YouVersion Logo
Search Icon

২ বংশাবলি 2

2
মন্দির নির্মাণ প্রস্তুতি
(১ রাজা 5:1-18)
1রাজা শলোমন প্রভু পরমেশ্বরের উপাসনার জন্য একটি মন্দির ও নিজের জন্য একটি প্রাসাদ নির্মাণ করার সিদ্ধান্ত নিলেন। 2তিনি সত্তর হাজার লোককে সাজসরঞ্জাম বহন করে আনার কাজে এবং আশী হাজার লোককে পার্বত্য অঞ্চলে পাথর কাটার কাজে নিযুক্ত করলেন। এদের কাজকর্ম দেখাশুনার কাজে নিযুক্ত করলেন তিন হাজার ছয় শত লোককে।
3টায়ারের রাজা হীরামের কাছে শলোমন সংবাদ পাঠালেনঃ আমার পিতা রাজা দাউদ যখন তাঁর প্রাসাদ নির্মাণ করেছিলেন তখন আপনি তাঁকে প্রয়োজনীয় সীডার কাঠ বিক্রী করেছিলেন। এখন তাঁর সঙ্গে আপনি যেমন ব্যবসা বাণিজ্য করতেন, আমার সঙ্গেও সেই বাণিজ্য সম্পর্ক স্থাপন করুন। 4আমি আমার আরাধ্য প্রভু পরমেশ্বরের আরাধনার জন্য একটি মন্দির নির্মাণের সঙ্কল্প করেছি। এ হবে এমন একটি স্থান যেখানে আমি ও আমার প্রজাবৃন্দ সুগন্ধি ধূপ জ্বেলে প্রভু পরমেশ্বরের উপাসানা করব। সেখানে নিত্য নিবেদিত হবে ঈশ্বরের উপস্থিতির প্রতীক রুটি,#2:4 প্রাচীন অনুবাদ: দর্শন রুটি প্রতি প্রভাতে ও সন্ধ্যায়, সাব্বাথ দিনে, অমাবস্যার উৎসবে এবং অন্যান্য সমস্ত পর্বদিনে আমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সম্মানে উৎসর্গিত হবে হোম নৈবেদ্য। ইসরায়েলীদের প্রতি ‘ঈশ্বরের এই আদেশ চিরদিন অবশ্য পালনীয়। 5আমি চাই তাঁর জন্য বিরাট এক অপরূপ মন্দির নির্মাণ করতে কারণ অন্যান্য সমস্ত দেতাদের চেয়ে আমাদের আরাধ্য ঈশ্বর সুমহান। 6তবে, প্রকৃত পক্ষে ঈশ্বরের জন্য মন্দির গড়ার ক্ষমতা কারও নেই। কারণ অসীম আকাশের অন্তহীন ব্যাপ্তিও ধারণ করতে পারে না তাঁকে। এক্ষেত্রে ঈশ্বরের উদ্দেশে ধূপ জ্বালানোর জন্য একটি স্থান নির্মাণ করা আমার পক্ষে কি করে সম্ভব?#১ রাজা 8:27; ২ বংশা 6:18 7কাজেই স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ ও লৌহের কারুকার্য এবং নীল, বেগুনী ও লাল কাপড়ের উপর সূচি শিল্প নিপুণ এক শিল্পীকে আমার কাছে পাঠিয়ে দিন। সে আমার পিতার মনোনীত যিহুদীয়া ও জেরুশালেমের শিল্পীদের সঙ্গে কাজ করবে। 8আমি জানি আপনার কাঠুরিয়ারা কাঠ কাটার কাজে অত্যন্ত দক্ষ।তাই আমার জন্য লেবানন থেকে সীডার, দেবদারু ও জুনিপার কাঠ পাঠিয়ে দিন। আমি আপনার লোকদের কাজে সাহায্যের জন্য 9আমার লোকদের পাঠাতে প্রস্তুত। কারণ আমি যে মন্দির গড়তে চাই, তা হবে মহা আড়ম্বরে পূর্ণ সুবিশাল এক মন্দির। 