YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 16

16
1মানুষ মনে মনে অনেক পরিকল্পনাই করতে পারে কিন্তু প্রভুই দেন তার মনে প্রকাশের ভাষা।#16:1 প্রভুর কথা শেষ কথা
2মানুষ নিজের সমস্ত আচরণই সঠিক মনে করে, কিন্তু পরমেশ্বর তার অভিপ্রায়ের যথাযথ বিচার করেন।
3তোমার সর্বকর্ম পরমেশ্বরের উদ্দেশ্যে নিবেদন কর, তাহলে সার্থক হবে তোমার পরিকল্পনা।
4পরমেশ্বরের সৃষ্ট সব কিছুরই রয়েছে নির্দিষ্ট পরিণতি, দুর্জনের জন্যও নির্দিষ্ট রয়েছে দুর্দিন।
5দাম্ভিক মাত্রেই প্রভুর ঘৃণাস্পদ তাদের দণ্ড সুনিশ্চিত।
6আনুগত্য ও বিশ্বস্ত আচরণে পাপমোচন হয়, আর ঈশ্বরভক্তি মানুষকে মন্দ থেকে দূরে রাখে।
7মানুষ যদি তার আচরণে প্রভুকে প্রসন্ন করে, তাহলে তিনি তার শত্রুদেরও মিত্রে পরিণত করেন।
8অন্যায় পথে লব্ধ বিপুল সম্পদের চেয়ে সদুপায়ে অর্জিত স্বল্প বিত্ত শ্রেয়।
9মানুষ ভেবেচিন্তে পথ স্থির করতে পারে, কিন্তু তার পদক্ষেপ নির্দেশ করেন প্রভু পরমেশ্বর।
10রাজা ঐশী শক্তির আবেশ কথা বলেন, নির্ভুল তাঁর বিচার।
11সঠিক ওজনের বাটখারা ও দাঁড়ি পাল্লা প্রভুর কাম্য, বেচাকেনাতেও তিনি চান সততা।
12নৃপতিরা অন্যায় সহ্য করেন না, কারণ ন্যায়বিচারই প্রশাসনের সুদৃঢ় ভিত্তি।
13সত্যবাদী রাজার প্রীতির পাত্র, তিনি সত্যকেই মর্যাদা দেন।
14রাজরোষ মৃত্যুদূতের মত, জ্ঞানী ব্যক্তিই তা প্রশমিত করতে পারে।
15রাজার প্রসন্ন মুখ জীবনকে সঞ্জীবিত করে, তাঁর অনুগ্রহ বারিধারার মত জীবন সঞ্চার করে।
16স্বর্ণপ্রপ্তির চেয়ে প্রজ্ঞালাভ শ্রেয়, রজত খণ্ডের চেয়ে উত্তম সুবিবেচনা।
17সজ্জনের চলার পথ কুপথ নয়, যে নিজের পথ সম্পর্কে সতর্ক সে প্রাণে বাঁচে।
18বিনাশের আগে আসে অহঙ্কার, পতনের আগে দেখা দেয় ঔদ্ধত্য।
19দাম্ভিক দুরাচারীদের লুন্ঠিত ধনের অংশীদার হওয়ার চেয়ে বরং বঞ্চিতদের সঙ্গে নম্র হয়ে দারিদ্র্য বরণ করা ভাল।
20বিষয়কর্মে বিচক্ষণ ব্যক্তি সমৃদ্ধি লাভ করবে, কিন্তু প্রভুর উপর যে নির্ভর করে সে-ই ধন্য।
21প্রাজ্ঞ ব্যক্তি সর্বত্র সম্মান পায়, মিষ্টি কথায় সে জয় করে মানুষের মন।
22জ্ঞানীর কাছে জ্ঞান জীবনের উৎস স্বরূপ, কিন্তু নির্বোধ নিজের মূর্খতার জন্য দণ্ডলাভ করে।
23বিজ্ঞ ব্যক্তি বিবেচনাপূর্বক কথা বলে, তাদের কথায় গুরুত্ব থাকে।
24মনোহর কথা মধুর মত, মনকে করে তৃপ্ত, দেহে আনে সজীবতা।
25মানুষ যে পথ ন্যায্যা বলে মনে করে পরিণামে সেই পথই হয়তো তাকে নিয়ে যায় মরণের দিকে।#হিতো 14:12
26ক্ষুধা শ্রমিকের জীবনকে পীড়ন করে, ক্ষুধা নিবারণের জন্যই সে পরিশ্রম করে।
27নীচ ব্যক্তি অনিষ্ট করার চক্রান্ত করে, তার মুখের কথা জ্বলন্ত অঙ্গারের মত।
28কুচক্রী লোক বিবাদ বাধায়, কুৎসা রটনাকারী ঘটায় বন্ধুবিচ্ছেদ।
29জুলুমবাজ লোক তার বন্ধুদের প্রলুব্ধ করে, তাদের নিয়ে যায় অসৎ পথে।
30চোখের ইসারায় যে কথা বলে তার মনে থাকে দুরভিসন্ধি, ঠোঁট চেপে রাখে যে সে দুষ্কর্ম করতে বদ্ধপরিকর।
31শুভ্রকেশ সুশোভন মুকুটের মত, ধর্মপথে চললেই তা লাভ করা যায়।
32ক্রোধে যে ধৈর্যধারণ করে সে বীরের চেয়েও মহান, আত্মসংযম করা নগর অধিকার করার চেয়ে উত্তম।
33পাশার দান নিজের পক্ষে হয়তো ফেলা যায়, কিন্তু প্রভুই সব কিছুই চূড়ান্ত নিষ্পত্তি করেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in