দ্বিতীয় বিবরণ 5
5
দশ অনুশাসন
(যাত্রা 20:1-17)
1মোশি ইসরায়েলীদের সকলকে ডেকে বললেন, হে ইসরায়েলকুল! শোন, আজ আমি তোমাদের কাছে যে, সমস্ত বিধি ও অনুশাসন বিবৃত করছি, সেগুলি তোমরা শিখবে ও সযত্নে পালন করবে। 2আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর হোরেব পর্বতে আমাদের সঙ্গে শর্তযুক্ত এক সম্বন্ধ স্থাপন করেছেন। 3প্রভু পরমেশ্বর আমাদের পিতৃপুরুষের সঙ্গে এই শর্ত স্থির করেন নি, কিন্তু আমরা যারা আজ এখানে বর্তমান, সেই আমাদের সঙ্গেই করেছেন। 4প্রভু পরমেশ্বর সেই পর্বতে অগ্নিশিখার মধ্য থেকে তোমাদের সঙ্গে সরাসরি কথা বলেছেন। 5সেই সময়ে তাঁর নির্দেশ তোমাদের অবগত করার জন্য আমিই প্রভু পরমেশ্বর ও তোমাদের মাঝে মধ্যস্থ করেছি, কেননা সেই অগ্নিশিখার ভয়ে তোমরা কেউ পাহাড়ে ওঠনি। প্রভু পরমেশ্বর বললেনঃ
6আমিই তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর, আমিই মিশরের দাসত্বের আগার থেকে তোমাকে উদ্ধার করে এনেছি। 7আমি ছাড়া তোমাদের আর কোন ঈশ্বর নেই। 8তুমি কোন প্রতিমূর্তি ক্ষোদাই বা নির্মাণ করবে না। ঊর্ধ্বে, আকাশে, নিম্নে এই পৃথিবীতে এবং পৃথিবীর নীচে জলে যা কিছু আছে তার কোন কিছুরই প্রতিমূর্তি নির্মাণ করবে না। 9তাদের সম্মুখে তুমি প্রণিপাত করবে না এবং তাদের পূজা করবে না, কারণ আমি, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর, আমি এক ও অদ্বিতীয়। সকল গৌরব ও মহিমা আমারই। আমি পিতৃপুরুষদের অপরাধের প্রতিফল সন্তানদের দিয়ে থাকি। যারা আমার বিদ্বেষী তাদের সন্তানদের তৃতীয় ও চতুর্থ পুরুষ পর্যন্ত প্রতিফল দিই।#লেবীয় 26:1; দ্বি.বি. 4:15-18; 27:15 10কিন্তু যারা আমাকে ভালবাসে, আমার সকল নির্দেশ পালন করে, বংশ পরম্পরায় তাদের প্রতি আমি করুণা করি।#যাত্রা 34:6-7; গণনা 14:18; দ্বি.বি. 7:9-10 11তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নাম তুমি মন্দ উদ্দেশ্যে অযথা উচ্চারণ করবে না,#লেবীয় 19:12 অন্যথায় প্রভু পরমেশ্বর অব্যাহতি দেবেন না। 12তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের নির্দেশ অনুযায়ী তুমি সাব্বাথ দিন পবিত্রভাবে উদ্যাপন করবে।#যাত্রা 16:23-30; 31:12-14 13তুমি ছয়দিন শ্রম করবে, নিজের সমস্ত কাজ করবে, 14কিন্তু সপ্তম দিন তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মানার্থে বিশ্রাম দিন। সেই দিন তুমি, তোমার পুত্র, কন্যা, দাস, দাসী, গরু, গাধা কিংবা অন্য কোন পশু, তোমার গৃহে বসবাসকারী কোন বিদেশী-কেউ কোন কাজ করবে না। তোমার দাস ও দাসী যেন তোমার মতই বিশ্রাম উপভোগ করে।#যাত্রা 23:12; 31:15; 34:21; 35:2; লেবীয় 23:3 15মনে রাকবে, মিশরে তুমিও ছিলে দাস কিন্তু তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর সবল বাহু প্রসারণ করে সেখান থেকে তোমাদের উদ্ধার করে এনেছেন। এই জন্যই তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাকে বিশ্রাম দিবস পালন করার নির্দেশ দিয়েছেন।
16তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের আদেশ এই, মাতা-পিতাকে সম্মান করবে। তাহলে তোমার আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যে দেশ তোমাকে দেবেন, সেই দেশে তুমি দীর্ঘ জীবন লাভ করবে এবং তোমার মঙ্গল হবে।#দ্বি.বি. 27:16; মথি 15:4; 19:19; মার্ক 7:10; 10:19; লুক 18:20; ইফি 6:2-3
