YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 9

9
প্রজ্ঞা ও নির্বুদ্ধিতা
1প্রজ্ঞা তার গৃহ নির্মাণ করেছে, স্থাপন করেছে তার সাতটি স্তম্ভ। 2ভোজের জন্য সে পশু হনন করেছে, সুরা প্রস্তুত করেছে, পেতেছে আসন। 3নগরকেন্দ্রে#9:3 মূল: উঁচু জায়গা। ঘোষণা করার জন্য সে তার দাসীদের পাঠিয়েছে। 4সরল মানুষের কাছে সে বার্তা পাঠিয়েছে: চলে এস এখানে! অবোধ অবুঝের কাছে আমন্ত্রণ পাঠিয়েছে: 5এস, আমার সঙ্গে অন্ন গ্রহণ কর, আমি যে সুরা প্রস্তুত করেছি, পান কর। 6নির্বোধের সংসর্গ পরিহার কর, তাহলে বাঁচবে, সুবিবেচনার পথে চল।
7উদ্ধতকে যে সংশোধন করতে যায়, সে হয় অপমানিত, দুর্জনকে যে অনুযোগ করে তার ভাগ্যে জোটে লাঞ্ছনা। 8নিন্দুককে ভর্ৎসনা করো না, তাহলে সে তোমাকে ঘৃণা করবে। জ্ঞানবানের ভুল ধরিয়ে দিলে সে তোমাকে ভালবাসবে। 9জ্ঞানবানকে উপদেশ দাও, সে আরও জ্ঞানী হবে, ধার্মিককে উপদেশ দাও,তার পাণ্ডিত্য বুদ্ধি পাবে।
10ঈশ্বরভক্তি প্রজ্ঞার প্রথম সোপান, পরম পবিত্রকে জানলেই হবে তোমার জ্ঞানের উদ্বোধন।#ইয়োব 28:28; গীত 111:10; হিতো 1:7 11আমিই তোমার আয়ু বৃদ্ধি করি, বাড়িয়ে দিই তোমার জীবনের দিনগুলি। 12তুমি প্রজ্ঞা অর্জন করলে তোমারই উপকার হবে। যদি তাকে ব্যঙ্গ কর, তুমি একাই তার ফল ভোগ করবে।
13নির্বুদ্ধিতা সেই মুখরা নারীর মত, যে নারী মূর্খ লজ্জাহীনা। 14সে তার ঘরের দরজায় বসে থাকে, নগরকেন্দ্রে গিয়ে আসন পাতে। 15পথ দিয়ে যে ব্যস্ত পথিকেরা চলে যায় তাদের সে ডেকে বলে: 16নির্বোধেরা এখানে এস, মূঢ়মতিকে সে বলে: 17চুরি করা জল বেশী মিঠে চোরাই রুটি আরও সুস্বাদু। 18যারা তার ঘরে যায় তারা জানে না, তার ঘরই পাতালপুরীর দ্বার, মৃত্যু সেখানে সুনিশ্চিত।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in