গীতসংহিতা 107
107
পঞ্চম খণ্ড
(গীত 107—150)
সঙ্কটকালে ভক্তের প্রার্থনা
দাউদের ভজন
1প্রভু পরমেশ্বরের স্তব কর তিনি মঙ্গলময়,
চিরস্থায়ী তাঁর করুণা।#১ বংশা 16:34; ২ বংশা 5:13; 7:3; ইষ্রা 3:11; গীত 100:5; 106:1; 118:1; যির 33:11
2প্রভু পরমেশ্বর মুক্ত করেছেন যাদের,
যাদের তিনি দুর্দশা থেকে উদ্ধার করেছেন,
3ফিরিয়ে এনেছেন নানা দেশ থেকে,
পূর্ব ও পশ্চিম, উত্তর ও দক্ষিণ থেকে,
4ঊষর মরুতে তারা পথ হারাল,
বসতির জন্য পেল না কোন নগরীর সন্ধান।
5ক্ষুধাতৃষ্ণায় কাতর হল তারা
হতাশায় হল মুহ্যমান।
6সেই দুর্দশার মাঝে তারা প্রভু পরমেশ্বরের কাছে জানাল আর্তনিবেদন,
আরর তিনি সঙ্কট থেকে তাদের করলেন উদ্ধার।
7তিনি তাদের সঠিক পথে পরিচালিত করে
বসবাস করার জন্য এক নগরে নিয়ে গেলেন।
8প্রভু পরমেশ্বরের ধন্যবাদ করুক তারা,
কারণ তাদের প্রতি তাঁর প্রেম অবিচল, আশ্চর্য তাঁর কীর্তিকলাপ তাদের জন্য।
9তিনি তৃষিতকে তৃপ্ত করেন,
ক্ষুধিতকে সুখাদ্যে করেন পরিতুষ্ট।
10ওরা বসেছিল অন্ধকারে, নিবিড় তিমিরে,
দুর্দশার লৌহশৃঙ্খলে আবদ্ধ ছিল ওরা।
11কারণ ওরা অমান্য করেছিল সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ,
অবজ্ঞা করেছিল পরাৎপরের মন্ত্রণা।
12কঠোর পরিশ্রমে কাতর হল ওরা,
পতন হল ওদের, কেউ ছিল না ওদের সাহায্য করার।
13সেই দুর্দশার মাঝে ওরা প্রভু পরমেশ্বরের কাছে জানাল কাতর নিবেদন,
তিনি তাদের সঙ্কট থেকে করলেন উদ্ধার।
14নিবিড় তমসার আঁধার থেকে তিনি ওদের মুক্ত করলেন,
ওদের সকল বন্ধন করলেন ছিন্ন।
15প্রভু পরমেশ্বরের ধন্যবাদ করুক তারা কারণ তাদের প্রতি তাঁর প্রেম অবিচল,
আশ্চর্য তাঁর কীর্তিকলাপ তাদের জন্য।
16তিনি পিতলের কপাট চূর্ণ করেন,
দ্বিখণ্ডিত করেন লৌহ অর্গল।
17মূর্খেরা নিজেদের অধর্মাচরণ
এবং দুষ্কর্মের জন্যই হল দণ্ডিত।
18সমস্ত খাদ্যদ্রব্যে তাদের অরুচি হয়,
মৃত্যুর দুয়ারে পৌঁছায় তারা।
19সেই দুর্দশার মধ্যে তারা প্রভু পরমেশ্বরের কাছে জানাল কাতর নিবেদন,
তিনি তাদের সঙ্কট থেকে করলেন উদ্ধার।
20তাঁর আজ্ঞায় তারা সুস্থ হয়,
বিনাশের গহ্বর থেকে তাদের তিনি করেন উদ্ধার।
21প্রভু পরমেশ্বরের ধন্যবাদ করুক তারা
কারণ তাদের প্রতি তাঁর প্রেম অবিচল আশ্চর্য তাঁর কীর্তিকলাপ তাদের জন্য।