17নরহত্যা করো না। #আদি 9:6; লেবীয় 24:17; মথি 5:21; 19:18; মার্ক 10:19; লুক 18:20; রোমীয় 13:9; যাকোব 2:11
18ব্যভিচার করো না।#লেবীয় 20:10; মথি 5:27; 19:18; মার্ক 10:19; লুক 18:20
19চুরি করো না।#লেবীয় 19:11; মথি 19:18; মার্ক 10:19; লুক 18:20
20প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না।#যাত্রা 23:1; মথি 19:18; মার্ক 10:19; লুক 18:20
21প্রতিবেশীর স্ত্রীর প্রতি লুব্ধ হয়ো না, প্রতিবেশীর বাড়ি, জমিজমা, দাস-দাসী, ও পশুপাল-তার কোন কিছুর জন্যই তুমি লালায়িত হয়ো না।#রোমীয় 7:7; 13:9
22প্রভু পরমেশ্বর পর্বতের উপরে অগ্নিশিখা মেঘপুঞ্জ ও ঘোর অন্ধকারের মধ্য থেকে তোমাদের সমগ্র জনমণ্ডলীর কাছে বজ্রকন্ঠে এই সমস্ত কথা উচ্চারণ করেছিলেন, আর কিছু বলেন নি। পরে তিনি দুটি পাষাণ ফলকে এই সমস্ত নির্দেশ লিপিবদ্ধ করে আমাকে দিয়েছিলেন।
23তোমরা যখন অন্ধকারের মধ্য থেকে তাঁর কন্ঠস্বর শুনলে, তখন সেই পর্বতে আগুন জ্বলছিল। তখন তোমাদের নেতৃবর্গ এবং গোষ্ঠীপ্রধানেরা#5:23 প্রাচীন= Elder আমার কাছে এসে বলল, 24আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর আমাদের কাছে তাঁর প্রতাপ ও মহিমা প্রদর্শন করেছেন এবং অগ্নিশিখার মধ্য থেকে তাঁর কন্ঠস্বর আমরা শুনতে পেয়েছি। ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলার পরও মানুষ বেঁচে থাকতে পারে, তা আজ আমরা দেখলাম। 25কিন্তু আমরা এখন কেন মরবো? ঐ ভীষণ অগ্নিশিখা আমাদের গ্রাস করবে। আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের কন্ঠস্বর যদি আমরা আবার শুনি তা হলে মারা যাব।। 26কেননা এমন কোন্ জীব আছে যে আমাদের মত অগ্নিশিখার মধ্য থেকে জীবন্ময় ঈশ্বরের কন্ঠস্বর শুনেও বেঁচে আছে? 27তুমিই বরং কাছে গিয়ে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর যা কিছু বলেন, শোন। তিনি তোমাকে যা বলবেন, সে কথা তুমিই আমাদের বলো, আমরা সবই পালন করব।#হিব্রু 12:18-19 28তোমরা আমাকে যে কথা বললে, সবই প্রভু পরমেশ্বর শুনলেন, আর তিনি আমাকে বললেন, এরা তোমাকে যা বলেছে, সবই আমি শুনেছি। এরা ভাল কথাই বলেছে। 29আহা, ওদের মনোভাব যদি এই রকমই থাকে, ওরা যদি সর্বদা আমাকে সম্ভ্রম করে এবং আমার নির্দেশ পালন করে, তাহলে ওদের ও ওদের সন্তানসন্ততিদের চিরস্থায়ী মঙ্গল হবে। 30তুমি গিয়ে ওদের নিজ নিজ ছাউনিতে ফিরে যেতে বলো। 31কিন্তু তুমি আমার কাছে এখানে দাঁড়াও, তুমি যে সব বিষয় ওদের শিক্ষা দেবে, আমি তোমাকে সেই সব নির্দেশ, বিধি ও অনুশাসন তোমাকে বলে দেব। যে দেশের অধিকার আমি তাদের দেব, সেখানে গিয়ে তারা সেই সব নির্দেশ সযত্নে পালন করবে। 32অতএব তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে নির্দেশ দিয়েছেন সযত্নে সেগুলি পালন করবে। কোন ভাবেই বিচ্যুত হবে না। 33তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের যে পথে চলার নির্দেশ দিয়েছেন, সেই পথেই চলবে। তাহলে তোমরা জীবনলাভ করবে ও তোমাদের মঙ্গল হবে। যে দেশ তোমরা অধিকার করতে চলেছ, সেখানে দীর্ঘ জীবন লাভ করবে।
Currently Selected:
দ্বিতীয় বিবরণ 5: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.