YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 47

47
মন্দির থেকে উৎসারিত প্রস্রবণ
1দিব্য পুরুষ আমাকে ফিরিয়ে আনলেন মন্দিরের প্রবেশ পথে। সেই প্রবেশ পথের নীচ দিয়ে একটি প্রস্রবণ উৎসারিত হয়ে পূর্বদিকে বয়ে চলেছে। পূর্বদিকেই ছিল মন্দিরের মুখ। মন্দিরের দক্ষিণ অংশের নীচ থেকে এই স্রোত উৎসারিত হয়ে যজ্ঞ বেদীর দক্ষিণ দিক ঘুরে প্রবাহিত হচ্ছে।#সখ 14:8; যোহন 7:38; প্রকা 22:1 2সেই পুরুষ তারপর আমাকে উত্তর দেউড়ি দিয়ে মন্দির এলাকার বাইরে নিয়ে গেলেন এবং সেখান থেকে ঘুরিয়ে পূর্ব দেউড়িতে আনলেন। এই দেউড়ির দক্ষিণ দিকে ক্ষীণকায়া জলাধারটি বয়ে চলেছে। 3দিব্যপুরুষ তাঁর মাপকাঠি দিয়ে পূর্বমুখী ধারার এক হাজার হাত মেপে নিলেন এবং আমাকে সেখানকার স্রোতের জলের মধ্যে দিয়ে হাঁটিয়ে নিয়ে চললেন। তাতে মাত্র আমার গোড়ালি ডুবলো। 4তারপর তিনি আরও এক হাজার হাত মাপলেন। সেখানে আমার হাঁটু পর্যন্ত ডুবলো। তারপর আরও নীচের দিকে হাজার হাত মাপলেন, সেখানে জল হল আমার কোমর পর্যন্ত। 5এবার আরও এক হাজার হাত মাপলেন এখানে স্রোতের জলের গভীরতা এত বেশি যে আমি থই পেলাম না, সাঁতার না দিয়ে ওপারে যাওয়া যায় না। 6তিনি আমাকে বললেন, হে মর্ত্যমানব, এই সমস্ত ব্যাপার মনোযোগ দিয়ে দেখ।
তারপর তিনি আমাকে তুলে আনলেন নদীর তীরে। 7সেখানে দেখলাম নদীর দুই তীরে অনেক গাছ। 8তিনি আমাকে বললেন, এই জলধারা দেশের পূর্বদিকে বয়ে চলেছে এবং জর্ডন উপত্যকার মধ্যে দিয়ে গিয়ে মিশেছে মরু সাগরে। এই নদী মরুসাগরের নোনা জলে মিশিয়ে দিচ্ছে মিষ্টি সুস্বাদু জলের ধারা। এতে নোনা জল হয়ে উঠবে সুস্বাদু। 9যেখান দিয়ে এই নদী বয়ে যাবে সেখানেই সবরকম প্রাণী ও মাছের প্রাচুর্য হবে। মরুসাগরের লবাণক্ত জলকে সুস্বাদু করে তুলবে এই নদী, যেখান দিয়ে এ বয়ে যাবে সেখানেই জাগাবে প্রাণের স্পন্দন। 10এন-গেদি থেকে এন-এগলায়িম পর্যন্ত নদী প্রবাহের এই অংশটিতে জেলেদের ভিড় হবে। তারা সেখানে নদীর ধারে জাল শুকাতে দেবে। ভূমধ্যসাগরে যত রকম মাছ পাওয়া যায় এখানেও ততরকম মাছই পাওয়া যাবে। 11কিন্তু পাঁকভরা বিল আর জলার জল মিষ্টি হবে না, লবণের উৎসরূপে ওগুলি ঐভাবেই থাকবে। 12নদীর দুই তীরে থাকবে সবরকমের ফলের গাছ। এগুলি থেকে খাদ্যসংস্থান হবে। এদের পাতা হবে চিরসজীব, ফল হবে অফুরন্ত। এগুলি হবে বারমেসে ফলের গাছ। কারণ মন্দির থেকে উৎসারিত স্রোতধারায় এই সব গাছ পুষ্টিলাভ করে, তাই এদের পত্র-পল্লব মানুষের রোগ-নিরাময় করবে।#প্রকা 22:2
