YouVersion Logo
Search Icon

পরমগীত 4

4
1প্রিয়া আমার, কি সুন্দরী তুমি!
হ্যাঁ, তুমি সুন্দরী।
ঘোমটার মধ্যে তোমার চোখ দু’টা ঘুঘুর মত।
তোমার চুল যেন গিলিয়দ পাহাড় থেকে
নেমে আসা ছাগলের পাল।
2তোমার দাঁতগুলো এমন ভেড়ীর পালের মত
যারা এইমাত্র লোম ছাটাই হয়ে স্নান করে এসেছে।
তাদের প্রত্যেকটারই জোড়া আছে,
কোনটাই হারিয়ে যায় নি!
3তোমার ঠোঁট দু’টা লাল রংয়ের সুতার মত লাল;
কি সুন্দর তোমার মুখ!
ঘোমটার মধ্যে তোমার কপালের দু’পাশ যেন আধখানা করা ডালিম।
4তোমার গলা যেন দায়ূদের উঁচু পাহারা-ঘরের মত লম্বা;
তাতে ঝুলানো রয়েছে এক হাজার ঢাল,
তার সবগুলোই যোদ্ধাদের।
5তোমার বুক দু’টা যেন লিলি ফুলের বনে চরে বেড়ানো
কৃষ্ণসারের যমজ বাচ্চা।
6যতক্ষণ না ভোর হয় আর অন্ধকার চলে যায়
ততক্ষণ আমি গন্ধরসের পাহাড়ে, হ্যাঁ, ধূপের পাহাড়ে থাকব।
7প্রিয়া আমার, তোমার দেহের সব কিছুই সুন্দর,
তোমার মধ্যে কোন খুঁত নেই।
8বিয়ের কনে আমার, লেবানন থেকে আমার সংগে এস,
আমারই সংগে লেবানন থেকে এস।
অমানার চূড়া থেকে, শনীর ও হর্মোণ পাহাড়ের উপর থেকে,
সিংহের গর্ত থেকে, চিতাবাঘের পাহাড়ী বাসস্থান থেকে
তুমি নেমে এস।
9প্রিয়া আমার, কনে আমার, তুমি আমার মন চুরি করেছ;
তোমার এক পলকের চাহনি দিয়ে,
তোমার গলার হারের একটা মণি দিয়ে
তুমি আমার মন চুরি করে নিয়েছ।
10প্রিয়া আমার, কনে আমার,
তোমার ভালবাসা কত আনন্দ দেয়!
আংগুর-রসের চেয়ে তোমার ভালবাসা,
আর সমস্ত মশলার চেয়ে তোমার সুগন্ধির সুন্দর গন্ধ
আরও কত না বেশী ভাল!
11কনে আমার, তোমার ঠোঁট থেকে
ফোঁটা ফোঁটা মধু ঝরে।
তোমার জিভের তলায় আছে দুধ আর মধু;
তোমার কাপড়ের গন্ধ লেবাননের বনের গন্ধের মত।
12প্রিয়া আমার, কনে আমার,
তুমি যেন দেয়াল-ঘেরা একটা বাগান;
তুমি যেন আট্‌কে রাখা ফোয়ারা, বন্ধ করে রাখা ঝরণা।
13তুমি যেন সুন্দর একটা ডালিমের বাগান;
সেখানে আছে ভাল ভাল ফল,
মেহেদী আর সুগন্ধি লতা।
14আছে জটামাংসী, জাফরান, বচ, দারচিনি
আর সব রকম ধূপের গাছ;
সেখানে আছে গন্ধরস, অগুরু
আর সব চেয়ে ভাল নানা রকম সুগন্ধি মশলা।
15তুমি যেন বাগানের ফোয়ারা,
যেন উপ্‌চে পড়া জলের কূয়া,
যেন লেবানন থেকে নেমে আসা স্রোত।
প্রিয়ার কথা:
16উত্তুরে হাওয়া জাগো, এসো দখিনা বাতাস।
আমার বাগানের উপর দিয়ে বয়ে যাও
যাতে তার সুগন্ধ ছড়িয়ে পড়ে।
আমার প্রিয় যেন তাঁর বাগানে এসে
তার ভাল ভাল ফল খান।
প্রিয়ের কথা:

Currently Selected:

পরমগীত 4: SBCL

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in