গীতসংহিতা 78
78
আসফের মস্কীল।
1হে আমার লোকেরা, আমার উপদেশ শোন,
আমার মুখের কথা শোন।
2আমি একটা জ্ঞানের গান গাব,
আমি অতীতের গোপন বিষয়ে বলব,
3যা আমরা শুনেছি এবং জেনেছি
তা আমাদের পিতৃপুরুষেরা আমাদেরকে বলেছিলেন।
4আমরা সে সকল তাদের সন্তানদের কাছে গোপন করব না,
আমরা সদাপ্রভুুর গৌরব যোগ্য
কাজের বিষয় পরবর্তী প্রজন্মের কাছে বলব,
5কারণ তিনি যাকোবের মধ্যে নিয়মের
আদেশ স্থাপন করিয়েছিলেন
এবং ইস্রায়েলের মধ্যে ব্যবস্থা স্থাপন করিয়েছেন।
তিনি আমাদের পিতৃপুরুষদেরকে আদেশ দিয়েছিলেন
যে তারা নিজেদের সন্তানদের তা শেখাবে।
6তিনি তা আদেশ করেছিলেন যেন
পরবর্তী প্রজন্ম এই আদেশ জানতে পারে,
যে সকল সন্তান এখনও জন্মায় নি,
তারা তা জানতে পারে
এবং তারা যেন আবার নিজের নিজের
সন্তানদের কাছে বর্ণনা করতে পারে।
7তখন তারা তাদের আশা ঈশ্বরে স্থাপন করবে
এবং তাঁর কাজ ভুলবে না কিন্তু তাঁর আদেশ সকল পালন করবে।
8তখন তারা আর তাদের পিতৃপুরুষদের মত হবে না,
যারা জেদী ও বিদ্রোহী বংশ ছিল;
সেই বংশ যাদের হৃদয় যথাযথ ছিল না
এবং যাদের আত্মা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না।
9ইফ্রয়িমরা ধনুক দ্বারা যুদ্ধের সাজে সেজে ছিল,
কিন্তু যুদ্ধের দিনের তারা যুদ্ধ থেকে ফিরে গেল।
10তারা ঈশ্বরের নিয়ম পালন করল না
এবং তারা তাঁর ব্যবস্থার বাধ্য হতে অস্বীকার করল।
11তারা তাঁর কাজ ভুলে গেল,
সেই সকল আশ্চর্য্য কার্য্য,
যা তিনি তাদেরকে দেখিয়ে ছিলেন।
12তিনি তাদের পিতৃপুরুষদের চোখের সামনে
নানা আশ্চর্য্য কার্য্য করেছিলেন। মিশর দেশে,
সোয়নের দেশে করেছিলেন।
13তিনি সমুদ্রকে ভাগ করে তাদেরকে পার করিয়ে ছিলেন,
তিনি জলকে দেওয়ালের মত দাঁড় করিয়েছিলেন।
14তিনি দিনের তাদের মেঘ হয়ে পরিচালনা দিতেন
এবং সমস্ত রাত্রি আগুনের আলো হয়ে পরিচালনা দিতেন।
15তিনি মরুপ্রান্তে শৈল ভেদ করলেন
এবং তিনি তাদেরকে প্রচুর জল দিলেন,
যথেষ্ট পরিমাণে সমুদ্রের মত দিলেন।
16তিনি শৈল থেকে ঝর্না বার করলেন
এবং নদীর জলের মত বওয়ালেন।
17তবুও তারা বার বার তার বিরুদ্ধে পাপ করল,
মরুপ্রান্তে মহান সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করল;
18তারা খাবার চাওয়ার মধ্যে দিয়ে,
স্ব-ইচ্ছায় ঈশ্বরের পরীক্ষা করল।
19তারা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলল;
তার বলল, “ঈশ্বর কি সত্যি মরুপ্রান্তে আমাদের জন্য মেজ সাজাতে পারেন?
20দেখ, তিনি যখন শৈলকে আঘাত করলেন,
জলের ধারা বেরিয়ে এসেছিল
এবং ঝর্নার ধারা প্রবাহিত হয়েছিল৷
কিন্তু তিনি কি খাবার দিতে পারেন?
তিনি কি নিজের প্রজাদের জন্য মাংস যোগাতে পারেন?”
