১ শমুয়েলে 25
25
নাবল ও অবিগলের কাহিনী
1এই সময়ে শমুয়েল মারা গেলেন ইসরায়েলের সমস্ত লোক সমবেত হয়ে তাঁর জন্য শোক প্রকাশ করল, আর রামায় তাঁর নিজের বাড়ীতে তাঁকে সমাধিস্থ করল। এরপর দাউদ পারাণ প্রান্তরে চলে গেলেন।
2-3মায়োন প্রদেশে নাবল নামে কালেব বংশের এক ব্যক্তি বাস করত। তার স্ত্রীর নাম অবিগল। কারমেল অঞ্চলে ঐ ব্যক্তির অনেক বিষয়সম্পত্তি ছিল। সে ছিল খুব ধনী। তার তিন হাজার মেষ ও এক হাজার ছাগল ছিল। অবিগল ছিলেন বুদ্ধিমতী ও সুন্দরী, কিন্তু তাঁর স্বামী ছিল অভদ্র ও ইতর প্রকৃতির লোক। নাবল তখন কারমেল অঞ্চলে তার মেষপালের লোম ছাঁটাই করছিল।
4দাউদ প্রান্তরে থাকা কালে সংবাদ পেলেন যে নাবল তার মেষপালের লোম ছাঁটাই করছে। 5দাউদ তখন দশজন যুবককে তার কাছে পাঠিয়ে দিলেন। তিনি তাদের বললেন, তোমরা কারমেল পাহাড়ে নাবলের কাছে গিয়ে আমার নাম তাকে সম্ভাষণ করে বল, 6আপনার ও আপনার পরিবারের সকলের এবং আপনার সমস্ত বিষয়সম্পত্তির শ্রীবৃদ্ধি হোক। 7সম্প্রতি আমি শুনেছি যে লোমছেদকেরা আপনার কাছে কাজ করছে। আপনার মেষপালকেরা আমাদের সঙ্গে ছিল, আমরা তাদের কোন ক্ষতি করিনি। তারা যতদিন কারমেল অঞ্চলে ছিল ততদিন তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি। আপনার দাসদের জিজ্ঞাসা করলে তারাও একথা বলবে। 8এখন তাহলে আমার এই যুবকদের প্রতি আপনি কৃপাদৃষ্টি করুন। আমরা শুভদিনেই আপনার কাছে এসেছি, অনুগ্রহ করে আপনার সন্তান দাউদ ও এই সেবকদের জন্য মুক্তহস্তে কিছু দান করুন।
9দাউদের সঙ্গী যুবকেরা গিয়ে তাঁর নাম করে নাবলকে ঐসব কথা বলল এবং তার উত্তরের অপেক্ষায় রইল। 10নাবল দাউদের সঙ্গী যুবকদের বলল, কে এই দাউদ? যিশয়ের পুত্রই বা কে? আজকাল অনেক দাসই তাদের প্রভুদের ছেড়ে পালিয়ে যাচ্ছে। 11আমি কি আমার রুটি, জল এবং আমার মেষপালের লোমছেদকদের জন্য যে সব পশু মেরেছি তাদের মাংস অজানা লোকদের দিয়ে দেব? 12দাউদের অনুচররা সেখান থেকে ফিরে দাউদকে সব কথা জানাল। 13দাউদ তখন তাঁর অনুচরদের বললেন, তোমরা প্রত্যেকে তরবারি নিয়ে তৈরী হও। তখন প্রত্যেকে যে যার তরবারি নিয়ে তৈরী হল, দাউদ নিজেও তৈরী হলেন। তাঁর সঙ্গে প্রায় চারশো লোক অভিযানে বেরিয়ে গেল। শ’দুয়েক লোক মালপত্র পাহারা দেওয়ার জন্য সেখানেই থাকল।
14দাসদের মধ্যে একজন নাবলের স্ত্রী অবিগলকে বলল, দেখুন, প্রান্তর থেকে দাউদ আমাদের কর্তাকে সম্ভাষণ জানিয়ে দূত পাঠিয়েছিলেন, কিন্তু কর্তা তাদের গালিগালাজ করে বিদায় দিয়েছেন। 15ঐ লোকগুলি আমাদের সঙ্গে খুব ভাল ব্যবহার করেছে। আমরা প্রান্তরে যতদিন ওদের সঙ্গে ছিলাম ততদিন আমাদের কোন ক্ষতি হয়নি, কোন কিছু হারায় নি। 16আমরা যতদিন ওদের সঙ্গে থেকে মেষ চরিয়েছি, ততদিন ওরা দিনরাত্রি আমাদের চারদিকে দেওয়ালের মত ছিল। 17এখন আপনার কর্তব্য কি তা বিবেচনা করে দেখুন। কারণ এখন ওরা কর্তা ও তাঁর পরিবারের সকলেরই অনিষ্ট করার সঙ্কল্প করেছে। কিন্তু কর্তা এমন উগ্রস্বভাব যে তাঁকে কোন কথাই বলা যায় না।
