শমূয়েলের প্রথম পুস্তক 5
5
পবিত্র সিন্দুক দ্বারা পলেষ্টীয়দের যন্ত্রণা
1পলেষ্টীয়রা এবন্-এষর থেকে অস্দোদে ঈশ্বরের পবিত্র সিন্দুক নিয়ে গেল। 2পলেষ্টীয়রা ঈশ্বরের পবিত্র সিন্দুকটি দাগোনের মন্দিরে এনে সেটা দাগোনের মূর্ত্তির পাশে রাখল। 3পরদিন সকালে অস্দোদের লোকরা দেখল দাগোনের মূর্ত্তিটা প্রভুর সিন্দুকের সামনেই মুখ থুবড়ে মাটিতে পড়ে আছে।
অস্দোদের লোকরা মূর্ত্তিটাকে তুলে তার জায়গায় ঠিক করে রাখল। 4কিন্তু তার পরের দিন ঘুম থেকে উঠে তারা আবার দেখল, দাগোন আবার মাটিতে পড়ে আছে। প্রভুর পবিত্র সিন্দুকের সামনে দাগোন উপুড় হয়ে পড়ে রয়েছে। এবার দাগোনের মাথা এবং দুটো হাত ভাঙ্গা ছিল এবং চৌকাঠের ওপর পড়ে ছিল। শুধু দেহটাই আস্ত রয়েছে। 5এই কারণে, এমনকি, আজও দাগোনের মন্দিরের চৌকাঠে যাজক অথবা অন্যান্য লোকরা কেউই পা মাড়াতে চায় না।
6প্রভু এবার অস্দোদের লোকদের এবং তাদের প্রতিবেশীদের জীবন দুর্বিষহ করে তুললেন। প্রভু তাদের যথেষ্ট বিপদে ফেললেন। তাদের গায়ে জায়গায় জায়গায় টিউমার বা অর্বুদ দেখা দিল। সবই তাঁর আঘাত। তারপর তিনি ওদের দিকে অসংখ্য ইঁদুর ছেড়ে দিলেন। তারা জাহাজে এবং মাটিতে ছোটাছুটি করতে লাগল। শহরের লোকরা বেশ ভয় পেয়ে গেল। 7এইসব দেখে অস্দোদের লোকরা বলাবলি করল, “ইস্রায়েলের ঈশ্বরের পবিত্র সিন্দুক এখানে যেন না থাকে, ইস্রায়েলের ঈশ্বর আমাদের আর দেবতা দাগোনকে শাস্তি দিচ্ছেন।”
8অস্দোদের লোকরা পাঁচজন পলেষ্টীয় শাসককে ডাকল। তাদের ওরা জিজ্ঞেস করল, “ইস্রায়েলের ঈশ্বরের এই পবিত্র সিন্দুক নিয়ে আমাদের কি করা উচিৎ?”
শাসকরা বলল, “ইস্রায়েলের ঈশ্বরের পবিত্র সিন্দুক গাতে নিয়ে যাও।” সেই মতো পলেষ্টীয়রা পবিত্র সিন্দুক সেখান থেকে সরিয়ে দিল।
9কিন্তু তারা ঈশ্বরের পবিত্র সিন্দুক গাতে নিয়ে যাবার পর প্রভু সেখানকার শহরের লোকদের শাস্তি দিলেন। তারা বেশ ভয় পেয়ে গেল। তারা বিপদে পড়ল। বালক বৃদ্ধ সকলের গায়েই টিউমার বা অর্বুদ দেখা গেল। 10তাই পলেষ্টীয়রা ঈশ্বরের পবিত্র সিন্দুক ইক্রোণে পাঠিয়ে দিল।
কিন্তু সেটা ইক্রোণে এলে সেখানকার লোকরা ক্রন্দন করে বলল, “কেন তোমরা ইস্রায়েলের ঈশ্বরের পবিত্র সিন্দুক আমাদের ইক্রোণে আনলে? তোমরা কি আমাদের ও আমাদের লোকদের মেরে ফেলতে চাও?” 11ইক্রোণের লোকরা পলেষ্টীয় শাসকদের ডেকে বলল, “ইস্রায়েলের ঈশ্বরের সিন্দুক যেখানে ছিল সেখানেই পাঠিয়ে দাও। এই সিন্দুক আমাদের এবং আমাদের লোকদের মেরে ফেলার আগেই কাজটা করে ফেল।”
সারা শহরের যেখানেই ঈশ্বরের হাতের আঘাত পড়েছিল সেখানে ভয়ঙ্কর শাস্তি হয়েছিল। 12বহু লোক মারা গেল। আর যারা বেঁচে রইল তাদের গায়ে আব দেখা দিল। স্বর্গের দিকে তাকিয়ে তারা খুব কাঁদতে শুরু করল।
Currently Selected:
শমূয়েলের প্রথম পুস্তক 5: BERV
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali Holy Bible: Easy-to-Read Version
All rights reserved.
© 2001 Bible League International