পরমগীত 5
5
1প্রিয়া আমার, কনে আমার,
আমি আমারই বাগানে এসেছি;
আমার গন্ধরস ও সুগন্ধি মশলা আমি জোগাড় করেছি।
আমার মৌচাক ও মধু আমি খেয়েছি,
খেয়েছি আংগুর-রস ও দুধ।
বন্ধুদের কথা:
ভোগ কর, হে বন্ধুরা, ভোগ কর,
ভালবাসা পরিপূর্ণভাবে ভোগ কর।
প্রিয়ার কথা:
2আমি ঘুমিয়ে ছিলাম, কিন্তু আমার অন্তর জেগে ছিল।
ঐ শোন, আমার প্রিয় দরজায় ঘা দিয়ে বলছেন,
“কনে আমার, প্রিয়া আমার,
আমার ঘুঘু, আমার নিখুঁত সেই জন,
আমাকে দরজা খুলে দাও।
শিশিরে আমার মাথা ভিজে গেছে,
রাতের কুয়াশায় ভিজেছে আমার চুল।”
3আমি মনে মনে বললাম, “আমার পোশাক আমি খুলে ফেলেছি,
কেমন করে আবার তা পরব?
আমি আমার পা ধুয়েছি,
কেমন করে তা আবার নোংরা করব?”
4দরজার ফুটো দিয়ে আমার প্রিয় তাঁর হাত ঢুকালেন,
আমার মন তাঁর জন্য ব্যাকুল হল।
5আমার প্রিয়কে দরজা খুলে দেওয়ার জন্য আমি উঠলাম,
আমার হাত গন্ধরসে ভেজা ছিল,
আমার আংগুল থেকে গন্ধরসের স্রোতে
দরজার হাতল ভিজে গেল।
6আমার প্রিয়ের জন্য আমি দরজা খুললাম,
কিন্তু আমার প্রিয় ছিলেন না, চলে গিয়েছিলেন।
তিনি যখন কথা বলেছিলেন
তখন দুঃখে আমার মন গলে গিয়েছিল।
আমি তাঁর খোঁজ করলাম, কিন্তু পেলাম না;
আমি তাঁকে ডাকলাম, কিন্তু তিনি সাড়া দিলেন না।
7পাহারাদারেরা শহরে ঘুরে ঘুরে পাহারা দেবার সময়
আমাকে দেখতে পেল;
তারা আমাকে মারল, তাতে কালশিরা পড়ে গেল;
শহর-দেয়ালের পাহারাদারেরা আমার গায়ের চাদর কেড়ে নিল।
8হে যিরূশালেমের মেয়েরা, আমি তোমাদের অনুরোধ করছি,
যদি তোমরা আমার প্রিয়ের দেখা পাও
তবে তাঁকে বোলো যে, আমি ভালবাসায় দুর্বল হয়েছি।
বন্ধুদের কথা:
9ওহে সেরা সুন্দরী,
অন্যদের চেয়ে তোমার প্রিয় কিসে ভাল?
তোমার প্রিয় অন্যদের চেয়ে কিসে ভাল যে,
তুমি এইভাবে আমাদের অনুরোধ করছ?
প্রিয়ার কথা:
10আমার প্রিয়ের চেহারা উজ্জ্বল,
লাল্চে তাঁর গায়ের রং;
দশ হাজার জনের মধ্যে তিনি বিশেষ একজন।
11তাঁর মাথা খাঁটি সোনার মত,
তাঁর চুল ঢেউ খেলানো আর দাঁড়কাকের মত কালো;
12তাঁর চোখ স্রোতের ধারে থাকা এক জোড়া ঘুঘুর মত,
যা দুধে ধোওয়া, রত্নের মত বসানো।
13তাঁর গাল দু’টা যেন সুগন্ধি মশলার বীজতলা,
যেখান থেকে সুগন্ধ বের হচ্ছে।
তাঁর ঠোঁট দু’টা যেন গন্ধরস ঝরা লিলি ফুল।
14তাঁর হাত দু’টা যেন বৈদূর্যমণি বসানো সোনার লাঠি,
আর দেহখানা নীলকান্তমণিতে সাজানো,
পালিশ করা হাতির দাঁতের মত।
15তাঁর ঊরু দু’টা যেন খাঁটি সোনার ভিত্তির উপর বসানো
মার্বেল পাথরের থাম।
তাঁর ধরন লেবাননের উঁচু পাহাড়ের মত,
লেবাননের বাছাই করা এরস গাছের মত জাঁকালো।
16তাঁর মুখখানা খুব মিষ্টি,
তাঁর সবই সুন্দর।
হে যিরূশালেমের মেয়েরা,
উনিই আমার প্রিয়, আমার বন্ধু।
বন্ধুদের কথা:
Currently Selected:
পরমগীত 5: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000