১ শমুয়েলে 22
22
পর্বতগুহায় দাউদের আশ্রয় গ্রহণ
1দাউদ সেখান থেকে পালিয়ে অদুল্লামের পর্বতগুহায় এসে আশ্রয় নিলেন। তাঁর ভাইয়েরা এবং পরিবারের সকলে সে কথা জানতে পেরে তাঁর কাছে এলেন।#গীত 57 (শিরোনাম); গীত 142 (শিরোনাম) 2উৎপীড়িত, ঋণভারে জর্জরিত, বিক্ষুব্ধ সমস্ত লোক তাঁর কাছে এসে জড়ো হতে লাগল আর তিনি হলেন তাদের নায়ক। এইভাবে প্রায় চারশো লোক তাঁর সাথী হল।
3দাউদ সেখান থেকে মোয়াব দেশের মিসপাতে গিয়ে মোয়াব দেশের রাজার কাছে নিবেদন করলেন, মহারাজ, ঈশ্বর আমার জন্য কি করবেন তা যতদিন আমি জানতে না পারি ততদিনের জন্য অনুগ্রহ করে আমার মাতাপিতাকে আপনার কাছে আশ্রয় দিন। 4দাউদ তাদের মোয়াব রাজের কাছে এনে রাখলেন। দাউদ যতদিন ঐ দুর্গম নিরাপদ স্থানে ছিলেন, ততদিন তাঁরা রাজার আশ্রয়ে থাকলেন। 5পরে গাদ নামে একজন নবী দাউদকে বললেন, তুমি আর এই দুর্গম স্থানে থেক না, এ স্থান ত্যাগ করে যিহুদীয়া দেশে চলে যাও। দাউদ তখন সেই স্থান ত্যাগ করে হেরথ বনাঞ্চলে চলে গেলেন।
শৌলের নির্দেশে পুরোহিত বধ
6শৌল শুনতে পেলেন যে দাউদ ও তাঁর লোকজনের সন্ধান পাওয়া গিয়েছে। শৌল তখন গিবিয়ায় এক টিলার উপরে#22:6 গ্রীক দেবস্থানে একটি ঝাউগাছের তলায় বসেছিলেন।তাঁর হাতে বর্শা ছিল এবং তাঁর অনুচরেরা তাঁকে ঘিরে দাঁড়িয়েছিল। 7তিনি তাদের সম্বোধন করে বললেন, হে বিন্যামীনকুলের লোক, তোমরা সকলে শোন, যিশয়ের পুত্র কি তোমাদের প্রত্যেককে জমিজমা ও আঙ্গুরক্ষেত দেবে? সে কি তোমাদের সকলকেই সহস্র সৈন্যের বা শত সৈন্যের নায়ক করে দেবে? 8এই জন্যই কি তোমরা সকলে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছ? যিশয়ের পুত্রের সঙ্গে আমার পুত্র মৈত্রী সম্বন্ধ স্থাপন করেছে, সে কথা আমাকে কেউ জানায়নি, আমার পুত্র যে আজ আমার বিরুদ্ধে চক্রান্ত করার জন্য আমারই কর্মচারীকে উস্কানি দিচ্ছে, তাতে আমার জন্য কারও কোন দুঃখ নেই বা কেউ সে কথা আমাকে জানায় না। 9ইদোমের অধিবাসী দোয়েগ সেই সময়ে শৌলের পারিষদের কাছে দাঁড়িয়েছিল। সে বলল, আমি যিশয়ের পুত্রকে অহিটুবের পুত্র অহিমেলকের কাছে নোবের দিকে যেতে দেখেছি।#১ শমু 21:7-9; গীত 52 (শিরোনাম) 10সে দাউদের জন্য প্রভু পরমেশ্বরের নির্দেশ জানতে চেয়েছিল, তাকে খাদ্য দিয়েছিল, ফিলিস্তিনী গলিয়াতের তরবারিটাও সে তাকে দিয়েছে।
