YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 35

35
ইদোমের প্রতি ঈশ্বরের দণ্ড
1প্রভু পরমেশ্বর আমাকে বললেন, 2হে মর্ত্যমানব, ইদোম দেশকে ধিক্কার দাও। 3আমি সর্বাধিপতি প্রভু যে কথা বলি, জানিয়ে দাও সেই কথা সেখানকার অধিবাসীদের। তাদের বল: আমি তোমার শত্রু হে ইদোমের পর্বতরাজি! আমি তোমাকে বিধ্বস্ত এক পতিত স্থানে পরিণত করব।
4তোমার সমস্ত নগরীকে আমি ধ্বংসস্তূপের মধ্যে ফেলে দেব,
তুমি উচ্ছন্নে যাবে তখনই তুমি জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
5তুমি ছিলে ইসরায়েলের চির শত্রু। তার বিপদের দিনে তাকে তুমি হত্যাকারীদের মুখে ঠেলে দিয়েছ। ঠেলে দিয়েছ তাকে পাপের চরম বিচারের মুখে। 6অতএব, আমি সর্বাধিপতি প্রভু, সদাজাগ্রত ঈশ্বর, একথা যেমন সত্য—তেমনি একথাও ধ্রুব সত্য যে, মৃত্যুই তোমার অমোঘ নিয়তি, এর হাত থেকে তোমার নিস্তার নেই। তুমি নরহত্যার অপরাধে অপরাধী, নরহত্যা তোমাকে অনুসরণ করবে। 7ইদোমের পাহাড়ী দেশকে আমি বিধ্বস্ত পতিতভূমিতে পরিণত করব এবং সেখান দিয়ে যারা যাতায়াত করবে, তাদের প্রত্যেককে হত্যা করব। 8আমি সমস্ত গিরি-পর্বত শবে পূর্ণ করব এবং যুদ্ধে নিহতদের মৃতদেহে ঢেকে দেব সমস্ত পাহাড়-পর্বত, উপত্যকা। 9চিরদিনের জন্য আমি তোমাকে নির্জন ও পতিত ভূমিতে পর্যবসিত করব। তোমার শহর-নগরে কেউ আর বসবাস করবে না। তখনই তুমি জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।
10তুমি বলেছিলে যে যিহুদা ও ইসরায়েল—এই দুটি জাতি তাদের দেশসহ তোমারই অধীন, তুমিই তাদের মালিক, যদিও আমি, প্রভু পরমেশ্বরই তাদের প্রকৃত ঈশ্বর। 11তাই, আমি সর্বাধিপতি প্রভু, সদাজাগ্রত ঈশ্বর, একথা যেমন সত্য, তেমনি একথাও ধ্রুব সত্য যে আমার প্রজাদের প্রতি তোমার ক্রোধ, তোমার ঈর্ষা ও তোমারই ঘৃণা দিয়ে তোমার প্রতিশোধ নেব। তারা জানবে যে তাদের প্রতি তোমরা যা করেছ তারই প্রতিশোধে আমি তোমাদের শাস্তি দিচ্ছি। 12তখনই তোমরা জানবে যে আমি প্রভু পরমেশ্বর, তোমাদের প্রচণ্ড ঘৃণাভরে বলতে শুনেছি যে ইসরায়েলের পাহাড়-পর্বত জনশূন্য। সেগুলি আত্মসাৎ করার জন্য তোমাদের দেওয়া হয়েছে। 13আমার বিরুদ্ধে তোমরা যে সব বড় বড় স্পর্ধার কথা বলেছ, সব আমি শুনেছি।
14সর্বাধিপতি প্রভু বলেন, আমি তোমাকে এমন জনশূন্য পরিত্যক্ত স্থানে পরিণত করব যে সারা পৃথিবী তোমার পতনে উল্লাসিত হবে। 15ইসরায়েলের বিপর্যয়ে তুমি যে ভাবে উল্লসিত হয়েছিলে, তোমার নিজের দশাও ঠিক সেই রকমই হবে। সেইর-এর পর্বতমালা তথা সারা ইদোম ধ্বংস হয়ে যাবে। তখন সকলে জানবে যে আমিই প্রভু পরমেশ্বর।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in