গীতসংহিতা 41
41
গান পরিচালকের সংকলনের জন্য। দায়ূদের গান।
1ধন্য সেই লোক, যার মনে অসহায়দের জন্য চিন্তা রয়েছে;
দুর্দিনে সদাপ্রভু তাকে উদ্ধার করবেন।
2সদাপ্রভু তাকে রক্ষা করবেন ও বাঁচিয়ে রাখবেন;
দেশে সে সুখী হবে।
তার শত্রুদের হাতে তিনি তাকে তুলে দেবেন না।
3সে অসুস্থ হয়ে যখন বিছানায় পড়বে
তখন সদাপ্রভু তাকে সান্ত্বনা দেবেন;
রোগীর বিছানা থেকে তিনি তাকে তুলে আনবেন।
4আমি বললাম, “হে সদাপ্রভু,
আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি;
আমাকে দয়া কর, আমাকে সুস্থ কর।”
5আমার শত্রুরা আমার অমংগল চেয়ে বলে,
“ও কখন মরবে?
কখন ওর নাম মুছে যাবে?”
6তাদের কেউ আমাকে দেখতে আসলে
আমার সংগে ভণ্ডামির কথা বলে;
আমার বিরুদ্ধে তারা নিন্দার কথা জোগাড় করে
আর বাইরে গিয়ে তা বলে বেড়ায়।
7যারা আমাকে ঘৃণা করে তারা আমার বিরুদ্ধে কানাকানি করে
আর আমার অনিষ্টের চিন্তা করে।
8তারা বলে, “ওর উপর ভয়ানক খারাপ কিছু চেপে বসেছে,
যেখানে ও শুয়ে আছে সেখান থেকে আর উঠবে না।”
9এমন কি, যে আমার প্রাণের বন্ধু,
যার উপর আমার এত বিশ্বাস,
যে আমার সংগেই খাওয়া-দাওয়া করে,
সে-ও আমার বিরুদ্ধে পা উঠিয়েছে।
10কিন্তু তুমি, হে সদাপ্রভু, আমার উপর দয়া কর;
আমাকে তোলো, যাতে আমি তাদের উপর শোধ নিতে পারি।
11আমি জানি তুমি আমার উপর সন্তুষ্ট,
কারণ শত্রু আমার বিরুদ্ধে জয়ের হাঁক আর দেয় না।
12আমার সততার জন্য তুমি আমাকে ধরে রেখেছ;
তুমি চিরকালের জন্য আমাকে
তোমার সামনে স্থাপন করেছ।
13প্রথম থেকে শেষ পর্যন্ত
ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর গৌরব হোক।
আমেন, আমেন।
Currently Selected:
গীতসংহিতা 41: SBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000