YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 40

40
গান পরিচালকের সংকলনের জন্য। দায়ূদের গান।
1আমি ধৈর্য ধরে সদাপ্রভুর জন্য অপেক্ষা করছিলাম।
তিনি আমার কথায় কান দিলেন, আমার কান্না শুনলেন।
2তিনি আমাকে তুলে আনলেন
কাত্‌রানিতে ভরা গর্ত থেকে,
সেই পাঁকে ভরা গর্ত থেকে।
তিনি আমাকে পাথরের উপরে দাঁড় করালেন
আর শক্ত মাটির উপর হাঁটতে দিলেন।
3তিনি আমার মুখে দিলেন নতুন গান,
আমাদের ঈশ্বরের প্রশংসা-গান।
অনেকের চোখেই তা পড়বে
আর তাদের মনে ভক্তিপূর্ণ ভয় জাগবে;
তারা সদাপ্রভুর উপর নির্ভর করবে।
4ধন্য সেই লোক,
যে সদাপ্রভুর উপর নির্ভর করে,
যে তাদের দিকে ফেরে না
যারা অহংকারী আর মিথ্যার মধ্যে থাকে।
5হে আমার ঈশ্বর সদাপ্রভু,
অসংখ্য তোমার আশ্চর্য কাজ!
কেমন পরিকল্পনা করেছ আমাদের জন্য!
আমি তা ঘোষণা করতে গেলে, বলতে গেলে,
কখনও শেষ হবে না।
কে আছে তোমার মত?
6পশু ও অন্যান্য উৎসর্গ তুমি চাও না,
পোড়ানো ও পাপ-উৎসর্গেও তোমার দরকার নেই;
কিন্তু তোমার কথা শোনার কান তুমি আমাকে দিয়েছ।
7সেজন্য আমি বলেছিলাম, “এই যে আমি এসেছি;
শাস্ত্রে আমার আসার বিষয় লেখা আছে।
8হে আমার ঈশ্বর, তোমার ইচ্ছামত চলাই আমার আনন্দ;
তোমার সব নির্দেশ আমার অন্তরে আছে।”
9হে সদাপ্রভু, মহাসভার মধ্যে
তোমার ন্যায় কাজের বিষয় আমি প্রচার করি;
তুমি তো জান, আমি মুখ বন্ধ করে থাকি না।
10তোমার ন্যায় কাজের কথা
আমার অন্তরে আমি লুকিয়ে রাখি না;
আমি তোমার বিশ্বস্ততা ও উদ্ধার-কাজের কথা বলে থাকি;
তোমার অটল ভালবাসা ও তোমার বিশ্বস্ততার কথা
মহাসভার কাছে আমি গোপন করি না।
11হে সদাপ্রভু, আমার প্রতি তোমার মমতা দেখাতে
তুমি অস্বীকার কোরো না;
তোমার অটল ভালবাসা ও বিশ্বস্ততা
যেন সব সময় আমাকে রক্ষা করে;
12কারণ অসংখ্য বিপদ আমাকে ঘিরে ধরেছে;
পাপ আমার পিছনে তাড়া করে
আমার উপরে এসে পড়েছে।
আমি দেখতে পাচ্ছি না;
সংখ্যায় সেগুলো আমার মাথার চুলের চেয়েও বেশী;
সাহস বলতে আমার আর কিছু নেই।
13হে সদাপ্রভু, দয়া করে আমাকে বাঁচাও;
হে সদাপ্রভু, আমাকে সাহায্য করতে শীঘ্র এস।
14যারা আমাকে মেরে ফেলার চেষ্টায় আছে
তারা সবাই লজ্জিত ও অপমানিত হোক;
যারা আমার সর্বনাশ দেখতে চায়
তারা মাথা নীচু করে ফিরে যাক।
15যারা আমাকে দেখে বলে, “বেশ হয়েছে!”
তারা লজ্জা পেয়ে ফিরে যাক।
16কিন্তু যারা তোমার ইচ্ছামত চলে
তারা তোমাকে নিয়েই আনন্দিত ও খুশী হোক;
যারা তোমার করা উদ্ধারের কাজ ভালবাসে
তারা সব সময়েই বলুক, “সদাপ্রভুর গৌরব হোক!”
17আমি দুঃখী ও অভাবী,
কিন্তু আমার বিষয়ে প্রভুই চিন্তা করেন।
আমার ঈশ্বর, তুমি দেরি কোরো না;
তুমিই তো আমার সাহায্যকারী ও উদ্ধারকর্তা।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 40