দ্বিতীয় বিবরণ 6
6
সর্বোত্তম অনুশাসন
1এই সমস্ত নির্দেশ, বিধি ও অনুশাসন তোমাদের শেখানোর জন্য তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাকে আদেশ দিয়েছেন। তোমরা এখন নদী পার হয়ে যে দেশ অধিকার করতে যাচ্ছ, সেই দেশে গিয়ে তোমারা এই নির্দেশই পালন করবে। 2তোমরা পুত্র পৌত্রাদিক্রমে আজীবন তাঁর এই সমস্ত নির্দেশ ও বিধি, যা আমি তোমাদের জানালাম, পালন করবে এবং তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করবে, তাহলে তোমরা দীর্ঘ জীবন লাভ করবে। 3হে ইসরায়েলকুল! শোন, তোমরা এ সবই সযত্নে পালন করবে, তাহলে তোমাদের পিতৃপুরুষদের আরাধ্য ঈশ্বর তোমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই অনুযায়ী সুজলা সুফলা প্রাচুর্যময় সেই দেশে তোমাদের মঙ্গল হবে এবং তোমরা অতিশয় বৃদ্ধিলাভ করবে। 4হে ইসরায়েলকুল! শোন, প্রভু পরমেশ্বরই আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এক ও অদ্বিতীয়।#মার্ক 12:19 5তুমি তোমার সমগ্র হৃদয় সমগ্র প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে ভালবাসবে।#মথি 22:37; মার্ক 12:30; লুক 10:27 6এই সমস্ত নির্দেশ যা আমি আজ তোমাদের দিচ্ছি, তোমরা সব মনে রেখো, 7এবং প্রত্যেকে সেগুলি সযত্নে তোমাদের সন্তান সন্ততিদের শিখাবে। তোমরা গৃহে থাকাকালে, পথে যাত্রাকালে, শয়নে অথবা জাগরণে আলোচনা করবে। 8এগুলি তোমরা নিদর্শন স্বরূপ হস্তে ধারণ করবে, দুচোখের মাঝখানে ভূষণ স্বরূপ পরিধান করবে। 9তোমাদের ঘরের দরজার মাথায় এবং প্রবেশ পথে এগুলি লিখে রাখবে।#দ্বি.বি. 11:18-20
10তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের পিতৃপুরুষ অব্রাহাম,ইস্হাক ও যাকোবকে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই দেশে তিনি তোমাদের নিয়ে যাওয়ার পর তোমরা তোমাদের দ্বারা নির্মিত নয় এমন অনেক বৃহৎ ও সুন্দর নগর,#আদি 12:7; 26:3; 28:13 11তোমাদের সঞ্চিত নয় এমন উত্তম দ্রব্যে পরিপূর্ণ অনেক গৃহ, তোমাদের দ্বারা খনিত নয় এমন অনেক কূপ, তোমাদের তৈরী নয় এমন অনেক দ্রাক্ষাকুঞ্জ ও জলপাইয়ের উদ্যান ভোগদখল করে তোমরা যখন তৃপ্তি লাভ করবে, 12তখন তোমরা সাবধান হয়ো। মিশরের দাসত্বের আগার থেকে যিনি তোমাদের উদ্ধার করে এনেছেন, সেই প্রভু পরমেশ্বরকে তোমরা ভুলে যেও না। 13তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকেই সম্ভ্রম করবে, কেবল তাঁরই সেবা করবে এবং তাঁর নামেই শপথ করবে।#মথি 4:19; লুক 4:8 14তোমরা অন্য কোন দেবতার, তোমাদের চারিদিকে যে সব জাতি আছে তাদের দেবতাদের অনুগামী হবে না, 15যদি হও তাহলে তোমাদের মাঝে যিনি রয়েছেন, তোমাদের সেই আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের ক্রোধ প্রজ্বলিত হবে তোমাদের বিরুদ্ধে, এবং ধরাপৃষ্ঠ থেকে তোমাদের বিলুপ্ত করবেন তিনি, কারণ তিনি কোন প্রতিদ্বন্দ্বীকে সহ্য করেন না। সকল গৌরব ও মহিমা একমাত্র তাঁরই। 16মাসাহ্তে তোমরা যেমন করেছিলে তেমনি ভাবে তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে কখনও পরীক্ষা করতে যেও না।#যাত্রা 17:1-7; মথি 4:7; লুক 4:12 17তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে সমস্ত নির্দেশ, বিধি-বিধান দিয়েছেন সেগুলি তোমরা সযত্নে পালন করবে। 18তাঁর দৃষ্টিতে যা ন্যায্য এবং উত্তম তাই তোমরা করবে, তাহলে তোমাদের মঙ্গল হবে এবং প্রভু পরমেশ্বর তোমাদের পিতৃপুরুষদের কাছে যে দেশ সম্পর্কে শপথ করে বলেছিলেন যে তোমাদের সম্মুখে থেকে তোমাদের সকল শত্রুকে তিনি বিতাড়িত করবেন, 19আর সেই প্রতিশ্রুতি অনুযায়ী তোমরা সেই উত্তম দেশে প্রবেশ করে সেই দেশ অধিকার করতে পারবে। 20উত্তর কালে তোমাদের সন্তান যখন তোমাদের জিজ্ঞাসা করবে: আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে সব বিধি বিধান ও অনুশাসন দিয়েছেন সেগুলির তাৎপর্য কি? 21তখন তোমরা তাকে বলবে: আমরা মিশরে ফারাও-এর দাস ছিলাম। প্রভু পরমেশ্বর সবল হস্তে আমাদের মিশর থেকে উদ্ধার করে আনলেন। 22তিনি আমাদেরই সামনে মিশরীদের বিরুদ্ধে ও ফারাও এবং তাঁর সকল লোকজনের বিরুদ্ধে পরমাশ্চর্য ও সাঙ্ঘাতিক অলৌকিক শক্তির নির্দশন ও অদ্ভুত লক্ষণ সমূহ প্রদর্শন করলেন। 23তিনি সেখান থেকে আমাদের উদ্ধার করে আনলেন এবং আমাদের পিতৃপুরুষদের কাছে যে দেশ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই দেশে আমাদের নিয়ে গেলেন। 24আর তিনি আমাদের তাঁর এই সমস্ত বিধি পালন করতে এবং আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করতে আদেশ দিলেন যেন আজীবন আমাদের মঙ্গল হয় আর আজ যেমন তেমনি চিরকাল তিনি আমাদের রক্ষা করেন। 25আমরা আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আদেশ অনুযায়ী যদি তাঁর সাক্ষাতে নিষ্ঠাভরে এই সমস্ত বিধি ব্যবস্থা পালন করি তাহলে তা-ই হবে আমাদের পক্ষে প্রকৃত ধার্মিকতা।
Currently Selected:
দ্বিতীয় বিবরণ 6: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.