YouVersion Logo
Search Icon

শমূয়েলের প্রথম পুস্তক 6

6
ঈশ্বরের পবিত্র সিন্দুক ঘরে ফিরিয়ে দেওয়া হল
1সাত মাস পলেষ্টীয়রা তাদের দেশে পবিত্র সিন্দুকটিকে রেখে দিয়েছিল। 2তারা যাজক আর যাদুকরদের ডাকল। তাদের জিজ্ঞাসা করল, “প্রভুর এই সিন্দুক নিয়ে আমাদের কি করা উচিৎ‌? কি করে আমরা সেটা যথাস্থানে ফিরিয়ে দিতে পারি?”
3যাজক আর যাদুকররা বলল, “যদি তোমরা ইস্রায়েলের ঈশ্বরের পবিত্র সিন্দুক ফিরিয়ে দাও তাহলে কখনও তা খালি পাঠাবে না। অবশ্যই তোমরা নৈবেদ্য সাজিয়ে দেবে। তাহলেই ইস্রায়েলের ঈশ্বর তোমাদের পাপ মুক্ত করবেন। তোমরা সুস্থ হবে। যা বললাম তাই করো, তাহলে ঈশ্বর তোমাদের আর শাস্তি দেবেন না।”
4পলেষ্টীয়রা জিজ্ঞেস করল, “ইস্রায়েলের ঈশ্বরের মার্জনা পেতে হলে কি ধরণের উপহার দিতে হবে?”
যাজক আর যাদুকররা বলল, “পাঁচজন পলেষ্টীয় শাসক রয়েছে। এরা প্রত্যেকে এক একটি শহরের নেতা। তোমাদের সমস্ত লোকের ও নেতাদের সমস্যা একই রকম। তাই এক কাজ করো, পাঁচটা সোনার ইঁদুর আর পাঁচটা টিউমার তৈরী করো। 5টিউমারগুলির এবং ইঁদুরের সোনার মূর্ত্তি তৈরী কর যা তোমাদের দেশকে ধ্বংস করছে এবং তাদের ইস্রায়েলের ঈশ্বরের কাছে নিবেদন করো। তাহলে হয়তো তিনি তোমাদের আর তোমাদের দেবতাদের আর সেই সঙ্গে তোমাদের দেশের ওপর সমস্ত শাস্তি রদ করতে পারেন। 6ফরৌণ আর মিশরীয়দের মতো কখনও হৃদয় অনমনীয় করো না। ঈশ্বর মিশরীয়দের শাস্তি দিয়েছিলেন, আর সেই জন্যই মিশরীয়রা ইস্রায়েলীয়দের মিশর ছেড়ে চলে যেতে দিয়েছিল।
7“তোমরা অবশ্যই একটা নতুন টানাগাড়ি তৈরী করো আর সদ্য বিয়োনো দুটো গাভী জোগাড় করো। গাভী দুটো যেন মাঠে কখনও কাজ না করে থাকে। ওদের গাড়ীর সঙ্গে জুড়ে দাও। তারপর বাছুরগুলোকে গোয়ালে পুরে দাও। কিছুতেই যেন তারা মায়েদের পিছু না নেয়। 8গাড়ীর মধ্যে এবার প্রভুর পবিত্র সিন্দুকটি রাখো। আর সিন্দুকের পাশে থলিতে সোনার ছাঁচগুলো রাখবে। সোনার ছাঁচগুলো ঈশ্বরের প্রতি তোমাদের উপহার, যাতে তিনি তোমাদের ক্ষমা করেন। তারপর গাড়ীটা ছেড়ে দাও। 9গাড়ীটার দিকে লক্ষ্য রাখবে। যদি সেটা ইস্রায়েলের বৈৎ‌-শেমশের দিকে যায় তাহলেই বুঝবে প্রভু আমাদের এই ভয়ানক রোগ দিয়েছেন। আর যদি সোজাসুজি বৈৎ‌-শেমশের দিকে না যায় তবে জানবে যে ইস্রায়েলের ঈশ্বর আমাদের শাস্তি দেন নি। তাহলে আমরা জানব আমাদের এমন রোগ এমনিই হয়েছে।”
