YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 17

17
1কলহমুখর বাড়ির ভোজের চেয়ে শান্তিতে এক মুঠো শাকান্নও ভাল।
2মনিবের অপদার্থ পুত্রের উপর কর্তৃত্ব লাভ করে বুদ্ধিমান দাস, সম্পত্তির অংশ সেও পায়।
3সোনা ও রূপো আগুনে পুড়িয়ে যাচাই করা হয়, কিন্তু প্রভুই পরখ করেন মানুষের অন্তর।
4দুষ্ট লোক মন্দ কথা শোনে, এবং মিথ্যাবাদী কুৎসা ও মিথ্যায় কান দেয়।
5দীনহীনকে যে উপহাস করে, সে তার স্রষ্টাকেই ব্যঙ্গ করে। অন্যের বিপদে যে আনন্দিত হয় তার দণ্ড অনিবার্য।
6নাতি নাতনীরা বৃদ্ধদের গর্বের বিষয় এবং পিতামাতারা সন্তানদের গৌরব।
7সম্ভ্রান্ত লোকের মুখে যেমন মিথ্যা কথা শোভা পায় না, মূর্খদের মুখেও তেমনি সুললিত ভাষণ সাজে না।
8যারা ঘুষ দেয় তারা মনে করে এর যাদুকরী শক্তি আছে, ঘুষ দিয়ে তারা যা খুশী তাই করতে পারে।
9তুমি যদি মানুষের ভালবাসা চাও তাহলে তার দোষত্রুটি ক্ষমা কর, বার বার এসব উল্লেখ করলে বন্ধুত্ব ভেঙ্গে যায়।
10বুদ্ধিমানকে অনুযোগ করলে সে যতটা বোঝে, শত প্রহারেও নির্বোধ ততটা বোঝে না।
11দুষ্ট অযথা অশান্তি সৃষ্টি করে তার বিরুদ্ধে পাঠানো হবে নিষ্ঠুর দণ্ডদাতা।
12নির্বোধের চক্রান্তের চেয়ে সন্তানহারা ভল্লুকীর মুখে পড়া বরং ভাল।
13যে উপকারের প্রতিদানে অপকার করে তার ঘর থেকে অমঙ্গল কখনও দূর হয় না।
14সামান্য বচসা বাঁধের ছোট ফাটলের মত, সূচনাতেই রোধ না করলে তুমুল কলহে পরিণত হবে, বাঁধভাঙ্গা জলের মত সব ভাসিয়ে নিয়ে যাবে।
15দুষ্টকে অব্যাহতি দেওয়া এবং নির্দোষের দণ্ডবিধান করা, উভয়ই পরমেশ্বরের দৃষ্টিতে ঘৃণ্য।
16জ্ঞানলাভের জন্য নির্বোধের অর্থব্যয় নিরর্থক, কারণ কোন বোধবুদ্ধি নেই তার।
17বন্ধু নিয়তই তার ভালবাসার পরিচয় দেয়, বিপদের অংশীদার হওয়াই ভাইয়ের কর্তব্য।
18বুদ্ধিহীন লোকই অন্যের দেনা শোধের প্রতিশ্রুতি দেয়, সকলের সামনে তার জামিন হয়।
19যে বিরোধ ভালবাসে সে অধর্ম ভালবাসে, যে ধনসম্পদের বড়াই করে, সে নিজেরই ধ্বংস ডেকে আনে।
20কুটিল ব্যক্তির কখনও মঙ্গল হয় না, কটূভাষী লোক বিপদে পড়ে।
21মূর্খ সন্তান পিতামাতার দুঃখের কারণ, মূর্খ সন্তানের জন্য সদাই নিরানন্দ তাদের মন।
22উৎফুল্ল হৃদয় স্বাস্থ্যকর ওষুধের মত, বিষণ্ণ চিত্ত শরীর ক্ষয়করে।
23দুর্নীতিপরায়ণ বিচারক উৎকোচ নেয়, ফলে ন্যায় বিচার ব্যাহত হয়।
24বুদ্ধিমান ব্যক্তি বিজ্ঞ আচরণের চেষ্টা করে, কিন্তু মূর্খ সব ব্যাপারেই মাথা ঘামায়।
25মূর্খ সন্তান তার পিতাকে দেয় দুঃখ, তার জননীর জীবন করে তোলে তিক্ত।
26নির্দোষ লোকের জরিমানা করা অন্যায়, সৎ লোকেরা দণ্ডিত হলে অবিচার করা হয়।
27যে জ্ঞানী সে অল্প কথা বলে, বোধসম্পন্ন ব্যক্তির চিত্ত প্রশান্ত।
28আবার মূর্খ যদি নীরব থাকে, সে বুদ্ধিমান বলে বিবেচিত হয়।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in