YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 14

14
1নারীর প্রজ্ঞায় গড়ে ওঠে সুখের সংসার, কিন্তু তাদের মূর্খতায় ঘর ভেঙ্গে যায়।
2সজ্জন ঈশ্বরকে সম্ভ্রম করে, কিন্তু দুর্জন তাঁকে অবজ্ঞা করে।
3নিজের বাগাড়ম্বরে মূর্খ শাস্তি পায়, কিন্তু বুদ্ধিমানের কথা তাকে বিপদে পড়তে দেয় না।
4বলদের অভাবে শূন্য থাকে গোলাঘর, বলদের বলই আনে ফসলের প্রাচুর্য।
5বিশ্বস্ত সাক্ষী মিথ্যা কথা বলে না, কিন্তু অবিশ্বস্ত সাক্ষীর সব কথাই মিথ্যা।
6দাম্ভিক বৃথাই প্রজ্ঞার অন্বেষণ করে, কিন্তু বুদ্ধিমানের পক্ষে জ্ঞান সহজলভ্য।
7মূর্খের সঙ্গ ত্যাগ কর, তার কাছে শেখার কিছুই নেই।
8বিজ্ঞজনকে প্রজ্ঞা পথ দেখায়, কিন্তু মূর্খকে প্রতারণা করে তার মূর্খতা।
9মূর্খেরা তাদের ত্রুটিবিচ্যুতি সংশোধন করতে চায় না, কিন্তু জ্ঞানবান ত্রুটি স্বীকার করে আপোষ মীমাংসায় আগ্রহী#14:9 হিব্র অস্পষ্ট
10তোমার হৃদয়ের বেদনা ও আনন্দ তোমার নিজেরই, অপর কেউ তার অংশীদার হতে পারে না।
11দুর্জনের প্রাসাদ ভেঙ্গে পড়বে, কিন্তু সজ্জনের কুটির হবে সমৃদ্ধ।
12মানুষের বিবেচনায় যে পথ সঠিক, পরিণামে সেই পথই হয়তো তাকে নিয়ে যাবে মৃত্যুর মুখে।#হিতো 16:25
13হাস্যপরিহাসের মাঝেও হৃদয় থাকে বিষণ্ণ, আমোদ-প্রমোদের শেষে থাকে শুধু খেদ।
14বিকৃতচিত্ত ব্যক্তি নিজ আচরণের ফল ভোগ করবে, সৎ ব্যক্তি লাভ করবে নিজ কর্মের পুরস্কার।
15মূর্খ সহজেই সব কথা বিশ্বাস করে, কিন্তু বিচক্ষণ লোক বুদ্ধি বিবেচনা করে চলে।
16বুদ্ধিমান বিপদ এড়িয়েচলে, কিন্তু নির্বোধ অসতর্ক ও বেপরোয়া।
17বদমেজাজী লোক মূর্খের মত কাজ করে, কিন্তু বিচক্ষণ ব্যক্তি ধৈর্য ধারণ করে।
18মূর্খের উত্তরাধিকার মূর্খতা কিন্তু বিজ্ঞেরা ভূষিত হয় জ্ঞানের কিরীটে।
19দুর্জনেরা নতি স্বীকার করবে সজ্জনদের কাছে, ধার্মিকদের দ্বারে দুষ্টেরা করবে প্রণিপাত।
20দরিদ্র আপনজনের কাছেও অবাঞ্ছিত, কিন্তু ধনীর বন্ধু অনেক।
21প্রতিবেশীকে যে ঘৃণা করে সে পাপী, দীন-দুঃখীকে যে দয়া করে সে-ই ধন্য।
22যারা কুচক্রান্ত করে তারা কি ভুল করে না? কিন্তু যাদের পরিকল্পনা শুভ তারা লাভ করে শ্রদ্ধাভক্তি।
23সর্বপ্রকার শ্রমই লাভজনক, কিন্তু বাকসর্বস্বতা আনে শুধু অভাব।
24সম্পদই জ্ঞানবানের মুকুট, মূর্খতাই মূর্খদের কন্ঠের মালা।
25সত্যবাদী সাক্ষী লোকের প্রাণ রক্ষা করে, কিন্তু মিথ্যাবাদী লোকের সঙ্গে করে বিশ্বাসঘাতকতা।
26ঈশ্বরের প্রতি সম্ভ্রমবোধ মানুষকে দেয় আস্থা ও নিরাপত্তা, তার সন্তানেরাও তারই মাঝে লাভ করে আশ্রয়।
27ঈশ্বরের প্রতি সম্ভ্রমবোধই জীবনের উৎস, যা মানুষকে মৃত্যুর ফাঁদ থেকে রক্ষা করে।
28প্রজা বাহুল্যেই রাজার গৌরব, প্রজাহীন রাজা আবাস্তব।
29ক্রোধে ধৈর্য ধারণ করে সে অতি বিচক্ষণ, কিন্তু বদমেজাজী লোক প্রকাশ করে চূড়ান্ত মূর্খতা।
30মনের শান্তি দেহের পক্ষে স্বাস্থ্যকর, কিন্তু ঈর্ষাপরায়ণতা দুষ্টক্ষতের মত।
31দরিদ্রের উপর যে অত্যাচার করে, সে অবমাননা করে তার স্রষ্টাকে দরিদ্রকে যে দয়া করে সে ঈশ্বরকে জানায় শ্রদ্ধা ও সম্মান।
32নিজের দুষ্কর্মের ফলেই দুষ্টের পতন হয়, কিন্তু ধার্মিক তার সততার জন্য রক্ষা পায়।
33বিজ্ঞের হৃদয়ে প্রজ্ঞা স্থিতিলাভ করে, কিন্তু মূর্খের অন্তরে তার স্থান নেই।
34ধার্মিকতা জাতিকে উন্নত করে, পাপাচরণ জাতিকে করে কলুষিত।
35সুযোগ্য কর্মী রাজার অনুগ্রহ লাভ করে, কিন্তু যার জন্য তিনি লজ্জিত হন সে হয় তাঁর ক্রোধের পাত্র।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in