ভূমিখণ্ডের সীমানা
13সর্বাধিপতি প্রভু বললেন, ইসরায়েলের দ্বাদশ গোষ্ঠীর মধ্যে তোমরা যে ভূমি ভাগ করে দেবে এইগুলি হবে তার সীমানা—ইসরায়েলের দ্বাদশ গোষ্ঠীর সঙ্গে যোষেফের দুই পুত্রকেও দুটি ভাগ#47:13 দুটি ভাগ: যোষেফের দুই পুত্র মনঃশি ও ইফ্রয়িম গোষ্ঠীকে একটি করে ভাগ দেওয়া হত। দেবে। 14তোমাদের পূর্বপুরুষের কাছে আমি অঙ্গীকার করেছিলাম যে, এই দেশের অধিকার আমি তাদের দেব। এবার তোমরা নিজেদের মধ্যে সমান ভাগে ভূমি ভাগ করে নাও।
15দেশের উত্তর সীমা হবে ভূমধ্যসাগর থেকে পূর্বে হেৎলোন নগর, হামাত গিরিপথ, সেদাদ নগর, 16বারোথা, সিব্রায়িম (এই নগরগুলির দামাস্কাস রাজ্য ও হামাত রাজ্যের এলাকার মাঝখানে অবস্থিত) এবং টিকোন নগর পর্যন্ত (হাউরন রাজ্যের সীমান্তে এই নগর অবস্থিত)। 17অতএব ভূমধ্যসাগর থেকে পূর্বমুখে এনোন নগর, দামাস্কাস ও হামাত অঞ্চলের সীমান্ত বরাবর সমগ্র উত্তর দিক হবে দেশের উত্তর সীমা।
18দামাস্কাস ও হাউরন এলাকার মধ্যবর্তী একটি স্থান থেকে দেশের পূর্ব সীমান্তের আরম্ভ। সেখান থেকে এই সীমা চলে গেছে দক্ষিণে জর্ডন নদী পর্যন্ত। এই নদী পশ্চিমে ইসরায়েল দেশ ও পূর্বে গিলিয়দের মাঝখানে মরুসাগর এলাকার তামার#47:18 কতকগুলি প্রাচীন অ নুবাদে ‘তামার'। হিব্রু: অস্পষ্ট। পর্যন্ত সীমানা তৈরী করে দিয়েছে।
19দেশের দক্ষিণ সীমা হবে দক্ষিণ পশ্চিমে তামার থেকে কাদেশ-প্রস্রবণ পর্যন্ত এবং তারপরে উত্তর পশ্চিমে মিশর সীমান্ত বরাবর ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত।
20ভূমধ্যসাগরই দেশের পশ্চিম সীমান্ত রচনা করেছে। সেখান থেকে উত্তর দিকে হামাত গিরিপথের পশ্চিমের একটি স্থানে গিয়ে এই সীমানার শেষ।
21এই দেশ ইসরায়েল গোষ্ঠীরা ভাগ করে নেবে। 22এই দেশের উপর তোমাদের অধিকার হবে চিরস্থায়ী। এদেশে প্রবাসী বিদেশী যারা রয়েছে এবং এখানে যাদের সন্তান-সন্ততি জন্মগ্রহণ করেছে, তারাও ভূমি ভাগের সময় তার অংশ পাবে। তারাও দেশের পূর্ণ নাগরিকের মর্যাদা লাভ করবে এবং ইসরায়েলী গোষ্ঠীর সকলের সঙ্গে তারাও ভূমির অংশ পাবার জন্য লটারিতে যোগ দেবে। 23এদেশে বিদেশী বসবাসকারীরা যে যে ইসরায়েল গোষ্ঠীর মধ্যে বাস করে তাদের প্রত্যেকে সেই গোষ্ঠীর প্রাপ্য অংশের অংশীদার হবে। আমি সর্বাধিপতি প্রভু এই কথা বললাম।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in