YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 34

34
ইসরায়েলের পালকবৃন্দ
1প্রভু পরমেশ্বর আমাকে বললেন, 2হে মর্ত্যমানব, ইসরায়েলের রাজন্যবর্গকে ধিক্কার দাও। তাদের কাছে ভবিষ্যদ্বাণী কর, আমি সর্বাধিপতি প্রভু যা বলছি, সেই কথা তাদের বল: হে ইসরায়েলের রাজন্যবর্গ, ধিক্ তোমাদের শতধিক্‌। তোমরা নিজেদের যত্ন নাও কিন্তু মেষপালের যত্ন নাও না। 3তোমরা তাদের দুধ খাও, তাদের পশমের তৈরী কাপড় পর, হৃষ্টপুষ্ট ভেড়া মেরে খাও। 4দুর্বল মেষদের যত্ন নাও নি, অসুস্থদের সারিয়ে তোলনি, আহতদের ক্ষত যত্ন করে বেঁধে দাওনি, তারা হারিয়ে গেলে খুঁজে আননি। তার পরিবর্তে, তাদের সঙ্গে তোমরা নিষ্ঠুর ব্যবহার করেছ। 5মেষদের পালক না থাকায় তারা ছড়িয়ে পড়েছে, হিংস্র জন্তুর শিকার হয়েছে।#গণনা 27:17; ১ রাজা 22:17; মথি 9:36; মার্ক 6:34 6ফলে আমার মেষেরা পাহাড়ে পর্বতে দিশাহীন হয়ে ঘুরে বেড়িয়েছে, ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। কেউ তাদের খুঁজে আনেনি বা খোঁজার চেষ্টাও করেনি।
7এবার শোন হে মেষপালকবৃন্দ, আমি, প্রভু পরমেশ্বর কী বলছি। 8আমি সদা জাগ্রত ঈশ্বর, এ কথা যেমন সত্য, তেমনি ধ্রুব সত্য যে, আমার কথায় মনযোগ দেওয়াই তোমাদের পক্ষে মঙ্গলজনক। মেষপালকের অভাবে বন্য জন্তুরা আমার মেষদের আক্রমণ করেছে এবং খেয়ে ফেলেছে। আমার মেষপালকেরা মেষদের খোঁজার চেষ্টাও করে নি। তারা নিজেদের নিয়েই ব্যস্ত ছিল, মেষদের কথা ভুলেও ভাবেনি। 9কাজেই, হে মেষপালকেরা, শোন আমার কথা, 10আমি সর্বাধিপতি প্রভু, আমি তোমাদের জানিয়ে দিলাম: আমি তোমাদের শত্রু। তোমাদের কাছ থেকে আমার সমস্ত মেষ আমি কেড়ে নেব। তোমরা আর কোনদিন তাদের রাখালি করতে পারবে না। নিজেদের নিয়ে ব্যস্ত থাকার দিনও আর তোমাদের দেব না এবং তোমাদের হাত থেকে তাদের উদ্ধার করে আনব, তোমাদের হাতে শিকার হতে দেব না।
উত্তম মেষপালক
11আমি, সর্বাধিপতি প্রভু তোমাদের বলছি, আমি স্বয়ং আমার মেষপাল দেখাশুনা করব। একজন মেষপালক যেভাবে তার মেষপালের যত্ন নেয়, 12আমিও সেইভাবে তাদের যত্ন নেব এবং যারা এদিক ওদিক ছড়িয়ে পড়েছে, তাদের একজায়গায় নিয়ে আসব। বিপদের অন্ধকারে যেসব জায়গায় তারা ছড়িয়ে পড়েছিল, সেইসব জায়গা থেকে আমি তাদের খুঁজে নিয়ে আসব। 13বিদেশ বিভূঁই থেকে তাদের খুঁজে খুঁজে জড়ো করে ফিরিয়ে আনব তাদের নিজের দেশে। ফিরিয়ে নিয়ে যাব তাদের ইসরায়েলভূমির পর্বতে-উপত্যকায়, নিয়ে যাব নদী-নির্ঝরে সুশোভিত মনোরম স্থানে, নিয়ে যাব শ্যামল চরাণীতে। 14ইসরায়েল ভূমির পাহাড়ের গায়ে ঘাসে ঢাকা মাঠে, উপত্যকায়, চরাণীর সবুজ সমারোহের মাঝে আমি তাদের নিয়ে যাব। 15আমিই হব আমার মেষদলের মেষপালক। আমিই খুঁজে দেব তাদের বিশ্রামের জায়গা। আমি, সর্বাধিপতি প্রভু এ কথা বললাম।
16যারা হারিয়ে গেছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তাদের আবার ফিরিয়ে আনব, যারা আহত তাদের ক্ষত বেঁধে দেব, যারা অসুস্থ তাদের নিরাময় করে তুলব। কিন্তু যারা হৃষ্টপুষ্ট ও বলবান, তাদের আমি ধ্বংস করব কারণ আমি ন্যায়বান মেষপালক।
17সুতরাং হে আমার মেষপাল, আমি, সর্বাধিপতি প্রভু তোমাদের বলছি, আমি তোমাদের প্রত্যেকের বিচার করব এবং মন্দদের মধ্যে থেকে ভালদের আলাদা করে নেব, মেষ ও ছাগকে আলাদা করব। 18তোমাদের মধ্যে কেউ কেউ সবচেয়ে ভাল ঘাস খেয়েও তৃপ্ত নও, তারওপর আবার যেগুলি তোমরা খাও না সেগুলি মাড়িয়ে নষ্ট করে দাও! তোমরা পরিষ্কার জল পান করার পর সেটাকে ঘুলিয়ে কাদা করে দাও! 19আমার অন্য মেষদের সেই মাড়ানো ঘাস খেতে হয় আর ঘোলা জল পান করতে হয়।!
