YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 28

28
1কেউ তাড়া না করলেও দুর্জনেরা পালায় কিন্তু সৎলোক সিংহের মত সাহসী।
2কোন জাতি দুর্নীতিপরায়ণ হলে বার বার তার শাসক বদলায়। জ্ঞানী ও বিচক্ষণ নেতৃবর্গের অধীনে জাতি শক্তিমান ও সুপ্রতিষ্ঠিত হয়।
3কর্তৃত্বের অধিকারী যে ব্যক্তি দরিদ্রের উপর নিপীড়ন করে সে শস্যধ্বংসকারীপ্রবল বৃষ্টির মত।
4যে বিধিবিধান অমান্য করে সে দুর্জনের পক্ষে। যে বিধান মেনে চলে সে দুর্জনের বিপক্ষে।
5দুষ্টেরা ন্যায়অন্যায় বোঝে না, কিন্তু ঈশ্বরের একনিষ্ঠ ভক্তেরাই এ বিষয়ে ভালভাবে বোঝে।
6অসাধু উপায়ে ধনী হওয়ার চেয়ে সৎপথে থেকে দারিদ্র্যও ভাল।
7নীতি মেনে চলে যে তরুণ সে বুদ্ধিমান, কিন্তু যে অসতের সঙ্গে মেশে সে তার পিতার মাথা হেঁট করে দেয়।
8লোকেরা দুরবস্থার সুযোগ নিয়ে অথবা অন্যায়ভাবে সুদে টাকা খাটিয়ে যে ধনী হয়, তার ধনসম্পদ শেষ পর্যন্ত দরিদ্রের প্রতি দয়াপরবশ ব্যক্তির হাতে যায়।
9যে ঐশ্বরিক বিধান মেনে চলে না তার প্রার্থনা ঈশ্বরের কাছে ঘৃণ্য।
10-11যে সৎ লোককে ভুলিয়ে বিপথে নিয়ে যায়, সে নিজেই নিজের ফাঁদে পড়বে। নিষ্পাপ ব্যক্তি পুরস্কৃত হয় কিন্তু দুরাত্মা সব হারায়। ধনীরা মনে করে তারা খুব জ্ঞানবান কিন্তু গরীব হলেও মানুষ চেনার ক্ষমতা যার আছে ধনীদের চাতুরী সে ধরে ফেলে।
12সজ্জনেরা কর্তৃত্ব লাভ করলে মানুষের মনে আশা ও আনন্দের সঞ্চার হয়, কিন্তু দুষ্টেরা ক্ষমতা লাভ করলে লোকে ভীতসন্ত্রস্ত হয়।
13যে নিজের পাপ গোপন করে সে কখনও প্রতিষ্ঠা লাভ করতে পারে না, কিন্তু যে পাপ স্বীকার করে পরমেশ্বর তারপ্রতি কৃপা করেন।
14যে নিজের আচরণ সম্বন্ধে সচেতন থাকে সে সুখী হয়, অন্যথায় সে ধ্বংস হয়।
15অত্যাচারী শাসক গর্জনকারী সিংহ ও আক্রমণোদ্যত ভালুকের মতই হিংস্র। এদের কাছে গরীব লোকেরা অসহায়।
16নির্বোধ শাসক নিষ্ঠুর ও অত্যাচারী হয়, কিন্তু যে শাসক দুর্নীতি ঘৃণাকরে তার শাসন দীর্ঘস্থায়ী হয়।
17যে ব্যক্তি নরহত্যার অপরাধে অপরাধী সে মরিয়া হয়ে পালিয়ে বেড়ায়, কেউ তাকে দয়া না করুক।
18সে ন্যায পথে চলে সে উদ্ধার পাবে কিন্তু যে অসৎ পথ অবলম্বন করে সে গভীর সঙ্কটে পড়বে।
19নিজের জমিতে যে পরিশ্রম করে প্রচুর খাদ্য থাকবে তার ভাণ্ডারে। কিন্তু যে অসার পরিকল্পনায় ব্যস্ত থাকে তার ঘরে থাকবে নিত্য অভাব।
20সৎ লোক প্রচুর আশীর্বাদ লাভ করবে, কিন্তু যে রাতারাতি ধনী হতে চায় সে ভোগ করবে শাস্তি।
21পক্ষপাতিত্ব করা অন্যায় কিন্তু কেউ কেউ সামান্য এক খণ্ড রুটির জন্যও বিচারে পক্ষপাতিত্ব করে।
22কৃপণ ধনসঞ্চয়ের জন্য সর্বদা ব্যস্ত থাকে, সে ভাবতেও পারে না যে কখনও তার দৈন্যদশা উপস্থিত হবে।
23তোষামোদকারীর চেয়ে সংশোধনের জন্য অনুযোগকারীই পরিশেষে বেশী মর্যদা লাভ করে।
24পিতামাতার সম্পদ অপহরণ করা যে অন্যায় বলে মনে করে না সে চোরের চেয়ে কম নয়।
25লোভী বিবাদ সৃষ্টি করে কিন্তু পরমেশ্বরের উপর যে নির্ভর করে তার শ্রীবৃদ্ধি হয়।
26নিজের বুদ্ধিতে যে নির্ভর করে সে নির্বোধ। যে জ্ঞানীদের পথ অনুসরণ করে সে উদ্ধার পাবে।
27দরিদ্রকে যে দান করে তার অভাব হয় না, কিন্তু দরিদ্রের দিক থেকে যে মুখ ফিরিয়ে নেয় সে অভিশাপ কুড়ায়।
28দুষ্ট লোকেরা ক্ষমতায় প্রতিষ্ঠিত হলে লোকে ভীতসন্ত্রন্ত হয়, কিন্তু তারা ক্ষমতাচ্যুত হলে সজ্জনের প্রভাব প্রতিপত্তি বাড়ে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হিতোপদেশ 28