21যখন সদাপ্রভুু তা শুনলেন, তিনি রেগে গেলেন;
তাই আগুন যাকোবের বিরুদ্ধে জ্বলে উঠেছিল
এবং তাঁর রাগ ইস্রায়েলকে আক্রমণ করেছিল,
22কারণ তারা ঈশ্বরে বিশ্বাস করত না
এবং তাঁর পরিত্রাণে নির্ভর করত না।
23তবু তিনি উপরের আকাশকে আদেশ দিলেন
এবং আকাশের দ্বারগুলি খুলে দিলেন।
24তিনি তাদের খাবারের জন্য মান্না বর্ষালেন
এবং তাদেরকে স্বর্গের শস্য দিলেন।
25মানুষেরা দূতেদের খাবার খেল;
তিনি তাদের জন্য পর্যাপ্ত পরিমানে খাবার পাঠালেন।
26তিনি আকাশে পূর্বীয় বায়ু বয়ালেন
এবং নিজের পরাক্রমে দক্ষিণে বায়ুকে পরিচালনা দিলেন।
27তিনি তাদের উপরে মাংসকে ধূলোর মত,
অগুন্তি পাখি সমুদ্রের বালির মত বর্ষালেন।
28সেগুলি তাদের শিবিরের মধ্যে পড়ল,
তাদের তাঁবুর চারিপাশে পড়ল।
29তখন তারা খেল এবং পরিতৃপ্ত হল;
তিনি তাদের দিলেন যা তারা আকাঙ্খা করেছিল;
30কিন্তু তারা তবুও পরিতৃপ্ত হল না;
তাদের খাবার তাদের মুখেই ছিল,
31ঠিক সেই দিনের, ঈশ্বরের ক্রোধ তাদের আক্রমণ করল
এবং তাদের শক্তিশালীদের মেরে ফেলল;
তিনি ইস্রায়েলের যুবকদেরও মেরে ফেললেন।
32এ সত্বেও, তারা পাপ করে চলল
এবং তাঁর আশ্চর্য্য কাজে বিশ্বাস করল না।
33অতএব তিনি তাদের আয়ুর সংখ্যা কমিয়ে দিলেন,
তাদের বছরগুলি আতঙ্কে পূর্ণ হল।
34যখনি ঈশ্বর তাদের দুঃখ দিতেন,
তারা তাঁর খোঁজ করত
এবং তারা ফিরে সযত্নে ঈশ্বরের অন্বেষণ করত;
35তারা স্মরণ করল যে ঈশ্বর তাদের শৈল ছিলেন
এবং সর্বশক্তিমান মহান ঈশ্বরই তাদের মুক্তিদাতা।
36কিন্তু তারা মুখে তাঁর গৌরব করল
এবং জিভে তাঁর কাছে মিথ্যা বলল;
37কারণ তাদের হৃদয় তাঁর প্রতি স্থির ছিল না,
তারা তাঁর নিয়মেও বিশ্বস্ত ছিল না।
38তবুও তিনি করুণাময়,
তাদের অপরাধ ক্ষমা করলেন
এবং তাদের ধ্বংস করলেন না। হ্যাঁ,
অনেকবার তিনি তাঁর রাগ সম্বরণ করলেন
এবং নিজের সব ক্রোধ উত্তেজিত করলেন না।
39তিনি মনে করলেন যে,
তারা মাংস দিয়ে তৈরী,
বায়ুর মতো যা বয়ে যায়
এবং আর ফিরে আসে না।
40তারা মরুপ্রান্তে কতবার তার বিরুদ্ধে বিদ্রোহ করল
এবং অনুর্বর জায়গায় কতবার তাকে দুঃখ দিল।
41তারা বারবার ঈশ্বরের পরীক্ষা করল
এবং ইস্রায়েলের পবিত্রতমকে অসন্তুষ্ট করল।
42তারা তাঁর ক্ষমতার বিষয়ে স্মরণ করল না,
কিভাবে তিনি তাদেরকে শত্রুদের থেকে উদ্ধার করলেন।
43যখন তিনি মিশরে নিজের ভয়ঙ্কর চিহ্নগুলি
এবং সোয়নের এলাকায় নিজের আশ্চর্য্য কাজগুলি সম্পন্ন করলেন।
44তিনি মিশরীয়দের নদীগুলি রক্তে পরিণত করলেন,
যাতে তারা তাদের নদী থেকে পান করতে না পারে।
45তিনি তাদের মধ্যে মাছির ঝাঁক পাঠালেন
যা তাদের গ্রাস করল ও ব্যাঙ যা তাদের জায়গায় আক্রমণ করল।
46তিনি ফড়িংকে তাদের ফসল
এবং পঙ্গপালকে তাদের শ্রমফল দিলেন।
47তিনি শিলা দিয়ে তাদের আঙ্গুরের ক্ষেত
এবং অনেক শিলা দিয়ে তাদের ডুমুর গাছ নষ্ট করে ফেললেন।
48তিনি তাদের গবাদি পশুর ওপরে শিলাবৃষ্টি
এবং তাদের পশুপালের মধ্যে বজ্রপাত করলেন।
49তিনি তাদের বিরুদ্ধে নিজের রাগের প্রচণ্ডতা, ক্রোধ,