20সুতরাং আমি সর্বাধিপতি প্রভু তোমাদের বলছি যে, আমি দুর্বল ও বলবান মেষদের বিরোধ নিষ্পত্তি করব। 21তোমরা দুর্বল অসুস্থ মেষদের ঠেলে গুঁতিয়ে একধারে সরিয়ে দিচ্ছ, দল ছেড়ে পালাতে তাদের বাধ্য করছ। 22কিন্তু আমি আমার মেষদের উদ্ধার করব, আর তাদের অত্যাচারিত হতে দেব না। আমার প্রত্যেকটি মেষের আমি বিচার করব, মন্দদের মধ্যে থেকে ভালদের বেছে আলাদা করব। 23তাদের পালক হবার জন্য আমার দাস দাউদের মত একজন রাজা দেব তাদের। সে তাদের দেখাশুনা করবে, যত্ন নেবে। 24আমি প্রভু পরমেশ্বর তাদের ঈশ্বর হব এবং আমার দাস দাউদের মত একজন রাজা তাদের শাসক হবে। আমি তোমাদের এই কথা দিলাম। 25আমি তাদের সঙ্গে একটি সন্ধিচুক্তি সম্পাদন করব যা তাদের এনে দেবে নিরাপত্তা ও শান্তি। আমি দেশ থেকে সমস্ত বন্য হিংস্র জন্তু দূর করে দেব যাতে আমার মেষপাল নির্বিঘ্নে মাঠে চরতে পারে এবং বনের মধ্যে গিয়ে ঘুমাতে পারে।
26আমার পবিত্র পর্বতের চারিদিকে আমি তাদের বসতি করাব।#34:26 পবিত্র পর্বত:20:40 দ্রষ্টব্য। প্রয়োজনের দিনে সেখানে তাদের আমি বৃষ্টিধারা দিয়ে আশীর্বাদ করব। 27গাছ ফল দান করবে, শস্যের ক্ষেত ফসল ফলাবে, সবাই তাদের আপন দেশে নিরাপদে বাস করবে। আমি যখন আমার প্রজাদের শৃঙ্খল মোচন করব, মুক্তিদান করব বন্দীত্ব থেকে, সেইদিনই তারা বুঝবে যে আমিই প্রভু পরমেশ্বর। 28অন্যান্য জাতি তাদের আর পীড়ন করবে না এবং বন্য জন্তুরাও তাদের আর বধ করবে না। নিরাপদেই বাস করবে তারা, কেউ আর তাদের ভীতির সঞ্চার করবে না। 29আমি দেব তাদের উর্বরা ভূমি, দেশ থেকে দূর করে দেব ক্ষুধার জ্বালা। তারা আর কখনও অন্যান্য জাতির ব্যঙ্গ-বিদ্রূপের পাত্র হবে না। 30তখন সকলেই জানবে যে আমিই ইসরায়েলের রক্ষক, তারা আমারই প্রজা–একথা আমি, সর্বাধিপতি প্রভু বললাম।
31হে আমার মেষপাল, তোমরা আমার প্রজা এবং আমি তোমাদের ঈশ্বর, আমি তোমাদের প্রতিপালন করি। এ কথা সর্বাধিপতি প্রভু বলেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in