22কৃতজ্ঞতার অর্ঘ্য উৎসর্গ করুক
তারা আনন্দগানে বর্ণনা করুক তাঁর কীর্তি।
23যারা সাগর পাড়ি দেয় জাহাজে চড়ে
মহাজলধি বক্ষে করে বাণিজ্য,
24তারা দেখে প্রভু পরমেশ্বরের কীর্তিকলাপ,
গভীর সমুদ্রে তাঁর আশ্চর্য কর্মকাণ্ড।
25তাঁর নির্দেশে ওঠে প্রচণ্ড ঝড়
সমুদ্রের তরঙ্গরাজিকে করে উত্তাল।
26সেই উত্তাল তরঙ্গমালা আকাশে ওঠে, পাতালে নামে,
এই দুর্বিপাকে লুপ্ত হয় তাদের সাহস।
27মাতালের মত ওদের চরণ স্খলিত হয়,
লোপ পায় তাদের বুদ্ধি বিবেচনা।
28সেই দুর্দশার মাঝে তারা প্রভু পরমেশ্বরের কাছে জানায় কাতর নিবেদন
তিনি তাদের সঙ্কট থেকে করেন উদ্ধার।
29তিনি প্রশমিত করেন ঝড়ের তাণ্ডব,
শান্ত হয় সাগর তরঙ্গ।
30তখন স্বস্তি পেয়ে তারা হয় আনন্দিত যে বন্দরে যেতে চায় তারা
সেখানেই তাদের নিয়ে যান তিনি।
31প্রভু পরমেশ্বরের ধন্যবাদ করুক তারা, কারণ তাদের প্রতি তাঁর প্রেম অবিচল,
আশ্চর্য তাঁর কীর্তিকলাপ তাদের জন্য।
32জনসমাবেশে তারা ঘোষণা করুক তাঁর অপার মহিমা,
নেতৃবৃন্দের সভায় করুক তাঁর প্রশংসা।
33তিনি নদীসমূহকে পরিণত করেন মরুভূমিতে
শুষ্ক করেন নির্ঝরের উৎসমুখ।
34দেশবাসীর অনাচারের জন্য সুফলা দেশকে
তিনি পরিণত করেন ঊষর প্রান্তরে।
35ঊষর প্রান্তরকে জলাশয়ে,
রুক্ষ মরুকে জলের উৎসে রূপান্তরিত করেন তিনি।
36সেখানে ক্ষুধার্তদের তিনি বসতি করান,
তারা নগর প্রতিষ্ঠা করে সেখানে।
37তারা ক্ষেতে বীজ বোনে, রচনা করে দ্রাক্ষাকুঞ্জ,
উৎপন্ন করে প্রচুর ফসল।
38তাঁর আশীর্বাদে অতি বর্ধিষ্ণু হয় তারা,
তাদের পশুপালের ক্ষয় হতে দেন না তিনি।
39উৎপীড়ন, দুর্বিপাক ও দুঃখকষ্টের ভারে তারা যখন বিপর্যস্ত হয়,
হয় অবমানিত চরম অপমানে,
40তখন তিনি তাদের উৎপীড়কদের করেন অপদস্থ দুর্বার ক্রোধে,
বিচরণ করান তাদের দিশাহীন প্রান্তরে।
41কিন্তু বেদনার দহ থেকে তিনি দীনকে তুলে আনেন,
মেষপালের মত করেন তার বংশবৃদ্ধি।
42এ সব দেখে সজ্জনেরা হয় আনন্দে মুখর,
কিন্তু স্তব্ধ হয় দুর্জনের রসনা।
43প্রজ্ঞাবান যারা, তারা এইসব কথা করুক বিবেচনা,
করুক আলোচনা প্রভু পরমেশ্বরের অপার করুণার কথা।
Currently Selected:
গীতসংহিতা 107: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.