কোপ ও বিপদ পাঠালেন দূতের মত যে বিপর্যয় বয়ে আনে।
50তিনি নিজের রাগের জন্য পথ করলেন,
তিনি মৃত্যু থেকে তাদের রক্ষা করেননি;
কিন্তু তাদেরকে মহামারীর হাতে দিলেন।
51তিনি আঘাত করলেন মিশরের সব প্রথম জন্মানো সন্তানকে,
হামের তাঁবুগুলির মধ্যে তাদের শক্তির প্রথমজাতদেরকে মেরে ফেললেন
52তিনি নিজের লোকদেরকে মেষের মত চালালেন,
পশুপালের মত মরুপ্রান্তের মধ্যে দিয়ে তাদের পরিচালনা করলেন।
53তিনি তাদেরকে নিরাপদে ও নির্ভীকভাবে নিয়ে আসলেন,
কিন্তু সমুদ্র তাদের শত্রুদেরকে গ্রাস করল।
54এবং তিনি তাদেরকে তাঁর পবিত্র জায়গার সীমায় আনলেন,
নিজের হাত দিয়ে অর্জিত এই পর্বতে।
55তিনি তাদের সামনে থেকে জাতিদেরকে তাড়িয়ে দিলেন
এবং তাদের অধিকার স্থির করলেন;
তিনি ইস্রায়েলের বংশদেরকে তাদের তাঁবুতে বাস করালেন।
56তবু তারা সর্বশক্তিমান মহান ঈশ্বরের পরীক্ষা করল,
তারা বিদ্রোহী হল এবং
তার গুরুত্বপূর্ণ আদেশগুলি পালন করল না।
57তারা অবিশ্বস্ত হল
এবং বিশ্বাসঘাতকতা করল তাদের পূর্বপুরুষদের মত;
তারা ত্রুটিপূর্ণ ধনুকের মত অনির্ভরযোগ্য হল।
58কারণ তারা তাদের পৌত্তলিক
মন্দিরের দ্বারা তাকে অসন্তুষ্ট করল
এবং তাদের প্রতিমাদের দ্বারা
তারা তাঁকে ঈর্ষান্বিত রাগে প্ররোচিত করল।
59যখন ঈশ্বর তা শুনলেন তিনি রেগে গেলেন,
ইস্রায়েলকে সম্পূর্ণভাবে ত্যাগ করলেন।
60তিনি শীলোহ শহর আশ্রয়স্থল ত্যাগ করলেন,
সেই বাসস্থান, যেখানে তিনি লোকদের মধ্যে ছিলেন।
61তিনি তাঁর শক্তির সিন্দুক বন্দী করার অনুমতি দিলেন
এবং তার মহিমা শত্রুদের হাতে দিলেন।
62তিনি নিজের লোকদেরকে তরোয়ালের হস্তগত করলেন
এবং তিনি তার অধিকারের প্রতি রেগে গেলেন।
63আগুন তাদের যুবকদেরকে গ্রাস করল,
তাদের যুবতী মেয়েদের বিয়ের গান হল না।
64তাদের যাজকরা তরোয়ালের দ্বারা পড়ে গেল
এবং তাদের বিধবারা কাঁদল না।
65তখন প্রভু জাগলেন যেমন একজন ঘুম থেকে জেগে ওঠে,
একজন যোদ্ধার মত যে আঙ্গুর রসের কারণে চিত্কার করে।
66তিনি নিজের বিপক্ষদেরকে মেরে ফিরিয়ে দিলেন,
তাদেরকে চিরকালীন লজ্জার পাত্র করলেন।
67আর তিনি যোষেফের তাঁবু প্রত্যাখ্যান করলেন
এবং ইফ্রয়িমের বংশকে মনোনীত করলেন না;
68তিনি যিহূদার বংশকে ও সিয়োন পর্বতকে
যা তিনি ভালবাসেন সেগুলিকে মনোনীত করলেন।
69তিনি নিজের পবিত্র জায়গা নির্মাণ করলেন,
স্বর্গের মত, পৃথিবীর মত,
যা তিনি চিরকালের জন্য স্থাপন করেছেন।
70তিনি নিজের দাস দায়ূদকে মনোনীত করলেন
এবং তাকে মেষের খোয়াড় থেকে গ্রহণ করলেন;
71তিনি ভেড়াদের পিছন থেকে তাকে আনলেন।
নিজের লোক যাকোবকে ও নিজের অধিকার ইস্রায়েলকে চরাতে দিলেন।
72দায়ূদ তার হৃদয়ের সততানুসারে তাদেরকে চরালেন
এবং নিজের হাতের দক্ষতায় তাদেরকে পরিচালনা করলেন।
Currently Selected:
গীতসংহিতা 78: IRVBen
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
BEN-IRV
Creative Commons License
Indian Revised Version (IRV) - Bengali (ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.