11তখন রাজা লোক পাঠিয়ে অহিটুবের পুত্র অহিমেলক এবং তাঁর পিতৃকুলের সমস্ত লোক যারা নোবে পুরোহিতের কাজ করত তাদের সকলকে ডেকে আনালেন। 12-13তারা সকলে রাজার কাছে এলেন। শৌল তখন বললেন, হে অহিটুবের পুত্র, শোন। তিনি উত্তর দিলেন, আদেশ করুন মহারাজ। শৌল তাঁকে বললেন, তুমি ও যিশয়ের পুত্র আমার বিরুদ্ধে কেন ষড়যন্ত্র করেছ? তুমি তাকে রুটি ও তরবারি দিয়েছ, তার জন্য ঈশ্বরের নির্দেশ জানতে চেয়েছ, ফলে সে আজ আমার বিরুদ্ধে গিয়ে চক্রান্ত করছে। 14অহিমেলক রাজাকে উত্তর দিলেন, মহারাজ, আপনার সমস্ত কর্মচারীর মধ্যে দাউদের মত বিশ্বস্ত কে? তিনি তো মহারাজের জামাতা, আপনার পার্শ্বচর সৈন্যদলের নায়ক এবং আপনার পরিবারের একজন সম্ভ্রান্ত ব্যক্তি। 15আমি কি এই প্রথমবার তার জন্য ঈশ্বরের নির্দেশ জানতে চেয়েছি? কখনই নয়। মহারাজ, আপনার এই দাস ও তার সমস্ত পিতৃকুলকে এর জন্য দোষী করবেন না, কারণ আপনার এই দাস এ ব্যাপারের কিছুই জানে না। 16কিন্তু রাজা বললেন, শোন অহিমেলক, তোমার ও তোমার বংশের সমস্ত লোকের মৃত্যু সুনিশ্চিত। 17রাজা তাঁর কাছে দাঁড়িয়ে থাকা দেহরক্ষীদের বললেন, প্রভু পরমেশ্বরের এই পুরোহিতদের বধ কর। এরা দাউদের সাহায্যকারী, তার পালিয়ে যাওয়ার কথা জেনেও এরা সে কথা আমাকে জানায়নি। কিন্তু রাজার কর্মচারীদের কেউ প্রভু পরমেশ্বরের পুরোহিতদের উপর হস্তক্ষেপ করতে রাজী হল না। 18তখন রাজা দোয়েগকে বললেন, তুমি এই পুরোহিতদের আক্রমণ কর। ইদোমী দোয়েগ তখন ঘুরে দাঁড়িয়ে পুরোহিতদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাদের পঁচাশি জনকে সেদিন হত্যা করল। 19তাদের সকলের পরণে ক্ষৌমবস্ত্রের এফোদ ছিল। সেই পুরোহিতদের বাসস্থান নোব নগর আক্রমণ করে সে সেখানকার স্ত্রী, পুরুষ, বালক বালিকা, দুগ্ধপোষ্য শিশু, গরু, গাধা, ভেড়া নির্বিশেষে সকলকেই বধ করল।
20কিন্তু অহিটুবের পুত্র অহিমেলকের পুত্রদের মধ্যে একজন কোনক্রমে রক্ষা পেয়ে দাউদের কাছে পালিয়ে গেল। 21তার নাম অবিয়াথর। তিনি দাউদকে সংবাদ দিলেন যে শৌল প্রভু পরমেশ্বরের পুরোহিতদের বধ করেছেন। 22দাউদ অবিয়াথরকে বললেন, ইদোমী দোয়েগকে সেখানে দেখে আমি সেইদিনই বুঝেছিলাম যে সে নিশ্চয়ই শৌলকে সংবাদ দেবে। আমিই তোমার পিতৃকুলের সকলের প্রাণনাশের কারণ। 23যাই হোক, তোমার কোন ভয় নেই, তুমি আমার কাছে থাক। যে আমার প্রাণনাশের চেষ্টা করছে, সে তোমারও প্রাণনাশের চেষ্টা করছে। কিন্তু আমার কাছে তুমি নিরাপদে থাকবে।
Currently Selected:
১ শমুয়েলে 22: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.