18অবিগল তাড়াতাড়ি দুশো চাপাটি, দুই মশকভর্তি সুরা, রান্না করা পাঁচটি ভেড়ার মাংস, পাঁচ বস্তা ভাজা শস্য, একশো গোছা শুকনো আঙুর, ডুমুর দিয়ে তৈরী দুশো পিঠে নিয়ে গাধার পিঠে বোঝাই করে দাসদের বললেন, তোমরা এগিয়ে যাও, আমি তোমাদের পিছনে যাচ্ছি। 19তিনি তাঁর স্বামী নাবলকে এ বিষয়ে কিছুই জানালেন না। 20অবিগল গাধায় চড়ে যখন পাহাড়ের আড়ালে এসে পৌঁছালেন, তখন দাউদও তাঁর লোকজন সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হলেন। 21অবিগলের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হল। দাউদ বলেছিলেন, প্রান্তরে বৃথাই আমি এতদিন ওদের রক্ষা করেছি, যার জন্য নাবলের সম্পত্তির কোন ক্ষতি হয়নি। কিন্তু সে এই উপকারের প্রতিদানে খারাপ ব্যবহার করেছে। 22ঈশ্বরের দিব্য, যদি কাল সকাল পর্যন্ত আমি তার পরিবারের একটি পুরুষকেও জীবিত রাখি তাহলে যেন ঈশ্বরের সমস্ত দণ্ড দাউদের উপর#25:22 গ্রীকঃ হিব্রু: দাউদের শত্রুদের উপর বর্তায়। 23দাউদকে দেখতে পেয়ে অবিগল তাড়াতাড়ি গাধা থেকে নেমে মাটিতে উপুড় হয়ে তাঁকে প্রণাম করলেন। 24তাঁর পায়ে পড়ে বললেন, প্রভু, সব অপরাধ আমারই। দয়া করে আপনার এই দাসীর নিবেদন শুনুন। 25এই বেয়াদব নাবলের কথা ধরবেন না। যেমন তার নাম সে নিজেও তেমনি। তার নাম নাবল-অর্থাৎ নির্বোধ, আসলেও সে একটি নির্বোধ। প্রভু যাদের পাঠিয়েছিলেন তাদের সঙ্গে এই দাসীর সাক্ষাৎ হয়নি। 26জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য, আপনার দিব্য, প্রভু আপনাকে রক্তপাতের অপরাধে লিপ্ত হতে এবং নিজের হাতে প্রতিশোধ নিতে নিষেধ করেছেন। প্রভুর শত্রুকুল, যারা প্রভুর অনিষ্ট কামনা করে তাদের দশা নাবলের মতই হোক। 27এখন তাহলে আপনার দাসী আপনার জন্য এই যে উপহার সামগ্রী এনেছে তা আপনার অনুচরদের মধ্যে বিতরণ করার অনুমতি দিন। 28অনুগ্রহ করে আপনার দাসীর অপরাধ মার্জনা করুন। প্রভু পরমেশ্বর নিশ্চয়ই আপনার বংশ সুপ্রতিষ্ঠিত করবেন, কারণ প্রভুর স্বপক্ষে আপনি যুদ্ধ করছেন। 29সারা জীবন আপনি নিষ্কলঙ্ক থাকবেন। লোকে আপনার শত্রুতা করে প্রাণনাশের চেষ্টা করলেও কিছু করতে পারবে না, কারণ আপনার জীবন প্রভু পরমেশ্বরের কাছে নিরাপদে গচ্ছিত আছে। কিন্তু ফিঙ্গায় করে যেভাবে পাথর নিক্ষেপ করা হয়, ঠিক সেই ভাবে প্রভু পরমেশ্বর আপনার শত্রুদের ঈবনও নিক্ষেপ করবেন। 30প্রভু আপনার মঙ্গলের জন্য যে সব প্রতিশ্রুতি দিয়েছেন তা পূর্ণ হলে এবং তিনি আপনাকে ইসরায়েলের রাজপদে প্রতিষ্ঠিত করলে আপনার কোন দুঃখের কারণ আর থাকবে না। 