YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 109

109
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। হযরত দাউদের কাওয়ালী।
1হে আমার প্রশংসার পাত্র আল্লাহ্‌, নীরব থেকো না।
2কেননা লোকে আমার বিরুদ্ধে নাফরমানীর মুখ ও ছলের মুখ খুলেছে;
তারা মিথ্যাবাদী জিহ্বা দ্বারা আমার সঙ্গে কথা বলেছে।
3তারা ঘৃণার কথা দিয়ে আমাকে ঘিরে ফেলেছে,
এবং অকারণে আমার সঙ্গে যুদ্ধ করেছে।
4আমার প্রেমের পরিবর্তে তারা আমার বিপক্ষ হয়েছে,
কিন্তু আমি মুনাজাতে রত।
5তারা আমার উপরে মঙ্গলের পরিবর্তে অমঙ্গল,
আমার প্রেমের পরিবর্তে হিংসা রেখেছে।
6তুমি সেই ব্যক্তির উপরে দুর্জনকে নিযুক্ত কর;
বিপক্ষ তার ডান পাশে দাঁড়িয়ে থাকুক।
7বিচারে সে দোষী সাব্যস্ত হোক,
তার মুনাজাত গুনাহ্‌রূপে গণিত হোক।
8তার আয়ু অল্প হোক,
অন্য ব্যক্তি তার নেতৃত্বপদ নিয়ে যাক।
9তার সন্তানেরা এতিম হোক,
তার স্ত্রী বিধবা হোক।
10তার সন্তানেরা ভ্রমণ করতে করতে ভিক্ষা করুক,
নিজেদের উৎসন্ন স্থান থেকে দূরে দূরীভূত হোক।
11মহাজন তার সর্বস্ব আটক করুক,
অপর লোকেরা তার শ্রমফল লুট করুক।
12তার প্রতি কৃপা করে, এমন কেউ না থাকুক,
তার এতিম সন্তানদের প্রতি কেউ দয়া না করুক।
13তার ভবিষ্যৎ বংশ উচ্ছিন্ন হোক,
পরবর্তী বংশধরের সময়ে তাদের নাম মুছে যাক।
14তার পিতৃগণের অধর্ম মাবুদের স্মরণে থাকুক,
তার মায়ের গুনাহ্‌ মুছে না যাক।
15সেসব সর্বদা মাবুদের সাক্ষাতে থাকুক,
যেন তিনি দুনিয়া থেকে তাদের স্মৃৃতি লোপ করেন।
16কেননা সে দয়া করার বিষয় বিবেচনা করতো না,
কিন্তু তাড়না করতো দুঃখী ও দরিদ্র ব্যক্তিকে,
ও ভগ্ন হৃদয়ের লোককে, হত্যা করার জন্য।
17সে বদদোয়া দিতে ভালবাসত, তা তারই প্রতি ঘটলো;
দোয়া করতে তার ভাল লাগতো না,
তাই সে তা থেকে দূরে রইলো।
18সে বদদোয়াকে কাপড়ের মত পরতো,
তা তার অন্তরে পানির মত প্রবেশ করলো,
তার অস্থিতে তেলের মত প্রবিষ্ট হল।
19তা তার পক্ষে পরিধানের পোশাকের মত,
ও প্রতিদিনের কোমড়-বন্ধের মত হোক।
20আমার বিপক্ষেরা, আমার প্রাণের বিরুদ্ধে যারা দুর্বাক্য বলে,
তারা যেন মাবুদ থেকে যেন এই ফল পায়।
21কিন্তু, তুমি হে মাবুদ, আমার মালিক,
নিজের নামের অনুরোধে আমার সঙ্গে ব্যবহার কর;
তোমার অটল মহব্বত মঙ্গলময়, অতএব আমাকে উদ্ধার কর।
22কেননা আমি দুঃখী ও দরিদ্র,
এবং আমার হৃদয় আহত হয়েছে।
23আমি সন্ধ্যাকালীন ছায়ার মত বিলীন হচ্ছি,
পঙ্গপালের মত ইতস্তত চালিত হচ্ছি।
24রোজা রেখে রেখে আমার হাঁটু দুর্বল হয়েছে,
আমার দেহ ক্ষীণ হয়েছে।
25আর আমি ওদের কাছে তিরস্কারের পাত্র হয়েছি;
তারা আমাকে দেখলেই অবজ্ঞা করে।
26হে মাবুদ, আমার আল্লাহ্‌, আমায় সাহায্য কর,
নিজের অটল মহব্বত অনুসারে আমাকে নিস্তার কর,
27যেন তারা জানতে পারে যে, এই তোমার হাত,
তুমিই, হে মাবুদ, এসব করেছ।
28তারা বদদোয়া দিক;, কিন্তু তুমি দোয়া করো;
তারা উঠলে লজ্জিত হবে,
কিন্তু তোমার এই গোলাম আনন্দ করবে।
29আমার দুশমনরা অপমানে জর্জরিত হবে,
পোশাকের মত তারা নিজেদের লজ্জায় আচ্ছাদিত হবে।
30আমি নিজের মুখে মাবুদের অতিশয় শুকরিয়া করবো,
লোকারণ্যের মধ্যে তাঁর প্রশংসা করবো।
31কারণ তিনি দরিদ্রের পক্ষে দাঁড়িয়ে থাকেন,
যেন তাদের থেকে তাকে উদ্ধার করেন যারা তাকে মৃত্যুর শাস্তি দিতে চায়।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for জবুর শরীফ 109