YouVersion Logo
Search Icon

১ শমুয়েলে 24

24
দাউদের মহানুভবতা
1ফিলিস্তিনীদের তাড়িয়ে দিয়ে শৌল ফিরে এলে পর লোকে তাঁকে সংবাদ দিল যে দাউদ এনগেদির প্রান্তরে লুকিয়ে আছে। 2শৌল তখন সারা ইসরায়েলের মধ্যে থেকে তিনি হাজার লোক বেছে নিয়ে দাউদ ও তাঁর অনুচরদের সন্ধানে বুনো ছাগলের পাহাড়ের সম্মুখে গেলেন। 3পথে যেতে যেতে তিনি একটি ভেড়ার বাথানে উপস্থিত হলেন। সেখানে একটি গুহা ছিল। মলত্যাগ করার জন্য শৌল গুহামুখে ঢুকলেন। এদিকে দাউদ তাঁর অনুচরদের সঙ্গে সেই গুহারই ভিতরের দিকে বসেছিলেন।#গীত 57 (শিরোনাম); গীত 142 (শিরোনাম) 4দাউদের অনুচররা তাঁকে বলল, দেখুন, আজ সেই দিন এসেছে যে দিনের কথা উল্লেখ করে প্রভু পরমেশ্বর আপনাকে বলেছেন, আমিই তোমার শত্রুকে তোমার হাতে সমর্পণ করব, আর তুমি তার সম্পর্কে যা ভাল বুঝবে তাই করবে। এ কথা শুনে দাউদ উঠে এসে সন্তর্পণে শৌলের পোশাকের নীচের দিকের একটু অংশ কেটে নিলেন। 5কিন্তু পরে এই কাজের জন্য দাউদের মনে অনুশোচনা হতে লাগল। 6তিনি তাঁর অনুচরদের বললেন, প্রভু পরমেশ্বর না করুন, আমি যেন তাঁর অভিষিক্ত ব্যক্তি আমার প্রভুর কোন ক্ষতি না করি। তাঁর বিরুদ্ধাচরণ থেকে প্রভু পরমেশ্বর আমাকে নিবৃত্ত করুন। 7কারণ তিনি প্রভু পরমেশ্বরের অভিষিক্ত। এই কথা বলে দাউদ তাঁর অনুচরদের নিরস্ত করলেন, শৌলকে আক্রমণ করতে দিলেন না। শৌল গুহা থেকে বেরিয়ে নিজের পথে চলে গেলেন।
8পরে দাউদও উঠে গুহা থেকে বেরিয়ে এলেন এবং পিছন দিক থেকে শৌলকে ডেকে বললেন, হে রাজন, আমার প্রভু!-ডাক শুনে শৌল পিছন ফিরে তাকালেন। 9দাউদ তাঁকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তারপর তাঁকে বললেন মহারাজ, যারা বলে, দাউদ আপনার অনিষ্ট করতে চায় তাদের কথা আপনি কেন শোনেন ? 10আপনি আজ নিজের চোখেই দেখেছেন যে এই গুহার মধ্যে প্রভু আপনাকে আমার হাতে সমর্পণ করেছিলেন। কেউ কেউ আপনাকে হত্যা করার পরামর্শও আমাকে দিয়েছিল, কিন্তু আপনার উপর আমার মায়া হল, আমি বললাম, আমার প্রভুর বিরুদ্ধে আমি হাত তুলব না কারণ তিনি প্রভু পরমেশ্বরের অভিষিক্ত। 11পিতা এই দেখুন আমার হাতে আপনার পোশাকের অংশ। আপনার পোশাকের অংশ আমি কেটে নিয়েছি, কিন্তু আপনাকে হত্যা করিনি। এ থেকেই আপনি বুঝতে পারবেন যে আমার মনে বিশ্বাসঘাতকতা করার ইচ্ছা বা অনিষ্ট চিন্তা নেই। আপনার বিরুদ্ধে আমি কোন অধর্মাচরণ করিনি, যদিও আপনি আমাকে হত্যা করার জন্য শিকারীর মত ঘুরে বেড়াচ্ছেন। 12প্রভু পরমেশ্বরই আমার ও আপনার বিচার করবেন, আমার প্রতি আপনার আচরণের প্রতিফল দেবেন, কিন্তু আমি কখনও আপনার বিরুদ্ধাচরণ করব না। 13প্রাচীন প্রবাদে বলে মন্দ লোক থেকেই মন্দতার উৎপত্তি, আমার হাত কিন্তু আপনার বিরুদ্ধে কখনও উঠবে না। 14ইসরায়েলরাজ কার বিরুদ্ধে অভিযান করছেন? কার পিছনে তাড়া করছেন? একটা মরা কুকুরের পিছনে? একটা মাছির পিছনে? প্রভুই বিচারক, তিনিই আমার ও আপনার বিচার করুন।#১ শমু 26:20 15বিচারে তিনি আমার পক্ষই সমর্থন করবেন এবং আপনার হাত থেকে আমাকে উদ্ধার করবেন।
16দাউদের কথা শেষ হলে শৌল বললেন, বৎশ দাউদ, এ কি তোমার কন্ঠস্বর? 17এই বলে তিনি উচ্চরবে কাঁদতে লাগলেন। পরে তিনি আবার দাউদকে বললেন, তুমি আমার চেয়ে ধার্মিক। তুমি আমার ভাল করেছ, কিন্তু আমি তোমার অনিষ্ট করেছি। 18আমার প্রতি তোমার সদাচরণের প্রমাণ আজ তুমি দিয়েছ। প্রভু আমাকে তোমার হাতে সমর্পণ করা সত্ত্বেও তুমি আমাকে হত্যা করনি। 19কোন মানুষ তার শত্রুকে হাতের মুঠোয় পেয়েও কি তাকে নির্বিবাদে ছেড়ে দেয়? আজ তুমি আমার প্রতি যে ব্যবহার করলে তার প্রতিদানে প্রভু পরমেশ্বর তোমার মঙ্গল করবেন। 20এখন শোন, আমি জানি তুমি নিশ্চয়ই রাজা হবে। ইসরায়েল রাজা তোমার হাতেই স্থিতি লাভ করবে। 21তুমি প্রভু পরমেশ্বরের নামে আমার কাছে শপথ কর যে আমি গত হলে তুমি আমার বংশ লোপ করবে না, আমার পিতৃকুল থেকে আমার নাম উচ্ছেদ করবে না। 22দাউদ শৌলের কাছে সেই প্রতিজ্ঞাই করলেন। এরপর শৌল বাড়ি ফিরে গেলেন, আর দাউদ ও তাঁর সঙ্গীরা তাঁদের গোপন আস্তানায় চলে গেলেন।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in