ্, তুমিই ওদেরকে বিনাশের কূপে নামাবে;
রক্তপাতী ও ছলপ্রিয়েরা আয়ুর অর্ধকালও বাঁচবে না;
কিন্তু আমি তোমার উপরে নির্ভর করবো।
Currently Selected:
জবুর শরীফ 55: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013