YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 15

15
1বিনম্র উত্তর ক্রোধ নিবারণ করে কিন্তু রূঢ় কথায় ক্রোধ প্রজ্বলিত হয়।
2জ্ঞানবানেরা রসনা সুচারুরূপে ব্যক্ত করে জ্ঞান, কিন্তু নির্বোধের মুখ উদ্গার করে মূর্খতা।
3পরমেশ্বরের দৃষ্টি সর্বত্র প্রসারিত, উত্তম ও অধম সকলেরই প্রতি রয়েছে, তাঁর দৃষ্টি।
4মধুর কথা সঞ্জীবনী-স্বরূপ, কিন্তু কটূভাষণ ভেঙ্গে দেয় মানুষের মন।
5নির্বোধ পিতার উপদেশ অগ্রাহ্য করে, কিন্তু বুদ্ধিমান গ্রহণ করে সেই উপদেশ।
6সজ্জনের সম্পদ অটুট থাকে, কিন্তু দুষ্টের উপার্জন উদ্বেগ আনে।
7জ্ঞানীর ওষ্ঠ জ্ঞানের প্রসার ঘটায়, কিন্তু নির্বোধ তার বিপরীত।
8দুর্জনের হোমবলি প্রভু পরমেশ্বরের ঘৃণাস্পদ, কিন্তু সজ্জনের প্রার্থনা তাঁর প্রীতিজনক।
9দুষ্টের আচরণ প্রভু ঘৃণা করেন, কিন্তু ন্যায়ের পথ সে অনুসরণ করে তাকে তিনি ভালবাসেন।
10বিপথগামীর জন্যে রয়েছে কঠোর শাস্তি, অনুযোগ যে ঘৃণা করে তার মৃত্যু অবধারিত।
11পাতাল এবং নরকও প্রভুর দৃষ্টি থেকে নিজেকে গোপন রাখতে পারে না, মানুষ কি করে পারবে ঈশ্বরের কাছ থেকে তার চিন্তাভাবনা লুকিয়ে রাখতে?
12দাম্ভিক অনুযোগ পছন্দ করে না তাই সে জ্ঞানবানের কাছে যায় না।
13মনে আনন্দে থাকলে মুখ প্রফুল্ল দেখায়, কিন্তু হৃদয়ের বেদনা মুখেই ফুটে ওঠে।
14বুদ্ধিমানের মন জ্ঞানের অন্বেষণ করে কিন্তু নির্বোধ রোমন্থন করে মূর্খতা।
15দুঃখীর জীবনের প্রতিটি দিনই বেদনাময়, কিন্তু সুখীজনের হৃদয় তৃপ্তির আনন্দে পরিপূর্ণ।
16উৎকন্ঠা নিয়ে ধনের প্রাচুর্যের চেয়ে বরং পরমেশ্বরের প্রতি ভক্তি নিয়ে অল্পে তুষ্টিশ্রেয়।
17অশান্তির পলান্নের চেয়ে শান্তির শাকান্ন ভাল।
18বদমেজাজী লোক কলহ বাধায় কিন্তু ধৈর্য বিবাদ মিটায়।
19অলসের পথ কন্টাককীর্ণ কিন্তু সজ্জনের পথ সরল ও অবাধ।
20বুদ্ধিমান পুত্র পিতামাতাকে আনন্দিত করে, কিন্তু নির্বোধ অবজ্ঞা করে তাদের।
21নির্বোধ অজ্ঞতায় আনন্দ অনুভব করে, কিন্তু বুদ্ধিমান সঠিক পথে চলে।
22সুমন্ত্রণার অভাবে অনেক পরিকল্পনা ব্যর্থ হয়, উপযুক্ত মন্ত্রণায় সেগুলি হয় সার্থক।
23ভাল কথা বলতে পারলে আনন্দ হয়, কিন্তু উপযুক্ত সময়ে সঠিক কথা বলতে পারলে আরও আনন্দ।
24বিজ্ঞজন ঊর্ধ্বমুখী জীবনের পথে চলে, সে পরিহার করে নিম্নগামী পাতালের পথ।
25পরমেশ্বর অহঙ্কারীদের বাস্তুহারা করেন, কিন্তু সুরক্ষা করেন বিধবার সম্পত্তি।
26দুষ্টের সঙ্কল্প প্রভু ঘৃণা করেন, কিন্তু শুদ্ধচিত্তের পরিকল্পনা তাঁর প্রীতিজনক।
27অসদুপায়ে উপার্জিত ধন পরিবারকে করে বিপন্ন, কিন্তু উৎকোচ গ্রহণে যার ঘৃণা সে পায় দীর্ঘ পরমায়ু।
28সজ্জন বিবেচনাপূর্বক উত্তর দেয়, কিন্তু দুর্জনের মুখ কুকথায় তৎপর।
29দুর্জনের প্রার্থনায় প্রভু কর্ণপাত করেন না, কিন্তু ধার্মিকের বিনতি তিনি গ্রাহ্য করেন।
30প্রসন্ন দৃষ্টিতে মানুষের মন আনন্দিত হয়, শুভ সংবাদ মানুষকে উজ্জীবিত করে।
31সংশোধনকারী উপদেশে যে কর্ণপাত করে জ্ঞানীসমাজে সে প্রতিষ্ঠিত হয়।
32উপদেশ যে অগ্রাহ্য করে সে নিজেরই ক্ষতিসাধন করে, অনুযোগ যে গ্রহণ করে সে হয় আরও বিজ্ঞ।
33প্রভুর প্রতি সম্ভ্রমবোধ প্রজ্ঞাদান করে, নম্র হয়েই শ্রদ্ধা অর্জন করতে হয়।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in