হিতোপদেশ 6
6
আরও সতর্কবাণী
1বৎস,তুমি যদি তোমার বন্ধুর জামিন হয়ে থাক, কিম্বা অপরিচিত কোন ব্যক্তির জন্য দায়বদ্ধ হয়ে থাক, 2যদি নিজের কথার ফাঁদে ধরা পড়ে, যদি কোন প্রতিশ্রুতি দিয়ে বিপদে পড় 3তাহলে বৎস, এক কাজ কর, নিজেকে উদ্ধার করতে পারবে। শোন,তুমি তোমার বন্ধুর করায়ত্ত হয়ে পড়েছ, তাই দেরী না করে তার কাছে যাও তাকে সমানে অনুরোধ করতে থাক, 4এ সময় যেন তোমার চোখে ঘুম না থাকে। চোখের পাতায় যেন তন্দ্রা না নামে। 5ব্যাধের হাত থেকে হরিণের মত, শিকারীর ফাঁদ থেকে পাখির মত তার ফাঁদ থেকে নিজেকে উদ্ধার কর।
6হে অলস, তুমি পিপীলিকাকে লক্ষ্য কর, তার কার্যকলাপ দেখে জ্ঞান অর্জন কর। 7তার কোন নেতা নেই কোন প্রশাসক বা কর্মকর্তাও নেই। 8তবু সে গ্রীষ্মকালে খাদ্য সঞ্চয় করে ফসলকাটার মরশুমে রসদ সংগ্রহ করে। 9হে অলস, আর কতকাল শুয়ে থাকবে? কখন তোমার ঘুম ভাঙ্গবে? 10আর একটুখানি ঘুম, আর একটু তন্দ্রা আরও কিছুক্ষণ শুয়ে থাকা 11তাই যদি কর তবে দারিদ্র্য দস্যুর মত তোমার উপর ঝাঁপিয়ে পড়বে, দুর্দশা ডাকাতের মত চড়াও হবে।#হিতো 24:33-34 12দুষ্ট ও অপদার্থ লোকের কথাবার্তা ও চালচলন কুটিল। 13সে চোখে ইসারা করে, পা দিয়ে ইঙ্গিত করে আর আঙ্গুল নেড়ে সঙ্কেত করে। 14তার কুটিল মন চক্রান্ত করে, সর্বদা ঝগড়া-বিবাদ বাধায়। 15এই জন্য অকস্মাৎ তার বিপদ ঘনাবে, হঠাৎ নেমে আসবে চরম আঘাত, সে আঘাত নিরাময় হবে না কখনও।
16ছয়টি বিষয় প্রভু ঘৃণা করেন, সাতটি বস্তু প্রভু পরমেশ্বরের চরম ঘৃণাস্পদ এবং দুঃসহ। 17উদ্ধত দৃষ্টি, মিথ্যাবাদী রসনা, নির্দোষের রক্তপাত করেছে যে হস্ত, 18কুচক্রান্তকারী হৃদয়, দুষ্কর্মে তৎপর চরণ, 19মিথ্যাসাক্ষ্য দেয় যে সাক্ষী, ভাইয়ে ভাইয়ে বিবাদ বাধায় যে ব্যক্তি।
ব্যভিচার সম্বন্ধে সতর্কবাণী
20বৎস, তুমি তোমার পিতার আদেশ পালন কর, মাতার শিক্ষা পরিত্যাগ করো না, 21সর্বদা গেঁথে রেখ তোমার অন্তরে, পরে থেক কন্ঠে তোমার। 22চলার পথে সেই প্রজ্ঞার বাণী দেখাবে তোমায় পথ, শয়নকালে পাহারা দেবে তোমায় জাগরণে আলাপ করবে তোমার সাথে। 23কারণ সেই আদেশ প্রদীপ ও সেই শিক্ষা আলোক স্বরূপ, শিক্ষামূলক অনুযোগ জীবনের পথ নির্দেশ করে। 24সেই শিক্ষা তোমাকে দুষ্টা রমণীর হাত থেকে, স্বৈরিণীর মিষ্ট কথার ফাঁদ থেকে রক্ষা করবে। 25তুমি মনে মনে তার রূপের লালসা করো না, তার কটাক্ষের ফাঁদে ধরা দিও না। 26কারণ একটি রুটির দামে গণিকার মন জয় করা যায়, কিন্তু পরস্ত্রী সঙ্গের মূল্যস্বরূপ দিতে হয় জীবন।
27কেউ যদি বুকে আগুন জড়িয়ে ধরে তার জামা কি পুড়বে না? 28কেউ যদি জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে হাঁটে, আর পাদুকাটি কি পুড়বে না? 29পরস্ত্রীর কাছে যে যায় তার অবস্থাও তেমনি, সেই নারীকে যে স্পর্শ করবে, দণ্ড থেকে সে রেহাই পাবে না। 30ক্ষুর্ধাত চোর যদি প্রাণের দায়ে চুরি করে তাহলেও লোকে ছেড়ে দেবে না, 31ধরা পড়লে তাকে সাতগুণ ক্ষতিপূরণ দিতে হবে, তার ঘরে যা আছে তাও তাকে দিতে হবে। 32পরদারগামী ব্যক্তি নির্বোধ, সে নিজেই নিজের জীবন ধ্বংস করে। 33প্রহার ও অপমানই হবে তার প্রাপ্য, তার কলঙ্ক কখনও ঘুচাবে না। 34কারণ ঈর্ষান্বিত স্বামীর ক্রোধ প্রচণ্ড, প্রতিশোধ গ্রহণের সময় সে তাকে ক্ষমা করবে না। 35ক্ষতিপূরণ সে তুষ্ট হবে না, প্রচুর উপহার দিয়েও তাকে শান্ত করা যাবে না।
Currently Selected:
হিতোপদেশ 6: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.