YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 17

17
সুবিচারের আবেদন দাউদের ভজন প্রার্থনাগীতি
1হে প্রভু পরমেশ্বর,
শোন আমার কাতর আবেদন, সুবিচার কর তুমি।
এ নয় ছলনাময় কপট বিনতি, নিবেদন শোন আমার।
2তোমারই সামনে হোক আমার বিচার,
ন্যায়ের প্রতি থাকুক তোমার দৃষ্টি।
3তুমি আমার অন্তর,
নিশীথে করেছ নিরীক্ষণ,
বিশ্লেষণ করেছ আমায়, মন্দতা পাওনি কিছুই,
অনুচিত কথা বলেনি আমার মুখ।
4তোমার বিধান আমি করেছি পালন,
হিংসার পথ করেছি পরিত্যাগ।
5আমি তোমারই পথে চলেছি সুদৃঢ় পদক্ষেপে,
চরণ আমার হয়নি বিচলিত।
6হে ঈশ্বর, আমি তোমাকেই ডাকি কারণ আমি জানি তুমি সাড়া দেবে আমার ডাকে।
কর্ণপাত কর আমার কথায়, শ্রবণ কর আমার নিবেদন।
7প্রকাশ কর তোমার অনন্য প্রেম,
কর উদ্ধার শত্রুর কবল থেকে তোমার শরণাগতদের।
8নয়নের মণির মত সযত্নে রক্ষা কর আমায়,
লুকিয়ে রাখ প্রভু তোমার পক্ষচ্ছায়ায়।
9নিয়ে চল আমায় দুর্বৃত্তদের দৃষ্টির অন্তরালে, উদ্যত ওরা আমায় আক্রমণে,
ঘিরে ধরেছে আমায় হত্যাকারী শত্রুর দল উদ্ধার কর আমায় তাদের আবেষ্টনী থেকে।
10অহঙ্কার রুদ্ধ করেছে ওদের হৃদয়ের দ্বার,
ওরা দম্ভভরে দম্ভের কথা বলে।
11আমার পদচিহ্ন অনুসরণ করে আমাকে ঘিরে ফেলেছে ওরা
আমায় ধরাশায়ী করার সঙ্কল্পে রয়েছে অটল।
12ক্ষুধার্ত সিংহের মত ভয়ঙ্কর ওরা আড়ালে ওৎ পেতে থাকে দৃপ্ত কেশরীর মত।
13হে প্রভু পরমেশ্বর! জাগো প্রতিরোধ কর, উচ্ছেদ কর ওদের।
তোমার উদ্যত তরবারি রক্ষা করুক আমার প্রাণ দুর্বৃত্তের কবল থেকে!
14হে প্রভু পরমেশ্বর, তুমি স্বয়ং এসে বাঁচাও আমার প্রাণ মানুষের হাত থেকে,
ঘোরতর বিষয়ী তারা, তুমি বাঁচাও আমার প্রাণ।
পূর্ণ হয়েছে তাদের এই জগতের সব কিছু চাওয়া পাওয়া,
তৃপ্ত ওদের সন্তানেরা। এমন কি ওরা উত্তরসূরীর জন্যও রেখে যায় তাদের সম্পদের বাকী অংশ।
15কিন্তু আমি ন্যায়ের পথে থেকে দর্শন করব তোমার শ্রীমুখ,
ধন্য হব তোমার রূপের মাধুরীতে নিদ্রাভঙ্গে আমি যখন হব জাগ্রত।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 17