31তখন অকারণ রক্তপাত ও নিজের হাতে প্রতিশোধ নেওয়ার জন্য কোন বিবেকদংশনও আপনাকে অনুভব করতে হবে না। প্রভু পরমেশ্বর আপনার মঙ্গল করবেন, সেদিন আপনার এই দাসীকে স্মরণ করবেন। 32দাউদ অবিগলকে বললেন, ধন্য প্রভু পরমেশ্বর, ইসরায়েলের আরাধ্য ঈশ্বর, যিনি আজ তোমার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটালেন। ধন্য তুমি, ধন্য তোমার সুবিবেচনা। 33তুমিই আজ রক্তপাত ও নিজের হাতে প্রতিশোধ নেওয়া থেকে আমাকে নিরস্ত করলে। 34তোমার অনিষ্ট করা থেকে যিনি আমাকে বিরত করেছেন, সেই জাগ্রত প্রভু পরমেশ্বরের দিব্য, তুমি যদি আজ অবিলম্বে এসে আমার সঙ্গে সাক্ষাৎ না করতে, তাহলে নাবলের পরিবারের একটি পুরুষও সকাল পর্যন্ত জীবিত থাকত না। 35দাউদ তাঁর জন্য আনা উপহার সামগ্রী অবিগলের কাছ থেকে গ্রহণ করলেন এবং তাঁকে বললেন, তুমি কুশলে বাড়ি ফিরে যাও। তোমার কথাই আমি মেনে নিলাম, তোমার আবেদন গ্রাহ্য করলাম।
36অবিগল নাবলের কাছে ফিরে এলেন। তখন তাঁদের বাড়িতে রাজসমারোহে পানভোজন চলছিল। নাবল অতিরিক্ত সুরা পান করে মত্ত হয়েছিলেন। সকাল না হওয়া পর্যন্ত অবিগল তাঁকে কিছুই বললেন না। 37সকালে নাবলের নেশা কেটে গেলে তাঁর স্ত্রী তাঁকে সব কথা বললেন। ব্যাপার শুনে নাবল হৃদরোগে আক্রান্ত হলেন, পক্ষাঘাতে তাঁর সর্বাঙ্গ অবশ হয়ে গেল। 38দশদিন পরে প্রভু পরমেশ্বর নাবলকে দণ্ড দিলেন, তিনি মারা গেলেন।
39মৃত্যু সংবাদ পেয়ে দাউদ বললেন, ধন্য প্রভু পরমেশ্বর নাবলের হাতে আমার অপমানের প্রতিশোধ তিনিই গ্রহণ করলেন। তিনি তাঁর এই দাসকে মন্দ কাজ করা থেকে নিবৃত্ত করলেন। নাবলের অপকর্মের প্রতিফল প্রভু তারই উপরে বর্তালেন। এর পরে দাউদ অবিগলের কাছে বিবাহের প্রস্তাব জানিয়ে লোক পাঠালেন। 40দাউদের লোকজন কারমেলে অবিগলের কাছে গিয়ে বলল, দাউদ আপনাকে বিবাহ করতে চান। আপনাকে নিয়ে যাওয়ার জন্য তিনি আমাদের পাঠিয়েছেন। 41অবিগল মাটিতে উবুড় হয়ে দাউদের উদ্দেশ্যে প্রণাম করে বললেন, প্রভু, আপনার এই দাসী আপনার সেবার জন্য প্রস্তুত। আপনি আদেশ করলে আপনার দাসদেরও আমি পা ধোয়াতে পারি। 42অবিগল তখন তাড়াতাড়ি গাধায় চড়ে পাঁচজন সহচরী সঙ্গে নিয়ে দাউদের অনুচরদের সঙ্গে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি দাউদের স্ত্রীরূপে অধিষ্ঠিত হলেন। 43দাউদ জেজরিলের অহিনোয়ামকেও বিবাহ করলেন। তাঁরা দুজনেই তাঁর স্ত্রী হলেন। 44এদিকে শৌল তাঁর কন্যা দাউদের স্ত্রী মিখলকে পল্টির সঙ্গে বিবাহ দিলেন। সে ছিল গল্লিম নিবাসী লায়িশের পুত্র।#২ শমু 3:14-16
Currently Selected:
১ শমুয়েলে 25: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.