10পলেষ্টীয়রা যাজক ও যাদুকরদের কথামত কাজ করল। সদ্য বিয়োনো গাভী তারা পেয়ে গেল। গাভী দুটো গাড়ীর সঙ্গে জুড়ে দিল আর বাছুরদের গোয়ালে ঢুকিয়ে দিল। 11তারপর পলেষ্টীয়রা ভেতরে রেখে দিল প্রভুর পবিত্র সিন্দুক। সোনার টিউমার আর ইঁদুরের ছাঁচগুলোর থলিটাও রেখে দিল। 12গাভীদুটো সোজা বৈৎ‌-শেমশের দিকে গেল, সমস্ত রাস্তা তারা হাম্বা হাম্বা শব্দ করে চলল। ডাইনে কি বাঁয়ে একবারও ঘুরল না। পলেষ্টীয় শাসকরা বৈৎ‌-শেমশের সীমানা পর্যন্ত গাভী দুটোর পেছনে পেছনে গেল।
13বৈৎ‌-শেমশের লোকরা উপত্যকার ক্ষেত্র থেকে গম তুলছিল। তারা পবিত্র সিন্দুকটা দেখে খুব খুশী হয়ে সিন্দুকটা পাবার জন্য ছুটে গেল। 14-15মাঠটা ছিল বৈৎ‌-শেমশের বাসিন্দা যিহোশূয়ের। সেই মাঠের ওপর একটা বড় পাথরের কাছে এসে গাড়ীটা থামল। বৈৎ‌-শেমশের লোকরা গরুর গাড়ী থেকে গাড়ীটা আলাদা করে গাভী দুটোকে মেরে ফেলল এবং সেগুলো তারা প্রভুর কাছে নিবেদন করল।
লেবীয়রা প্রভুর পবিত্র সিন্দুক আর সোনার ছাঁচের থলেটা নামিয়ে আনল। তারা প্রভুর সিন্দুক আর থলেটা পাথরের ওপর রাখল। সেদিন বৈৎ‌-শেমশের লোকরা প্রভুকে হোমবলি নিবেদন করল।
16পাঁচজন পলেষ্টীয় শাসক বৈৎ‌-শেমশে এই সমস্ত ক্রিয়াকাণ্ড দেখে সেদিনই ইক্রোণে ফিরে গেল।
17এভাবেই পলেষ্টীয়রা প্রভুর কাছে যে পাপ করেছিল তা স্খালনের জন্য টিউমারের সোনার ছাঁচগুলো উপহার হিসেবে পাঠিয়ে দিয়েছিল। তারা প্রত্যেক পলেষ্টীয় শহরে একটি করে টিউমারের সোনার ছাঁচ পাঠিয়ে দিয়েছিল। পলেষ্টীয়দের এই শহরগুলি হচ্ছে: অস্‌দোদ, ঘসা, অস্কিলোন, গাৎ‌ এবং ইক্রোণ। 18পলেষ্টীয়রা সোনার ইঁদুরের ছাঁচ পাঠিয়েছিল। পলেষ্টীয় শাসকদের যতগুলো শহর ছিল, সোনার তৈরী ইঁদুরও ছিল ততগুলো। শহরগুলো ছিল পাঁচিলে ঘেরা। আবার প্রত্যেক শহর ছিল গ্রাম দিয়ে ঘেরা।
বৈৎ‌-শেমশের লোকরা প্রভুর পবিত্র সিন্দুক পাথর খণ্ডের ওপর রেখে দিল। বৈৎ‌-শেমশের যিহোশূয়ের মাঠে আজও সেই পাথর দেখা যাবে। 19কিন্তু বৈৎ‌-শেমশের লোকরা যখন প্রভুর পবিত্র সিন্দুক দেখতে পেল তখন সেখানে কোন যাজক ছিল না। তাই ঈশ্বর বৈৎ‌-শেমশের 70 জন লোককে হত্যা করলেন। প্রভুর এই কঠোর শাস্তির জন্য বৈৎ‌-শেমশের লোকরা খুব কাঁদল। 20লোকরা বলল, “এই পবিত্র সিন্দুকটির দেখাশোনা করবার যাজক কোথায়? এখান থেকে সরিয়ে নিয়ে আমরা এটাকে কোথায় পাঠাবো?”
21কিরিয়ৎ-যিয়ারীমে একজন যাজক ছিল। বৈৎ‌-শেমশের লোকরা সেখানে দূত পাঠাল। দূতরা বলল, “পলেষ্টীয়রা প্রভুর পবিত্র সিন্দুক ফিরিয়ে দিয়েছে। এবার তোমরা নেমে এসো। সিন্দুকটি তোমাদের শহরে নিয়ে যাও।”

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for শমূয়েলের প্রথম পুস্তক 6