জবুর শরীফ 107
107
পঞ্চম খণ্ড (জবুর 107-150)
জবুর
1মাবুদের শুকরিয়া কর, কেননা তিনি মঙ্গলময়,
তাঁর অটল মহব্বত অনন্তকালস্থায়ী।
2মাবুদের মুক্ত করা লোকেরা এই কথা বলুক,
যাদেরকে তিনি বিপক্ষের হাত থেকে মুক্ত করেছেন,
3যাদেরকে তিনি সংগ্রহ করেছেন নানা দেশ থেকে,
পূর্ব ও পশ্চিম থেকে, উত্তর ও দক্ষিণ থেকে।
4তারা মরুভূমিতে নির্জন পথে পরিভ্রমণ করলো,
বসতি-নগর পেল না।
5তারা ক্ষুধিত ও তৃষ্ণার্ত হল,
তাদের প্রাণ অন্তরে মূর্চ্ছাপন্ন হল।
6সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করলো,
আর তিনি তাদেরকে বিপদ থেকে উদ্ধার করলেন।
7তিনি তাদেরকে সরল পথেও গমন করালেন,
যেন তারা বসতি-নগরে যেতে পারে।
8লোকে মাবুদের প্রশংসা-গজল করুক,
তাঁর অটল মহব্বতের দরুন,
মানবজাতির জন্য তাঁর অলৌকিক কাজের দরুণ।
9কারণ তিনি আপ্যায়িত করেন আকাঙ্খী প্রাণকে,
তিনি ক্ষুধিত প্রাণকে উত্তম দ্রব্যে তৃপ্ত করেন।
10লোকেরা অন্ধকারে ও মৃত্যুচ্ছায়ায় বসেছিল,
বন্দী হিসেবে ও লোহার শিকলে বাঁধা ছিল;
11কারণ তারা আল্লাহ্র কালামের বিরুদ্ধাচরণ করতো,
সর্বশক্তিমানের মন্ত্রণা তুচ্ছ করতো;
12তাই তিনি তাদের অন্তর কঠিন পরিশ্রমে অবনত করলেন;
তারা পড়ে গেল, সাহায্যকারী কেউ ছিল না।
13সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করলো,
আর তিনি তাদেরকে কষ্ট থেকে উদ্ধার করলেন।
14তিনি অন্ধকার ও মৃত্যুচ্ছায়া থেকে তাদেরকে বের করে আনলেন,
তাদের বন্ধনগুলো কেটে ফেললেন।
15লোকে মাবুদের প্রশংসা-গজল করুক,
তাঁর অটল মহব্বতের দরুন,
মানবজাতির জন্য তাঁর অলৌকিক কাজের দরুন!
16কারণ তিনি ব্রোঞ্জের দ্বার ভেঙ্গে ফেলেছেন,
লোহার অর্গল কেটে ফেলেছেন।
17মূর্খেরা নিজেদের অধর্মাচরণের দরুন,
নিজেদের অপরাধের দরুন দুর্দশাপন্ন হয়।
18তাদের প্রাণ সমস্ত খাদ্যদ্রব্য ঘৃণা করে,
তারা মৃত্যুদ্বারের সমীপে উপস্থিত হয়।
19সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করে,
আর তিনি তাদেরকে কষ্ট থেকে উদ্ধার করেন।
20তিনি তাঁর কালাম পাঠিয়ে তাদের সুস্থ করেন,
ধ্বংস থেকে তাদেরকে রক্ষা করেন।
21লোকে মাবুদের প্রশংসা-গজল করুক,
তাঁর অটল মহব্বতের জন্য,
মানবজাতির প্রতি তাঁর অলৌকিক কাজের জন্য!
22তারা শুকরিয়া-কোরবানীগুলো উৎসর্গ করুক,
আনন্দগানসহ তাঁর কাজের বর্ণনা করুক।
23যারা জাহাজে চড়ে সমুদ্রযাত্রা করে,
মহাসমুদ্রের মধ্যে বাণিজ্য করে,
24তারা মাবুদের সমস্ত কাজ দেখে,
গভীর পানিতে তাঁর আশ্চর্য ব্যাপারগুলো দেখে।
25তিনি হুকুম দ্বারা প্রচণ্ড বায়ু উত্থাপন করেন,
তা পানির তরঙ্গমালা উঠায়।
26তারা আসমানে উঠে, তারা পানির গভীরে নামে;
বিপাকে পড়ে তাদের প্রাণ গলে যায়।
27তারা মাতাল ব্যক্তির মত হেলেদুলে ঢুলে পড়ে,
তাদের সমস্ত বুদ্ধি বিলুপ্ত হয়।
28সঙ্কটে তারা মাবুদের কাছে কান্নাকাটি করে,
আর তিনি তাদেরকে দুর্দশা থেকে উদ্ধার করেন।
29তিনি ঝড় প্রশমিত করেন;
তাতে জলরাশির তরঙ্গগুলো নিস্তব্ধ হয়।
30তখন তারা আনন্দ করে, কেননা শান্তি হল,
আর তিনি তাদেরকে তাদের অভীষ্ট পোতাশ্রয়ে নিয়ে যান।
31লোকে মাবুদের প্রশংসা-গজল করুক,
তাঁর অটল মহব্বতের জন্য,
মানবজাতির জন্য তাঁর অলৌকিক কাজের জন্য!
32তারা লোক-সমাজে তাঁর প্রতিষ্ঠা করুক,
প্রাচীনদের সভাতে তাঁর প্রশংসা করুক।
33তিনি সমস্ত নদীকে মরুভূমিতে,
পানির ফোয়ারাগুলোকে শুকনো ভূমিতে পরিণত করেন,
34তিনি ফলবান দেশকে লবণ-মরুভূমি করেন,
সেই স্থানের নিবাসীদের কদাচরণের জন্য।
35তিনি মরুভূমিকে জলাশয়ে,
মরুভূমিকে পানির ফোয়ারাগুলোতে পরিণত করেন;
36আর সেখানে তিনি ক্ষুধিত লোকদেরকে বাস করান,
যেন তারা বসতি-নগর প্রস্তুত করে,
37এবং ক্ষেতে বীজ বপন ও আঙ্গুরলতা রোপণ করে,
এবং উৎপন্ন ফল সঞ্চয় করে।
38তিনি তাদেরকে দোয়া করেন, তাই তারা অতিশয় বৃদ্ধি পায়,
এবং তিনি তাদের পশুদের হ্রাস পেতে দেন না।
39আবার তারা হ্রাস পায় ও অবনত হয়,
উৎপীড়ন, বিপদ ও শোকের জন্য।
40তিনি কর্তাদের উপরে তুচ্ছতা ঢেলে দেন,
পথহীন মরুভূমিতে তাদের ভ্রমণ করান;
41কিন্তু দরিদ্রকে দুঃখ থেকে উচ্চে স্থাপন করেন,
আর ভেড়ার পালের মত পরিবারের বৃদ্ধি করেন।
42তা দেখে সরল লোকে আনন্দিত হয়,
আর সমস্ত নাফরমানী তার মুখ রুদ্ধ করে।
43জ্ঞানবান কে? সে এ সব বিবেচনা করবে,
তারা মাবুদের অটল মহব্বত আলোচনা করবে।
Currently Selected:
জবুর শরীফ 107: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013