10আপনার শ্রমিক কর্মীদের খাদ্যের জন্য আমি বিশ সহস্র কোর#2:10 পুরাতন পরিমাপ পদ্ধতিতে বিশ সহস্র কোর= দুহাজার মেট্রিকটন।#2:10 বিশ সহস্র বাথ= চার লক্ষ লিটার গম, বিশ সহস্র কোর যব, বিশ সহস্র বাথ সুরা এবং বিশ সহস্র বাথ জলপাই তেল পাঠাব।
11রাজা হীরাম এর উত্তরে শলোমনকে একটি চিঠি পাঠালেন। তিনি লিখলেন, প্রভু পরমেশ্বর তাঁর প্রজাদের ভালবাসেন বলেই আপনাকে তাদের রাজা করেছেন। 12আকাশ ও পৃথিবীর স্রষ্টা প্রভু পরমেশ্বর ইসরায়েলের আরাধ্য ঈশ্বরের মহিমা হোক! তিনি রাজা দাউদকে দান করেছেন এক পরমজ্ঞানী পুত্র, বিচক্ষণতায় ও নৈপুণ্যে অতুলনীয়। তিনি আজ প্রভু পরমেশ্বরের জন্য একটি মন্দির ও নিজের জন্য একটি প্রাসাদ নির্মাণের পরিকল্পনা করেছেন। 13আমি আপনার কাছে একজন জ্ঞানী ও সুদক্ষ শিল্পী হুরমকে পাঠাচ্ছি। 14তাঁর জননী দান বংশের কন্যা এবং তাঁর পিতা ছিলেন টায়ারের অধিবাসী। তিনি জানেন কি ভাবে সোনা, রূপো, ব্রোঞ্জ, লোহা, পাথর ও কাঠ দিয়ে জিনিষ তৈরী করতে হয়। নীল, বেগুনী ও লাল কাপড়ের ওপরে সূচিশিল্পের কাজেও তিনি দক্ষ। সর্বপ্রকার খোদাইয়ের কাজ এবং যে কোন রকমের নকশা দেখালে অতি সহজে তিনি কাজ বুঝে করে দিতে পারেন। কাজেই তাঁকে আপনার ও আপনার পিতা রাজা দাউদের আমলের শিল্পীদের সঙ্গে কাজে নিয়োগ করুন। 15এবার আপনি আপনার কথা মত গম, যব, সুরা ও জলপাই তেল আমাদের কাছে পাঠিয়ে দিন। 16আপনার প্রয়োজন মত লেবানন পর্বতমালার সমস্ত সীডার বৃক্ষ আমরা কেটে ফেলব এবং সেগুলিকে বেঁধে সমুদ্রে ভাসিয়ে জোপ্পা পর্যন্ত পৌঁছে দেব। সেখান থেকে কাঠগুলি তুলে আপনি জেরুশালেমের নিয়ে য়েতে পারবেন।
মন্দিরের নির্মাণ কার্য আরম্ভ
(১ রাজা 6:1-38)
17রাজা শলোমন ইসরায়েল দেশে বিদেশীদের সংখ্যা গণনা করলেন। তাঁর পিতা দাউদও একবার এইভাবে গণনার কাজ করেছিলেন। গণনায় দেখা গেল দেশে বসবাসকারী বিদেশীর সংখ্যা 153,600 জন। 18তাদের মধ্যে 70,000 জনকে তিনি মন্দির নির্মাণের সাজ-সরঞ্জাম বহনের জন্য শ্রমিকের কাজে, 80,000 জনকে পার্বত্য অঞ্চলে পাথর কাটার জন্য শ্রমিকের কাজে এবং 3600 জনকে কাজের তদারকির দায়িত্বে নিযুক্ত করলেন যাতে সমস্ত কাজ সুসম্পন্ন হয়।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for ২ বংশাবলি 2