YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 63

63
দায়ূদের একটা গান। তিনি যখন মরু-এলাকায় ছিলেন গানটা সেই সময়কার।
1হে ঈশ্বর, তুমি আমারই ঈশ্বর, আমি আগ্রহের সংগে তোমাকে ডাকছি;
এই শুকনা জলহীন দেশে,
যার ফসল দেওয়ার শক্তি পর্যন্ত ফুরিয়ে গেছে,
সেখানে তোমার জন্য আমার প্রাণ পিপাসিত,
তোমার জন্য আমার দেহ ব্যাকুল হয়ে উঠেছে।
2এই ভাব নিয়েই সেই পবিত্রস্থানে আমি তোমাকে দেখেছি,
দেখেছি তোমার শক্তি ও গৌরব।
3তোমার অটল ভালবাসা পাওয়া বেঁচে থাকার চাইতেও ভাল;
আমার মুখ তোমার গৌরব করবে।
4আমি সারা জীবন তোমার প্রশংসা করব;
তোমার উদ্দেশে আমি হাত তুলে প্রার্থনা করব।
5মাংস ও মজ্জায় তৃপ্ত হওয়া লোকের মতই আমার প্রাণ তৃপ্ত;
আমার মুখ মহা আনন্দে তোমার প্রশংসা-গান করবে।
6বিছানায় শুয়ে আমি তোমার কথা ভাবি,
রাতের প্রহরে প্রহরে তোমার বিষয় ধ্যান করি;
7কারণ তুমিই আমার সাহায্যকারী;
তোমার ডানার ছায়ায় আমি গান করি।
8আমার প্রাণ তোমাকে আঁকড়ে ধরেছে;
তোমার ডান হাত আমাকে ধরে রেখেছে।
9যারা আমার জীবন শেষ করার খোঁজে থাকে
তারা পৃথিবীর তলায় সবচেয়ে নীচু জায়গায় নেমে যাবে।
10তলোয়ারের মুখে তাদের তুলে দেওয়া হবে;
তারা হবে শিয়ালের খাবার।
11রাজা কিন্তু ঈশ্বরকে নিয়ে আনন্দ করবেন;
যারা ঈশ্বরের নামে শপথ করে
তারা সবাই তাঁকে নিয়েই গর্ব করবে;
কিন্তু মিথ্যাবাদীদের মুখ বন্ধ করে দেওয়া হবে।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in